ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি


ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। প্রতিবছর ৩১ মে দিবসটি পালন করা হলেও, এবার ওইদিন সরকারি ছুটি থাকায় দেশের বিভিন্ন স্থানে সুবিধাজনক সময়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহা. আনোয়ারুল ইসলাম এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেশে মাদকসেবীদের প্রায় ৯৮ শতাংশই ধূমপানের মাধ্যমে আসক্তির পথে যাত্রা শুরু করে। ধূমপায়ীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে মাদক গ্রহণকারীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে তারা মত প্রকাশ করেন।

তারা আরও বলেন, তামাক শুধু স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে না, এটি একটি পরিবারের অর্থনৈতিক অবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। একজন ধূমপায়ী প্রতিদিন তামাকের পেছনে যে অর্থ ব্যয় করেন, তা দিয়ে একটি পরিবারের দৈনন্দিন সবজি বাজার করা সম্ভব।

বক্তারা তামাক নিয়ন্ত্রণে সরকারের সাম্প্রতিক বাজেটে আরোপিত অতিরিক্ত শুল্কের প্রশংসা করেন। একই সঙ্গে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে তারা বলেন, অনেক অভিভাবক সন্তানদের সামনে ধূমপান করেন, ফলে শিশুরা অনিচ্ছাকৃতভাবে বিষাক্ত ধোঁয়ার শিকার হচ্ছে।

আলোচনা সভায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়ন, বিশেষ করে ১৮ বছরের নিচে কোনো ব্যক্তির কাছে তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধে কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানানো হয়।

এছাড়া তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সরকারি চাকরিতে ধূমপায়ীদের অযোগ্য ঘোষণার দাবিও উত্থাপন করেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, পরে বাদ দেওয়া হয় বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


সংসদে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, পরে বাদ দেওয়া হয় বক্তব্য

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে এক নারীর ধর্ষণের শিকার হওয়ার ঘটনা নিয়ে জাতীয় সংসদে ব্যাপক হইচই ও বিতর্ক হয়েছে। সরকারি দলের এক সংসদ সদস্যের বক্তব্যের পর অন্য এক সংসদ সদস্যের আপত্তির মুখে তা সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হয়।

তবে পরে ওই সংসদ সদস্য ধর্ষণের ঘটনার সুনির্দিষ্ট মামলার তথ্য সংসদে উপস্থাপন করেন।

বৃহস্পতিবার (১৭ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা এবং পয়েন্ট অব অর্ডারে আলোচনা চলাকালে এই চিত্র উঠে আসে।

বাজেট আলোচনায় অংশ নিয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান বলেন, ‘৪১ লাখ ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা হিসাব করলে ওয়ার্ডপিছু ৯০টি করে পরিবার পাবে।

তাহলে বাকি যে দরিদ্র ফ্যামিলিগুলো আছে, তাদের অবস্থাটা কী হবে?’

ফ্যামিলি কার্ড নিয়ে মাঠপর্যায়ের অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা সংবাদপত্রগুলোতে ইতিমধ্যে দেখেছি—ফ্যামিলি কার্ড দিয়ে ধর্ষণের শিকার হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে।’

তাজউদ্দিন খানের এই বক্তব্যের পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তীব্র আপত্তি জানান নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, ‘সংসদ সদস্য বলেছেন ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে।

এটি দুঃখজনক ব্যাপার। সংসদে এভাবে কথা বলা উচিত নয়। সংসদের ভাষা জানতে হবে, সেভাবে বলতে হবে।’ তিনি এই বক্তব্যটি কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।

সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার মেহেরপুরের এমপির ওই বক্তব্য এক্সপাঞ্জ করার ঘোষণা দেন।

ডেপুটি স্পিকারের এই ঘোষণার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানান সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘এক্সপাঞ্জ তো হবে যদি অসত্য তথ্য দিয়ে থাকেন অথবা অসংসদীয় শব্দ যদি ব্যবহার করে থাকেন। আমার ধারণা উনি এ ধরনের (অসংসদীয়) কথা বলেননি। কাজেই উনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক।’

সহকর্মীর এই প্রতিবাদের পর ডেপুটি স্পিকার মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানকে পুনরায় কথা বলার সুযোগ দেন। তখন তাজউদ্দিন খান তার বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট তথ্য ও মামলার বিবরণ তুলে ধরেন।

তিনি সংসদে বলেন, ‘আমার কাছে যে তথ্য ছিল, তা সময়ের অভাবে আগে দিতে পারিনি। ২০২৬ সালের ১০ এপ্রিল ফরিদপুরের সোনাগাজী থানায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগের একটি মামলা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ওসি এর প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে এটি প্রমাণিত হয়েছে। এ ছাড়া গত ২৫ এপ্রিল রংপুর মিঠাপুকুর উপজেলার ভাঙা ইউনিয়ন পরিষদের বিএনপির সহসম্পাদক এনামুল হককে (অভিযোগের) প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

দুই সংসদ সদস্যের এই যুক্তি-তর্ক ও তথ্যের পর ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ড যে প্রজেক্ট, সেটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা এই সরকারের না; এটি সারা দেশের মানুষের একটা আকাঙ্ক্ষিত বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেয়া হবে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেয়া হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে।" এটি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে- ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, "হজ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, যা রাজকীয় সৌদি সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় কার্যক্রম সম্পন্ন করা হয়।" হজ ব্যবস্থাপনায় ব্যয় দুটি অংশে নির্ধারিত হয়। প্রায় তিন চতুর্থাংশ খরচ সৌদি পর্বের, যা সৌদি সরকার কর্তৃক নির্ধারিত থাকে। এতে মিনা ও আরাফাতের তাঁবু ভাড়া, পরিবহন ভাড়া, মিনা, আরাফাত বা মুজদালিফায় সার্ভিস খরচ, মক্কা বা মদিনায় হোটেল ভাড়া, কুরবানি এবং ভিসা-ইন্সুরেন্স ফিসহ অন্যান্য ফি অন্তর্ভুক্ত রয়েছে। অপরদিকে, মাত্র এক চতুর্থাংশ ব্যয় বাংলাদেশ অংশে হয়, যার মধ্যে মূলত বাংলাদেশ পর্বে বিমানে যাতায়াতের টিকেট বাবদ খরচ রয়েছে।

তিনি জানান, চলতি বছর কুরবানিসহ সর্বনিম্ন হজ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এর মধ্যে সৌদি আরব পর্বের ব্যয় ৩ লাখ ৭৯৭ টাকা। আর বাংলাদেশ পর্বের ব্যয় ১ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা। যার মধ্যে বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।

প্রধানমন্ত্রী বলেন, "গত বছর সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা।" ফলে চলতি বছর হজের খরচ ১১ হাজার ৭৫ টাকা কমানো হয়েছে। যার সুফল হজযাত্রীরা পেয়েছেন। বৈশ্বিক পরিস্থিতি ও সৌদি পর্বের ঘোষিত ব্যয় বিবেচনায় নিয়ে সরকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আগামী বছরের হজ প্যাকেজ মূল্য কমানো অথবা যৌক্তিকভাবে নির্ধারণের সর্বাত্মক চেষ্টা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


রংপুরে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আজ বুধবার রংপুরে অর্থনৈতিক শুমারি- ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি অনুষ্ঠিত হয় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম উল্লেখ করেন, একটি টেকসই অর্থনীতির জন্য সঠিক পরিকল্পনার বিকল্প নেই। তিনি বলেন, সঠিক পরিকল্পনা তৈরিতে যথার্থ পরিসংখ্যান অত্যন্ত প্রয়োজন।

তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে বিভাগীয় কমিশনার আরও বলেন, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও বিশ্লেষণ যত উন্নত হবে, প্রকাশিত পরিসংখ্যান তত গ্রহণযোগ্যতা পাবে।

তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন তথ্য সংগ্রহে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম অর্থনৈতিক শুমারী- ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় সঠিক পরিসংখ্যান তৈরির বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে। এটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হওয়া উচিত।

বুধবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে 'লাগসই প্রযুক্তির মানোন্নয়নের চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের সময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব উল্লেখ করেন, গবেষণা ফল'কে প্রোটোটাইপ বা নমুনা আকারে শিল্প বা ইন্ডাস্ট্রিতে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে তারা পাইলটিং এর মাধ্যমে সেবা বা পণ্য আকারে বাজারজাত করতে পারে এবং যার ফলে সমাজে এটির ইম্প্যাক্ট বা ইতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, লাগসই প্রযুক্তি মানে হল সস্তা প্রযুক্তি বেছে নেওয়া নয়, বরং এর অর্থ হলো আরো বেশি সময়োপযোগী প্রযুক্তি বেছে নেওয়া। প্রযুক্তি অবশ্যই বাংলাদেশের উপযোগী হওয়া উচিত এবং বাংলাদেশকে প্রযুক্তির উপযোগী হতে বাধ্য করা উচিত নয়।

আনোয়ার হোসেন আরও বলেন, ইম্প্যাক্ট বা প্রভাবহীন উদ্ভাবন তথা এমন গবেষণা যে বাস্তবে মানুষের কোনো কাজে বা পরিবর্তনে ভূমিকা রাখেনা, সে রকম গবেষণা থেকে আমাদের সরে আসা উচিত।

সেমিনারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমদ সহ অন্যান্য বক্তাদের বক্তব্য ছিল।

এছাড়া সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানবৃন্দ জুম প্লাটফর্মে ভার্চুয়ালি যুক্ত হন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%