বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৬:৫৩ পি.এম
গর্ভাবস্থায় ডায়াবেটিস, থাইরয়েড, অ্যাড্রিনাল ও অন্যান্য এন্ডোক্রাইন রোগ মা ও অনাগত শিশুর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এসব রোগের আধুনিক ব্যবস্থাপনা এবং চিকিৎসকদের সর্বশেষ বৈজ্ঞানিক জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে ‘প্রেগন্যান্সি অ্যান্ড কমন এন্ডোক্রাইন ডিসওর্ডার’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) উইমেনস হেলথ টাস্ক ফোর্সের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মালিহা রশিদ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা, সাধারণ সম্পাদক ডা. এম সাইফুদ্দিন, উইমেনস হেলথ টাস্ক ফোর্সের কনভেনর এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনলজি বিভাগের অধ্যাপক ডা. তানজিনা হোসেন সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এন্ডোক্রাইনোলজিস্ট, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ, মেডিসিন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান।
সেমিনারে দেশের খ্যাতনামা এন্ডোক্রাইনোলজিস্টরা গর্ভাবস্থায় অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, থাইরয়েড ম্যালিগন্যান্সির ইতিহাস থাকা নারীদের চিকিৎসা, প্রোল্যাকটিনোমা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) এবং গ্রেভস ডিজিজের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক চিকিৎসা নির্দেশনা, বাস্তব অভিজ্ঞতা ও কেসভিত্তিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শাহিন ইবনে রহমান, ডা. আহমেদ ইফরাদ বিন রওনক, ডা. সানজিদা ইসলাম, ডা. রিফাত ফেরদৌস এবং ডা. আফিয়া জয়নব তন্নি। আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন ডা. নাজমা আক্তার, ডা. মির্জা শরিফুজ্জামান, ডা. মারুফা মোস্তারী, ডা. ফৌজিয়া আনার এবং ডা. রেজওয়ানা সোবহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মালিহা রশিদ বলেন, ‘গর্ভাবস্থায় এন্ডোক্রাইন রোগের প্রভাব শুধু মায়ের স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি অনাগত শিশুর সুস্থ বিকাশের সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত। তাই প্রসূতি ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং চিকিৎসকদের নিয়মিত বৈজ্ঞানিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি।’
বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট অধ্যাপক ডা. ফারুক পাঠান বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে প্রতিনিয়ত নতুন গবেষণা ও চিকিৎসা নির্দেশিকা যুক্ত হচ্ছে। এসব অগ্রগতি চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। জ্ঞান ও অভিজ্ঞতার এই আদান-প্রদান শেষ পর্যন্ত রোগীদের আরও নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।’
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, ‘এন্ডোক্রাইন রোগের চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি সমন্বয় এখন সময়ের দাবি। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং রোগীকেন্দ্রিক চিকিৎসাসেবা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
উইমেনস হেলথ টাস্ক ফোর্স’র কনভেনার প্রফেসর ডা. তানজিনা হোসেন বলেন, ‘গর্ভাবস্থায় এন্ডোক্রাইন রোগের সঠিক ও সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মা ও নবজাতকের জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই চিকিৎসকদের সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য ও আন্তর্জাতিক নির্দেশনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. এম সাইফুদ্দিন বলেন, ‘বাংলাদেশে এন্ডোক্রাইন চিকিৎসার মানোন্নয়নে ধারাবাহিক বৈজ্ঞানিক শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ভবিষ্যতেও চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক কার্যক্রম আয়োজন অব্যাহত রাখবে বলে আশা করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা। স্বাগত বক্তব্য দেন উইমেনস হেলথ টাস্ক ফোর্সের কনভেনর প্রফেসর ডা. তানজিনা হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কা লেগে ইজিবাইক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ দুপুরের দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গোপালপুর সরকারের ঢালান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালকের নাম রান্টু মিয়া (২৮), যিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে। রান্টু মিয়া ব্যাটারি চালিত ইজিবাইকের চালক হিসেবে পরিচিত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুপুরের দিকে রান্টু মিয়া তার ইজিবাইক নিয়ে দুই জন যাত্রীকে সঙ্গে নিয়ে গড়মাটি থেকে রাজাপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সরকারের ঢালান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রান্টু মিয়ার ইজিবাইকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার ফলে ইজিবাইকটিতে রান্টু মিয়া ঘটনাস্থলেই নিহত হন, আর আহত হন অন্য দুই যাত্রী।
আহতদের পরে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু ট্রাকটি বনপাড়া হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। এই ব্যাপারে বড়াইপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইতালি ইরানের বিরুদ্ধে কোনো প্রকারের সামরিক অভিযানে অংশ নেবে না। বুধবার (৮ জুলাই) মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। খবর উইয়ন নিউজের।
আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই ইতালি এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। তিনি আরো উল্লেখ করেন, ‘ইরানের সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না।’
ইতালির সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সংকটের শুরু থেকে রোম সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার নীতি গ্রহণ করেছে। এর আগে, গত মার্চ মাসে মধ্যপ্রাচ্যগামী একটি মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। মার্কিন বিমানকে ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়ার মাধ্যমে সংকটে জড়াতে অনীহার বিষয়টি তখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল দেশটি।
এদিকে, মেলোনির এই মন্তব্য পশ্চিমা মিত্রদের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে ইতালির নিরপেক্ষ এবং শান্তিকামী নীতি বহন করে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) গেজেট জারি করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত গেজেটটি প্রকাশ করা হয়েছে।
গেজেট প্রকাশের পরপরই সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে যে, তার শপথ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
সন্ধ্যা ৭টায় সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি, যিনি সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজন করছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিচালনা করবেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির সাজেকের মধ্যে আটকা পড়া পর্যটকদের মধ্যে দেড়শ জনকে সরিয়ে আনা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে পর্যটকদের নিয়ে আসার কার্যক্রম শুরু করে বাঘাইহাট সেনা জোন।
সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত তিনটি স্থানে পানি ওঠার কারণে, সাজেকের সঙ্গে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে সেখানে সাড়ে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়ে যায়। বৃহস্পতিবার সেনাবাহিনীর স্কটের মাধ্যমে পর্যটকদের সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত নিয়ে আসার কাজ শুরু হয়।
মাচালং, সীমানাছড়া ও বাঘাইহাট বাজারে পানি ওঠার কারণে পর্যটকেরা সাজেকে আটকা পড়েছিলেন। সেনাবাহিনী মোটরবাইক, সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রার সাহায্যে তাদের সাজেক থেকে নিয়ে আসে। পথে মাচালং, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার এলাকায় নৌকা ও ভেলায় করে পর্যটকদের পারাপার করা হয়। প্রতিটি স্থান পার হওয়ার পর আবার মোটরবাইক, সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রায় করে তাদের নিয়ে আসা হয়। এভাবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেড়শ জন পর্যটককে সরিয়ে আনা হয়েছে বলে বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, সাজেকে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে সেনাবাহিনীর স্কটের মাধ্যমে ১৫০ জনকে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পর্যটকদেরও সরিয়ে আনা হবে।
টানা বৃষ্টির কারণে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়ে গেছে। খাগড়াছড়ি–সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে যান চলাচল বন্ধ থাকায় তারা সেখানে আটকা পড়েছে।
কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, আটকা পড়া পর্যটকদের জন্য বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে এর জন্য শুধুমাত্র পানির বিল নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ