মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৭ পি.এম
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, বাংলাদেশ পিপিআর এবং এফএমডি রোগের নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তবে, ট্রান্স বাউন্ডারি অ্যানিম্যাল ডিজিজের কারণে এসব রোগের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ এবং নির্মূলের জন্য একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এই লক্ষ্য অর্জনের জন্য ডব্লিউওএএইচ, এফএও, উন্নয়ন সহযোগী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে টেকসই অর্থায়ন, কারিগরি সহায়তা ও শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘এফএও গ্লোবাল কনফারেন্স ফর অ্যাকশন অন ওয়ান হেলথ ইন এ্যাগ্রোফুড সিস্টেমস’ এর সাইড ইভেন্টে ‘ওয়ান হেলথ এবং সীমান্ত অতিক্রমকারী প্রাণীরোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের মাধ্যমে কৃষি-খাদ্য ব্যবস্থার রূপান্তর’ শীর্ষক আলোচনায় তিনি আজ এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় আরও কার্যকর টিকাদান ও সক্রিয় নজরদারির সুপারিশ করেছে। বাংলাদেশ এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ছাগল-ভেড়ার ভাইরাসজনিত রোগ পিপিআর মুক্ত মর্যাদা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ডব্লিউওএএইচ-এর বৈশ্বিক কৌশল এবং ২০২৪-২০২৮ মেয়াদের জাতীয় কৌশলগত পরিকল্পনার আওতায় বাংলাদেশ দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে। নজরদারি কার্যক্রমে কোনো প্রাদুর্ভাব শনাক্ত না হওয়ায় বাংলাদেশ ২০২৫ সালের সেপ্টেম্বরে ডব্লিউওএএইচ-এর কাছে পিপিআর নির্মূল কর্মসূচির ডসিয়ার জমা দিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ প্রগ্রেসিভ কন্ট্রোল পাথওয়ে অনুসরণ করে ২০২৫-২০২৮ মেয়াদে এফএমডি নিয়ন্ত্রণ কৌশল প্রণয়ন করেছে। ইতোমধ্যে লক্ষ্যভিত্তিক এফএমডি টিকাদানের ছয়টি ধাপ সম্পন্ন হয়েছে এবং সপ্তম ধাপ বর্তমানে চলমান রয়েছে।
তিনি বলেন, নিরাপদ ও টেকসই মাংস রপ্তানির ভিত্তি গড়ে তুলতে এফএমডিমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া, তিনি আরও জানান, এফএও-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ এফএমডির জন্য একটি ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন এবং প্রাণীরোগ প্রাদুর্ভাব তদন্ত ও প্রতিক্রিয়া বিষয়ক একটি ফিল্ড ম্যানুয়াল প্রণয়ন করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় এফএমডি নিয়ন্ত্রণ কৌশল ২০২৫-২০২৮ এবং পিপিআর নির্মূলের জাতীয় কৌশলগত পরিকল্পনা ২০২৪-২০২৮ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে।
প্রতিমন্ত্রী বলেন, এফএমডির এসএটি-১ সেরোটাইপের বিস্তার নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। যদিও বাংলাদেশে এই সেরোটাইপ এখনও শনাক্ত হয়নি, তবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সীমান্ত পারাপার, প্রাণিসম্পদের চলাচল, প্রাণিসম্পদ-সম্পর্কিত উপকরণ আমদানি এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রাণীর বর্ধিত চলাচলের মাধ্যমে এর প্রবেশের ঝুঁকি রয়েছে।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন তানজানিয়ার প্রধানমন্ত্রী মুইগুলু লামেক নচেম্বা, চাদের প্রাণিসম্পদ মন্ত্রী আবদেরাহিম আওয়াত আবেইথ, ক্যামেরুনের প্রাণিসম্পদ, মৎস্য ও প্রাণী শিল্পবিষয়ক মন্ত্রী তাইগা, নাইজেরিয়ার প্রাণিসম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রী ইদি মুখতার মাইহা, মঙ্গোলিয়ার খাদ্য, কৃষি ও হালকা শিল্প মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি জামবালসেরেন তুমুর-উয়া, আফ্রিকান ইউনিয়ন কমিশনের ড. ওয়ার্কনেহ গেবেয়েহু, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মার্টিন সেলমায়ার প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর ২০২৬ : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, বিশ্বব্যাংকের সহযোগিতাকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক অংশীদারিত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেছেন বলেও জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের বাসাইল জিসি-কাউলজানী সড়কে এলজিইডির প্রায় ১০ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি। অভিযোগ রয়েছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাউকে না জানিয়ে সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের কাজ চালান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয় এবং মোবাইল ফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনা জানাজানির পর সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটিও।
সর্বশেষ আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্তদের একজন ও সাব-ঠিকাদার শাহ আলমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদার এস এম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সাব-ঠিকাদারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। এছাড়া মূল ঠিকাদার এস এম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভায় সিলেটের উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় তিনি সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কথা জানান। এর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ প্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীত মৌসুম থেকে কাজ শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।
এ ছাড়া সিলেটের স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ শয্যার হাসপাতাল চালুর বিষয়েও সরকারের উদ্যোগের কথা আগেই জানিয়েছেন মন্ত্রী। সিলেটের স্বাস্থ্যসেবায় বিদ্যমান ঘাটতি কমাতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা-সিলেট মহা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান জানিয়েছেন, গাজা বর্তমানে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে ঘটেছে।
গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে রয়েছে হাজার হাজার নিষ্পাপ শিশু। আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবের কারণে পুরো উপত্যকাটি আজ ধ্বংসের সম্মুখীন হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, সুদান, ইউক্রেন, মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি গাজায় চলমান আগ্রাসন জনপদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে সেখানে অতি প্রয়োজনীয় মানবিক সহায়তার মাত্র সামান্য অংশই পৌঁছানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।
তিনি আরও বলেন, সংকটগুলোর ভৌগোলিক বা রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু জাতিসংঘের সনদের আওতায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার অঙ্গীকার কখনোই আলাদা হতে পারে না।
বিশ্ববাসীর আস্থা ধরে রাখতে হলে আন্তর্জাতিক মানবিক আইন, মানবাধিকারের নীতি এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক বা সুবিধাজনকভাবে প্রয়োগ করা যাবে না, উল্লেখ করে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ