ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলায় নিহতের ঘটনায় হেফাজতের গভীর শোক


রিয়াদ বিমানবন্দরে হুতিদের বর্বরোচিত হামলায় নিহতের ঘটনায় হেফাজতের গভীর শোক

সউদী আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নৃশংস হামলায় ১২ জন নিহত হয়েছে, যার মধ্যে দুই বাংলাদেশিও রয়েছে। এছাড়া ৩০০-র বেশি যাত্রী ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ বেসামরিক নাগরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

হেফাজত নেতৃদ্বয় নিহত দুই বাংলাদেশিসহ সকল ভুক্তভোগীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের ৩ নেতা

হুতিদের হামলার ভয়াবহতা এবং হতাহতদের মানবিক দিক বিবেচনা করে নেতৃদ্বয় নিহত বাংলাদেশি নাগরিকসহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সৌদি সরকার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে সর্বাধুনিক চিকিৎসা প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানান।

তারা আরও বলেন, নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবার চাইলে দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে দাফন করা অথবা প্রবাসেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিহতের পরিবারগুলো যেন তাদের প্রাপ্য আইনগত পাওনা ও ক্ষতিপূরণ সঠিকভাবে পায়, সে লক্ষ্যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা চিরতরে বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তাঁরা।

বিবৃতিতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন এবং মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনায় দু'আ করেন।

আরও পড়ুন: ‘এখানে ন্যায়বিচার নেই’ বলে মন্তব্য সিজেপির সৌরভ দাসের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাদেশিক সরকার ভেঙে যাওয়ার পর নিখোঁজ পিটিআই নেতা সোহেল আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


প্রাদেশিক সরকার ভেঙে যাওয়ার পর নিখোঁজ পিটিআই নেতা সোহেল আফ্রিদি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার ভেঙে দেওয়ার পর সাবেক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাকে আটকের অভিযোগ তুলেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) জুনায়েদ আকবরসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

রোববার, কেন্দ্রীয় সরকার খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার ভেঙে দেয়। এ সময় সেখানে জরুরি অবস্থা জারি করে গভর্নরের শাসন চালু করা হয়। এর ফলে ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

ইমরান খানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর খাইবার পাখতুনখাওয়া থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করে পিটিআই। শনিবার এই কর্মসূচির সপ্তম দিন ছিল। ওই দিনও মিছিলটি প্রদেশের ভেতরেই ছিল।

পিটিআইয়ের প্রাদেশিক তথ্য ও সম্প্রচারমন্ত্রী শাফি জান অভিযোগ করেছেন, লংমার্চ চলাকালে সোহেল আফ্রিদিকে আটক করা হয়েছে। তিনি জানান, আটকের সময় আফ্রিদি তার সঙ্গে ছিলেন। তবে এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি ডনের পক্ষ থেকে।

পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়া শাখার নেতা শহিদ খাত্তাকও অভিযোগ করেছেন, জুনায়েদ আকবরসহ দলের আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তিনি জানান, লংমার্চে তিনি নেতৃত্ব দেবেন।

পিটিআইয়ের নেতারা এসব আটকের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, নির্বাচিত নেতৃত্বকে দুর্বল করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম বলেছেন, প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির ঘটনা থেকে আটকের অভিযোগকে আলাদা করে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, নির্বাচিত প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে এ ধরনের পদক্ষেপ নেওয়া সাংবিধানিক কর্তৃত্বকে দুর্বল করে। তিনি আটক নেতাদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা দলের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে বলেন, “সোহেল আফ্রিদি কোথায় আছেন, তাকে কী অবস্থায় রাখা হয়েছে—আমরা কিছুই জানি না। জুনায়েদ আকবরেরও কোনো খোঁজ নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী অবশ্য বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে সোহেল আফ্রিদি আছেন কি না, তা স্পষ্ট করেননি তিনি। তালাল চৌধুরীর ভাষ্য, যাদের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই এবং যারা পুলিশের খোঁজের তালিকায় নেই, তাদের ছেড়ে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ডাম্প ট্রাকের চাপায় ভ্যানচালক আবুল কালামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ডাম্প ট্রাকের চাপায় ভ্যানচালক আবুল কালামের মৃত্যু

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ডাম্প ট্রাকের চাপায় ৬৫ বছর বয়সী আবুল কালাম নামে এক ভ্যানচালকের মৃত্যু ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার পুত্র।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (১২ অক্টোবর) ভোরে, লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের হাজির বাজার এলাকায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায়, স্থানীয় জনতা লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার ভোরে আবুল কালাম তার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। লক্ষ্মীপুর-মুজচৌধুরীরহাট সড়কে ভ্যান নিয়ে উঠার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। এরপর বিক্ষুব্ধ জনতা লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এতে সড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জনের জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জনের জেল-জরিমানা

লক্ষ্মীপুর, ১২ অক্টোবর, ২০২৬ : মেঘনা নদীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইলিশ ধরার অভিযোগে ১৪ জন জেলেকে আটক করেছে মৎস্য ও কোস্টগার্ড। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬০ কেজি জাটকা ইলিশ, ৪টি নৌকা এবং ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সকালে মতিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. অরিফ হোসেন (৩০) এবং মো. মাকসুদ হোসেন (২৯) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, মুজুচৌধুরীহাট এলাকায় ১১ জন জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে, রায়পুরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তাসহ ৫ জন। জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. লুৎফুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন বলেন, ‘হামলাকারীরা সংঘবদ্ধভাবে মুহূর্তের মধ্যে পাঁচ-ছয়টি নৌকা একত্র করে। তাদের নৌকায় আনুমানিক ১৩০ থেকে ১৪০ জন লোক উপস্থিত ছিল। তাদের অনেকের হাতে অস্ত্র ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পার্শ্ববর্তী উপজেলার কোস্ট গার্ডের ৪টি স্পিডবোট যুক্ত হওয়ার পরও তাদের আটক করা সম্ভব হয়নি।’

অভিযানে নদী থেকে বেশ কিছু অবৈধ জাল উদ্ধার করা হয়। উদ্ধার জালের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা বলে জানা গেছে। জেলেদের কাছ থেকে জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাসস’কে জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে নৌকা, জাল ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

রায়পুরে মৎস্য কর্মকর্তাদের অভিযানে হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকালে এই কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, যেখানে তার গ্রেপ্তারের দাবি উত্থাপন করা হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, জি এম কাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত রয়েছেন। এ বিষয়ে বিভিন্ন ধরনের স্লোগানও দেওয়া হয়।

বিক্ষোভকারীরা হাতে ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন, যেখানে জি এম কাদেরের গ্রেপ্তারের দাবি তুলে ধরা হয়। এ সময় বাসায় হামলার ঘটনাও ঘটে।

বিক্ষোভকারীদের দাবি, শেখ হাসিনার সঙ্গে জি এম কাদেরের যোগাযোগ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। এই অভিযোগগুলোর ভিত্তিতে অবিলম্বে তার গ্রেপ্তারের দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%