০৪:৪০ পি.এম
ছেলেরা সমাজের উচ্চতর পর্যায়ের মানুষ। একজন যুগ্ম সচিব, অন্যজন বুয়েটের শিক্ষক, অন্য একজন কানাডাপ্রবাসী। মেয়ের জামাতাও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। তবে এই 'সফল' সন্তানদের জন্মদাত্রী মা নুরজাহান বেগম (৭৫) চরম অবহেলায় নিজের ঘরেই মারা পড়ে রয়েছেন। মৃত্যুর সাত-আট দিন পর, যখন তার ঘরের দরজা ভাঙা হয়েছে, তখন মরদেহে পচন ধরেছে।
রাজধানীর মিরপুর-১১ এলাকার ৬ নম্বর সেকশনের সি ব্লকে নিজের বাড়ির একটি ফ্ল্যাট থেকে রোববার (১ জুন) রাতে এই বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো সময়, পুরো ফ্ল্যাটে লাশের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির সংবাদমাধ্যমকে জানান, বৃদ্ধা নুরজাহান বেগম মিরপুরের ওই ফ্ল্যাটে তার মেয়ের সাথেই বসবাস করতেন। কিন্তু ফ্ল্যাটের ভেতরে তাকে সম্পূর্ণ আলাদা, অগোছালো এবং আবর্জনায় ভরা এক অন্ধকার কক্ষে রাখা হয়েছিল।
আরও পড়ুন: সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে
ভয়াবহ ব্যাপার হলো, একই ফ্ল্যাটে বসবাস করেও গত এক সপ্তাহে মায়ের কোনো খোঁজ মেয়ে বা পরিবারের অন্য সদস্যরা নেননি। ওসির দেওয়া তথ্যমতে, কয়েকদিন ধরে বৃদ্ধার কোন সাড়াশব্দ না পেয়ে গত রোববার এক নার্সকে ডেকে আনা হয়। ওই নার্স কক্ষে ঢুকে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান এবং এরপরই পুলিশের কাছে খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক সুরতহালে দেখা গেছে, দীর্ঘদিন ধরে কোন যত্ন বা পরিচর্যা না পেয়ে ঘরটি যেমন আস্তাকুঁড়ে পরিণত হয়েছিল, তেমনি বৃদ্ধার শরীরও কঙ্কালসার হয়ে গিয়েছিল। পরিবারের সদস্যরা মায়ের মৃত্যুর সময় বা কারণ নিয়ে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের উদ্দেশ্যে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনা সামনে আসার পর, স্থানীয় এক বাসিন্দা চরম অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “যুগ্ম সচিব আর বুয়েটের প্রফেসর হয়ে কী লাভ হলো, যদি নিজের মায়ের খবর রাখার মতো সময় বা যোগ্যতা না থাকে? এরা সমাজের বড় বড় জায়গায় লেকচার দেয়, অথচ নিজেদের মা ঘরের কোণায় পচে মরছে তা জানে না!”
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্টে যদি অবহেলা অথবা অন্য কোনও সন্দেহজনক আলামত মেলে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন