০১:৪৬ এম
গত সোমবার রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর, জোটের পক্ষ থেকে আগামী ৬ আগস্ট মঙ্গলবার দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী, লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।
শীর্ষ বৈঠকে দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। ৫ আগস্ট, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এরপর ৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন খন্দকার দিদারুল আলম
এছাড়া ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের গণসমাবেশ থেকে মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির শেষ হবে সচিবালয়ে স্মারকলিপি প্রদান দিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন