ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’


৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, দেশের শীর্ষস্থানীয় গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ক্রেতারা এই উদ্যোগের মাধ্যমে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা ও আর্থিক সুবিধার ব্যাপারে তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আয়োজকদের মতে, দেশে অটোমোবাইলের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিয়মিত, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই প্রয়োজন পূরণকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সময়, এটি অটোমোবাইল ব্যবসায়ী, ক্রেতা এবং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

এই সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল কমিউনিটির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূর্ণ করতে একটি সময়োপযোগী উদ্যোগ।

ক্রেতারা এই আয়োজনে এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাবেন। বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে সক্ষম হবেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া অটোমোবাইল বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরা এই উদ্যোগটির প্রশংসা করেন। তারা এটিকে দেশের অটোমোবাইল ইকোসিস্টেমের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। আয়োজকরা জানান, ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। প্রতি শুক্রবার অনুষ্ঠিতব্য এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি, ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহমুদুল্লাহ রিয়াদের জীবনে শুরু হলো নতুন ইনিংস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:২০ পি.এম


মাহমুদুল্লাহ রিয়াদের জীবনে শুরু হলো নতুন ইনিংস

মাহমুদুল্লাহ রিয়াদ দেশের ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন।

 

মাহমুদউল্লাহ ঘরেরবাজারের বিভিন্ন ব্র্যান্ডগুলো যেমন স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট ও ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড তাবায়ার ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট এবং প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন। এই ঘোষণা গত ১১ আগস্ট ঘরেরবাজারের বনশ্রী প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।

এসময় মাহমুদউল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন ঘরেরবাজার প্রতিষ্ঠানের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে তিনি ঘরেরবাজারের ব্র্যান্ড তাবায়ার থোব এবং পাঞ্জাবি পরেও দেখেন।

অর্গানিক ও সেইফ ফুড ব্র্যান্ড ঘরেরবাজার মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা খাদ্যপণ্যও রয়েছে।

নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহকে যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের পণ্য ও ব্র্যান্ডের গল্প আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে চায়।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স ও দায়িত্বশীলতার জন্য মাহমুদউল্লাহ পরিচিত। ঘরেরবাজারের মতে, তার এই অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানটির মান ও আস্থাকে গুরুত্ব দেওয়ার ভাবনার সঙ্গে মিলে যায়।

এ ব্যাপারে মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, "ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশাআল্লাহ এই অংশীদারিত্ব থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।”

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঘরেরবাজারের পরবর্তী ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শিগগিরই শুরু হবে। নতুন এই পার্টনারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের কার্যক্রমকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে ঘরেরবাজার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মচারীদের বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:২২ পি.এম


সরকারি কর্মচারীদের বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব

সরকারের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা। ইতিমধ্যে এ সংক্রান্ত সচিব কমিটি খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে।

অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে।

প্রস্তাবনায়, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কমিটি সূত্রে জানা গেছে, সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না, কিছুটা কমবেশি হতে পারে। উচ্চ গ্রেডের কর্মচারীদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হবে বলে জানা গেছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত হয়।

খসড়া অনুসারে, চলতি বছরের জুলাই থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে। ধাপে ধাপে এর বাস্তবায়ন ২০২৮ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

 

কমিটির সদস্যরা জানিয়েছেন, এই প্রস্তাবনা কাটছাট করতে পারে মন্ত্রিপরিষদ।

এ ছাড়া কত ধাপে তা বাস্তবায়ন করা হবে মন্ত্রিপরিষদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে নবম পে-স্কেল চূড়ান্ত করতে গিয়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেয়। জটিলতা নিরসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের সাবেক এমপি রফিকুল ইসলামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


আ. লীগের সাবেক এমপি রফিকুল ইসলামের মৃত্যু

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এমন খবর জানিয়ে তার ছোট ভাই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম চাঁদপুর-২ আসনে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুমা ঢাকার এয়ারফোর্স মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।

মুহাম্মদ রফিকুল ইসলাম ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে শিক্ষাজীবন শেষ করে ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়।

তিনি সামরিক জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে 'ভয়াবহ' যেসব উপসর্গ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে আবারও বিভিন্ন প্রশ্ন উঠেছে। যেখানে তাঁর চিকিৎসক জানিয়েছেন ট্রাম্পকে ‘চমৎকার স্বস্থ্যের’ অধিকারী, সেখানে এক মার্কিন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ প্রেসিডেন্টের কিছু দৃশ্যমান শারীরিক উপসর্গ ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. জোনাথন রেইনার ২৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন।

ডা. রেইনারের মতে, ট্রাম্পের কিছু দৃশ্যমান উপসর্গ এবং শারীরিক পরীক্ষা নিয়ে প্রকাশিত তথ্য থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর পুরোপুরি পাওয়া যায়নি।

ট্রাম্পের হাতে কালশিটে দাগের বিষয়টিও তাঁর আলোচনায় এসেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ঘন ঘন হাত মেলানো এবং অ্যাসপিরিন সেবনের কারণে এসব কালশিটে হতে পারে। তবে ডা. রেইনারের প্রশ্ন, ট্রাম্পের বাঁ হাতে কি একই ধরনের বিবর্ণতা দেখা যাওয়াকে শুধু এসব কারণ দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় কি না।

ট্রাম্পের পা ফুলে যাওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন এই চিকিৎসক। হোয়াইট হাউসের এক চিকিৎসক এটিকে ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’ বা দীর্ঘস্থায়ী শিরাগত অপ্রতুলতা হিসেবে বর্ণনা করেছেন। এই অবস্থায় শরীরের বিভিন্ন অংশ থেকে হৃদ্‌যন্ত্রে রক্ত ফিরিয়ে নিতে শিরাগুলোর সমস্যা হয়।

ডা. রেইনারের প্রশ্ন, মে মাসে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে পা ফুলে যাওয়ার বিষয়টি উল্লেখ না থাকলে পরে দেখা দেওয়া সমস্যাটিকে কীভাবে ওই রোগ হিসেবে শ্রেণিবদ্ধ করা হলো।

জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের জেগে থাকতে কষ্ট হচ্ছে বলেও মনে হয়েছে বলে উল্লেখ করেছেন ডা. রেইনার। তিনি এটিকে অতিরিক্ত দিনের বেলা ঘুমঘুম ভাব হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এর পেছনে অনেক কারণ থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজনও হতে পারে।

গত মে মাসে স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্পের চিকিৎসক ডা. শন বারবাবেলা জানিয়েছিলেন, ৮০ বছরের বয়সী ট্রাম্প এখনো ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী। তাঁর ব্যস্ত কর্মসূচি ও শারীরিক কর্মকাণ্ডও সামগ্রিক সুস্বাস্থ্যের পক্ষে সহায়ক বলে জানিয়েছিলেন তিনি।

ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে আরেকটি প্রশ্ন উঠেছে ২০২৫ সালের অক্টোবরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাঁর হৃদ্‌যন্ত্র ও পেটের উন্নত ইমেজিং পরীক্ষা নিয়ে। ট্রাম্পের চিকিৎসকের বক্তব্য ছিল, সম্ভাব্য সমস্যা আগেভাগে শনাক্ত করা এবং তাঁর সামগ্রিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য এসব পরীক্ষা করা হয়েছিল।

কিন্তু ডা. রেইনার জানতে চেয়েছেন, এত বিস্তৃত পরীক্ষা কেন করা হয়েছিল এবং জনসাধারণকে এর প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি কেন।

তবে প্রেসিডেন্টের সব চিকিৎসা তথ্য প্রকাশের দাবি জানাচ্ছেন না ডা. রেইনার। তিনি স্বীকার করেছেন, কিছু তথ্য প্রকাশ করা হলে তা নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।

এর পরিবর্তে তিনি সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী কংগ্রেসের একটি স্বাধীন প্যানেল গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্যানেল প্রেসিডেন্টের স্বাস্থ্য ও দায়িত্ব পালনের সক্ষমতা মূল্যায়ন করতে পারবে বলে তিনি মনে করেন।

ডা. রেইনারের মতে, মূল প্রশ্নটি প্রেসিডেন্টের সম্পূর্ণ চিকিৎসা নথি জনগণের জানার অধিকার আছে কি না, তা নয়। বরং প্রশ্ন হলো, বিপুল ক্ষমতার অধিকারী দেশের দায়িত্বে থাকা ব্যক্তি তাঁর দায়িত্ব পালনের জন্য শারীরিক ও চিকিৎসাগতভাবে সক্ষম কি না, সে বিষয়ে ভোটাররা কতটা নিশ্চিত হতে পারছেন।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%