ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চীন ইরানকে অস্ত্র দিলে ‘খুবই হতাশ’ হবেন ট্রাম্প


চীন ইরানকে অস্ত্র দিলে ‘খুবই হতাশ’ হবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তিনি ‘খুবই হতাশ’ হবেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তাকে ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছেন যে বেইজিং তেহরানের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান চীনে তৈরি কাঁধে বহনযোগ্য সর্বোচ্চ ৪০০টি ক্ষেপণাস্ত্র পেতে পারে। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটা হলে সত্যিই অবাক হওয়ার মতো হবে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রেসিডেন্ট শি আমাকে খুব জোর দিয়ে বলেছেন, তিনি এতে অংশ নেবেন না। আর তিনি জানেন, এমন কিছু হলে আমি খুবই হতাশ হব।’ এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত একটি গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, চীন ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

এমন সময় এই তথ্য সামনে আসে, যখন তেহরান বিদেশি অংশীদারদের সহায়তায় নিজেদের সামরিক সক্ষমতা আবার শক্তিশালী করার চেষ্টা করছে।

গত সপ্তাহেও ট্রাম্প একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। তখন তিনি চীন ও রাশিয়াকে ইরানে অস্ত্র না পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, শি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—দুজনই তাকে আশ্বাস দিয়েছেন যে তাদের কোনো দেশই বর্তমানে ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চীন ও রাশিয়া—দুই দেশই ইরানে অস্ত্র পাঠানো থেকে বিরত রয়েছে।

তিনি আরো লেখেন, ‘ইরানের বিষয়ে যেসব বড় দেশের নাম প্রায়ই বলা হয়, আমার বিশ্বাস তারা কেউই এতে জড়িত নয়।’ একই পোস্টে ট্রাম্প বলেন, ‘যদি তারা ইরানকে অস্ত্র দিত, তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হতো। এটি তাদের নিজেদের স্বার্থেও থাকত না।’

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার পর নতুন একটি বিষয় নিয়ে তদন্ত করছে ওয়াশিংটন। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, রাশিয়া ও চীনের গোয়েন্দা সংস্থাগুলো হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে কোনো তথ্য বা সহায়তা দিয়েছে কি না।

আরও পড়ুন: লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ

ট্রাম্প জানান, মে মাসে বেইজিং সফরের সময় প্রেসিডেন্ট শি তাকে স্পষ্টভাবে বলেছিলেন, কোনো পরিস্থিতিতেই চীন ইরানকে অস্ত্র দেবে না। তিনি বলেন, ‘আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথাই বিশ্বাস করি।’ ট্রাম্প আরো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের আশ্বাস দিয়েছেন।

তার ভাষ্য, পুতিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির নীতিও ভালোভাবে বোঝেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করি না। আমি ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করি। তারা পুরো দাম পরিশোধ করে। এরপর সেই অস্ত্র কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

শেষে আবারও শি চিনপিং ও ভ্লাদিমির পুতিনের আশ্বাসের ওপর নিজের আস্থার কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি বলেছেন তিনি এতে অংশ নেবেন না। প্রেসিডেন্ট পুতিনও একই কথা বলেছেন। আমি তাদের বিশ্বাস করি।’ এরপর তিনি যোগ করেন, ‘আমার মনে হয় না তারা চাইবেন যে আমি হতাশ হই।’

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক!

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ এম


মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক!

বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের চিহ্নিত মাদক কারবারি 'গাঁজা রফিক'-এর স্ত্রী ও একাধিক মাদক মামলার আসামি আনু বেগম কর্তৃক অনলাইন নিউজ পোর্টাল 'তালাশ বিডি'-র সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলামকে মুঠোফোনে মাদক ও অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই হুমকির ঘটনা ঘটে।

অনুসন্ধানে জানা যায়, পূর্বে প্রকাশিত সংবাদ এবং বিচারাধীন একটি মামলাকে কেন্দ্র করেই এই হুমকির জন্ম। গত ২১ জানুয়ারি সন্ধ্যা ৬:১৫ মিনিটে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন সংগ্রাম রাস্তায় সাংবাদিক মাছুদুর রহমান আসলামের মোটরসাইকেলের গতিরোধ করে একদল চিহ্নিত অপরাধী। ওই দলে উপস্থিত ছিল এলাকার শীর্ষ সন্ত্রাসী নাক কাটা রুবেল, মাইনুল ফকির, 'ইতালি শহীদ'-এর সহযোগী তাপস, গাঁজা রফিক, তুহিন এবং কালাম মেম্বারসহ আরও কয়েকজন।

সে সময় সন্ত্রাসী নাক কাটা রুবেল, মাইনুল ও তাপস অস্ত্র উঁচিয়ে সাংবাদিক আসলামের মাথায় ঠেকিয়ে হত্যার ভয় দেখায়। তারা নাক কাটা রুবেলের বিরুদ্ধে পূর্বে প্রকাশিত সকল সংবাদ অনলাইন থেকে মুছে ফেলার নির্দেশ দেয় এবং ভবিষ্যতে তাদের কোনো অপরাধের খবর প্রকাশ না করার জন্য চূড়ান্ত হুমকি প্রদান করে।

উক্ত প্রাণনাশের হুমকির পর সাংবাদিক মাছুদুর রহমান আসলাম তার পত্রিকা সম্পাদকের সাথে পরামর্শ করে বরিশাল তৃতীয় যুগ্ম ম্যাজিস্ট্রেট আদালতে ‘দ্রুত বিচার আইনে’ একটি নালিশি দরখাস্ত দায়ের করেন। বিজ্ঞ বিচারক প্রাথমিক শুনানি ও ঘটনার বিবরণ দেখে সত্যতা অনুধাবন করেন এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) ঘটনাটি সরাসরি এজাহার বা এফআইআর (FIR) হিসেবে রুজু করার নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি তাপস ও মাইনুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরবর্তীতে ঘটনার দীর্ঘ তদন্ত শেষে কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজিব দাস সনেট অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়ে আদালতে মামলার চূড়ান্ত চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

আদালতে চার্জশিট দাখিল ও আসামিদের কারাবরণের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে অপরাধী চক্রটি। এর জের ধরেই গতকাল রাতে গাঁজা রফিকের স্ত্রী আনু বেগম মুঠোফোনে সাংবাদিক মাছুদুর রহমান আসলামের সাথে যোগাযোগ করেন। তিনি স্পষ্ট জানান, আদালত থেকে মামলা উঠিয়ে না নিলে তাকে বড় ধরনের মাদক ও অবৈধ অস্ত্রের মামলায় জড়িয়ে চিরতরে ফাঁসিয়ে দেওয়া হবে।

পরপর এমন প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। প্রতিনিয়ত হুমকির মুখে সাংবাদিক আসলাম বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি পুনরায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নগরীর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জন্মহার হ্রাস

৪২ বছরের মধ্যে প্রথমবার ১২ কোটির নিচে জাপানের জনসংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৭ এম


৪২ বছরের মধ্যে প্রথমবার ১২ কোটির নিচে জাপানের জনসংখ্যা

দীর্ঘদিন ধরে নিম্ন জন্মহার এবং দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির প্রভাবের ফলে জাপানে বসবাসকারী দেশটির নাগরিকের সংখ্যা ৪২ বছরের মধ্যে প্রথমবারের মতো ১২ কোটির নিচে নেমে এসেছে।

বুধবার দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সংবাদ সংস্থা কিয়োডো নিউজ এ তথ্য জানিয়েছে।

উল্লেখযোগ্য তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশের জাপানি নাগরিকের সংখ্যা ছিল ১১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ৪৮৩ জন, যা আগের বছরের তুলনায় ৯ লাখ ১৭ হাজার কম।

১৯৬৮ সালে জরিপ শুরু হওয়ার পর থেকে ২০০৯ সালে সর্বোচ্চ জনসংখ্যায় পৌঁছায় জাপান। এরপর টানা ১৭ বছর ধরে ক্রমাগতভাবে দেশটির জাপানি নাগরিকের সংখ্যা কমছে।

একই সময়ে জাপানে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০১৩ সালে এসংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এবারই বিদেশি বাসিন্দার সংখ্যা সর্বোচ্চ হয়েছে। বিদেশিদের অন্তর্ভুক্ত করলে জাপানের মোট জনসংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখ ৬৭ হাজার ৬৪২ জন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, জাপানের জনগণের মধ্যম বয়স এখন ৪৯.৯ বছর, যা বিশ্বের মধ্যে মোনাকোর পর দ্বিতীয় সর্বোচ্চ।

চলতি বছরের জুনে প্রকাশিত আরেকটি সরকারি প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে দেশটির মোট জন্মহার আরো কমে রেকর্ড সর্বনিম্ন ১.১৪-এ নেমে এসেছে। অর্থাৎ একজন নারী তার জীবদ্দশায় গড়ে মাত্র ১.১৪টি সন্তানের জন্ম দিচ্ছেন। এটি টানা দশম বছরের মতো জন্মহার কমার ঘটনা।

এছাড়া, দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা প্রায় ১৫ হাজার কমে মাত্র ৬ লাখ ৭০ হাজারের কিছু বেশি হয়েছে, যা ১৮৯৯ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর সর্বনিম্ন।

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা হ্রাসের ফলে জাপানে শ্রমিক সংকট, সামাজিক নিরাপত্তা ব্যয়ের বৃদ্ধি এবং করদাতার সংখ্যা কমে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

এদিকে জনসংখ্যা সংকট মোকাবেলায় প্রযুক্তিনির্ভর উদ্যোগও নিয়েছে জাপান। টোকিও মহানগর সরকার চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডেটিং অ্যাপ ‘টোকিও এনমুসুবি’-এর মাধ্যমে এ পর্যন্ত ২৬৫টি দম্পতির বিয়ে হয়েছে বলে চলতি মাসে জানানো হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া এই অ্যাপটি এমন এক জরিপের পর চালু করা হয়, যেখানে দেখা যায়, বিয়েতে আগ্রহী প্রায় ৭০ শতাংশ মানুষ সক্রিয়ভাবে জীবনসঙ্গী খুঁজছেন না।

অ্যাপটিতে নিবন্ধনের জন্য আবেদনকারীদের আইনগতভাবে অবিবাহিত হওয়ার প্রমাণ দিতে হয় এবং অনলাইন সাক্ষাৎকারসহ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অ্যাপটিতে নিবন্ধিত সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার। প্রায় ৩৬ হাজার আবেদনকারীর মধ্য থেকে তাদের নির্বাচন করা হয়েছে। বর্তমানে অ্যাপটির মাধ্যমে ৭৬০টি জুটি ‘গুরুতর সম্পর্কে’ রয়েছেন বলে সরকারি তথ্যে উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরামদ্দিতে পেনশনের টাকা দিয়ে গড়া স্বপ্নে আঘাত: বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ এম


চরামদ্দিতে পেনশনের টাকা দিয়ে গড়া স্বপ্নে আঘাত: বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

বাকেরগঞ্জ চরামদ্দি ইউনিয়নের উত্তর বাদলপাড়া এলাকার মজুমদার বাড়িতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের মাধ্যমে তিনটি পুকুরের মাছ নিধন হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরীহ ভুক্তভোগী মোহাম্মদ আবুল কালাম (কাবুল) মজুমদার দাবি করেছেন যে, উক্ত ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, দীর্ঘ ৩৬ বছর যাবৎ বিভিন্ন পর্যায়ে মানুষের সেবা করার পরে অবসরে যান। কর্মজীবনের শেষ সম্বল হিসেবে পেনশনের সঞ্চিত অর্থ দিয়ে নিজের গ্রামের বাড়ির তিনটি পুকুরে মাছের চাষ করার উদ্যোগ নেন। এই মাছ চাষ ছিল তার অবসরের পর নতুন জীবিকার স্বপ্ন ও একটি আশা। তিনি অভিযোগ করেছেন যে, বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, তার চাষ করা মাছ পানির سطحে ভেসে উঠেছে। এই দুর্ঘটনার ফলে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মাছ মারা যায়। আবুল কালাম (কাবুল) মজুমদার বলেন, “যারা এই কাজ করেছে তারা শুধু আমার মাছই মারেনি, বরং আমার শেষ বয়সের স্বপ্ন, পরিশ্রম ও জীবিকার আশাকেও ধ্বংস করে দিয়েছে।” এই ঘটনার ফলে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়ে নিশ্চিত করে চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানিয়েছেন, ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার ফলে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ লতিফ সিদ্দিকীকে তোলা হবে ট্রাইব্যুনালে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ এম


আজ লতিফ সিদ্দিকীকে তোলা হবে ট্রাইব্যুনালে

আজ ট্রাইব্যুনালে তোলা হবে আবদুল লতিফ সিদ্দিকীকে।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির করা হবে বলেও সূত্র নিশ্চিত করেছে। একই তথ্য জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার ব্যবস্থা করা হচ্ছে।

গত সোমবার, ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী যে তিন সদস্যের বিচারিক প্যানেল রয়েছে, তারা শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন।

একই আদেশে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আবদুল লতিফ সিদ্দিকী ওই পলাতক আসামিদের একজন ছিলেন।

এছাড়া, অন্যান্য মামলায় কারাগারে থাকা ১০ আসামিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদেশের পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযোগ গঠন করা হবে এবং এরপর মামলার বিচার কার্যক্রম শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%