১২:১৩ পি.এম
পঞ্চগড়, ১৮ নভেম্বর, ২০২৬ : রাতভর শীতের তীব্রতা এবং ভোরে ঘন কুয়াশায় ঢাকা রাস্তা-ঘাট। সকাল গড়ালেও শীতের প্রকোপ কাটছে না।
তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে। ইতোমধ্যে তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও শতভাগ ছিল। সব মিলিয়ে উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।
বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রির সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
আরও পড়ুন: ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক ১
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রির সেলসিয়াস।
রাতভর শীত এবং ভোরের ঘন কুয়াশা স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি শীত অনুভব করছেন। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও চালকদের সতর্ক থাকতে হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং বাতাসের স্থিরতার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে।
আরও পড়ুন: কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত
তিনি বলেন, রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। একপর্যায়ে তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই কারণে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন