ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অনিয়মের তথ্য সাংবাদিকদের দেওয়ায় কলেজের ৪ প্রভাষককে শোকজ


অনিয়মের তথ্য সাংবাদিকদের দেওয়ায় কলেজের ৪ প্রভাষককে শোকজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগের কপি সরবরাহের জন্য বিজ্ঞান শাখার ৪ প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অধ্যক্ষ মো. মোহন মিয়ার স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

শোকজপ্রাপ্ত ৪ প্রভাষক হলেন—জীববিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের হাবিবুর রহমান, রসায়ন বিভাগের আকিবুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের নির্মল চন্দ্র বিশ্বাস।

আরও পড়ুন: আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে যুবদল নেতা আতাউর রহমান ভূঁইয়া বহিষ্কার

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর পরিচালনা কমিটির সভাপতির কাছে দেওয়া একটি অভিযোগপত্রের অনুলিপি কমিটির সিদ্ধান্ত জানানোর পূর্বেই সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানের অন্য অনিয়ম আড়াল করতে এবং তাদের দাবিয়ে রাখতে উদ্দেশ্যমূলকভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। তারা দাবি করেছেন, কোন শিক্ষক কোন সাংবাদিকের কাছে অভিযোগপত্রের কপি সরবরাহ করেছেন, নোটিশে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তাদের প্রশ্ন, প্রায় ২ মাস আগের একটি ঘটনার জন্য কেন এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে?

শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস অভিযোগ করেছেন, অধ্যক্ষ মোহন মিয়া এমপিওভুক্তির জন্য শিক্ষা সচিবকে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু পরে তিনি জানতে পারেন, ওই টাকা অধ্যক্ষের ছেলের বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে। টাকা ফেরত চেয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আফজাল শাহ লিটনের কাছে বিচার দেন। এরপর থেকেই তাকে এবং অন্য শিক্ষকদের দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ শোকজ দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।

এদিকে, নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করে জবাব না দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: জন্মদিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে ফেসবুকে পোস্ট এসআইয়ের, অতঃপর সমালোচনা

প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে অনিয়ম, কলেজের দোকান ভাড়া এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীদের দাবি।

শোকজের বিষয়ে জানতে চাইলে নবমনোনীত পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বলেছেন, ‘তারা অভিযোগের কপি সাংবাদিকদের কাছে দেবেন কেন? এটি অন্যায় করেছেন, সে কারণেই শোকজ করা হয়েছে। পরিচালনা কমিটির নিজস্ব ক্ষমতাবলে আমরা শোকজ করেছি।’

তবে শিক্ষকদের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগপত্রের কপি সরবরাহ করাকে কেন অন্যায় বা সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে—এমন প্রশ্নের সুস্পষ্ট উত্তর দেননি তিনি।

অধ্যক্ষ মোহন মিয়ার কাছে জানতে চাইলে তিনি অভিযোগগুলোকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেন। তিনি বলেন, ‘শোকজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

আরও পড়ুন: জার্মানিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে প্রবাসীদের সমস্যা নিয়ে আকুল মিয়া ও আনহার মিয়ার সাক্ষাৎ

এ বিষয়ে মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, ‘প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার কাছে রয়েছে। তারা পড়াশোনার চেয়ে রাজনীতির দিকে বেশি মগ্ন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিএনপি নেতা ও স্থানীয় ব্যবসায়ী সোহেল মাহমুদ মন্তব্য করেছেন, ‘প্রতিষ্ঠানটিতে আওয়ামী লীগ সরকারের আমলেও অস্বচ্ছতা ছিল, এখনও তা বন্ধ হয়নি। আওয়ামী লীগ পদধারী নেতা এই অধ্যক্ষকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।’

মাধবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রাজিব দেব রাজু বলেছেন, ‘সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া কোনো অন্যায় হতে পারে না। এখানে তো অফিসিয়াল গোপনীয়তা লঙ্ঘনের বিষয় নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্ব। আমি আশাবাদী, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংসদ সদস্য মহোদয় বিষয়টি হস্তক্ষেপ করবেন।’

প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ, শিক্ষকদের পাল্টা অভিযোগ এবং সাংবাদিকদের তথ্য দেওয়ার ঘটনায় শোকজ—সব মিলিয়ে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: পতিত স্বৈরাচার কোনো দিনই বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

"মাদকের ফ্যাক্টরি নেই, তবুও কুড়িগ্রামে সীমান্ত পেরিয়ে আসছে": মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


"মাদকের ফ্যাক্টরি নেই, তবুও কুড়িগ্রামে সীমান্ত পেরিয়ে আসছে": মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কলেজ মোড় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মোজাফফর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

প্রধান অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু মন্তব্য করেন, “গাঁজার চাষ হয় না, ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকের ফ্যাক্টরি নাই; কিন্তু কুড়িগ্রামে পাওয়া যায়। কারণ সীমান্তের উপায়ে ভারত থেকে আসে।”

তিনি আরও বলেন, কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, কালজানি ও জিঞ্জিরাম নদীতে কাঁটাতারের বেড়া না থাকায় ৩২ কিলোমিটার এলাকায় ফাঁকা রয়েছে। বিজিবির সদস্যদের টহল দেওয়ার অজুহাতের মাধ্যমে মাদক বাংলাদেশে প্রবেশ করছে বলেও তিনি জানান।

অধ্যাপক বেবু জানান, কুড়িগ্রাম জেলা কারাগারে ২০৩ জনের ধারণক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে ৬৭৫ জন কয়েদি রয়েছেন, যার মধ্যে ২৫০ জন মাদক মামলার আসামি। তিনি দাবি করেন, কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্রবের কারণে মাদক সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, “মাদক ব্যবসা করে ধনী হবেন, কিন্তু সমাজকে নষ্ট করছেন। এটি হতে দেওয়া যাবে না।” তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমে ত্রুটি থাকার কথা উল্লেখ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার আনিসুর রহমান ফিরোজ, সহ-সভাপতি আব্দুল জলিল, কুড়িগ্রাম সদর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন। এছাড়া অধ্যক্ষ এরশাদুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, রেজাউল করিম রেজা ও বাবলুসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। রাজধানীর এলিট কনভেনশন হলে শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবীর।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, নবীন শিক্ষার্থী, অভিভাবক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, লাইব্রেরি ও গবেষণাগারের সুযোগ-সুবিধা এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক ড. আমাম হোসাইন বাগদাদী। তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে নবীনদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য উৎসাহিত করেন।

অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আনন্দে মেতে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে নৃত্য পরিবেশনও অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন। প্রথম দিনের পরিচিতি ও দিকনির্দেশনা তাদের পরবর্তী শিক্ষাজীবনের জন্য সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে পুলিশের অভিযান, ২০ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে পুলিশের অভিযান, ২০ আটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে। ফলে মিছিলকারীরা পালানোর কোনো সুযোগই পাননি। এ সময় ঘটনাস্থল থেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা কয়েকজনসহ মোট ২০ জনকে আটক করে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। এক পর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলের চারপাশ ঘিরে ফেলে। এতে মিছিলকারীরা সেখান থেকে সরে যাওয়ার সুযোগ পাননি। এ সময় মিছিলের কয়েকজন ফেসবুকে সরাসরি সম্প্রচার করছিলেন, তাদেরও আটক করা হয়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ২০ জনকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রামাণিক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতুয়া নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ, দুই শিশুকন্যাকে যৌন হয়রানি!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


মতুয়া নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ, দুই শিশুকন্যাকে যৌন হয়রানি!

ভারতের নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে ঢুকে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ এবং দম্পতির দুই নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ অনুসারে, বুধবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ৬-৭ জন দুস্কৃতিকারী বাড়িতে প্রবেশ করে। প্রথমে দরজা ও গেট ভেঙে ভিতরে ঢুকে তারা। স্বামীকে মারধর করে আটকে রেখে তার মাথায় বন্দুক ধরে স্ত্রীর উপর নির্যাতন চালানো হয়।

এছাড়া, দুই শিশুকন্যা, যাদের বয়স আট ও ছয় বছর, তাদেরও শারীরিক ও যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এরপর বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে হামলাকারীরা পালিয়ে যায়। পরিবারের দাবি, বাড়ির আসবাবপত্র, মোটরবাইক এবং একটি চারচাকা ম্যাটাডোরও ভাঙচুর করা হয়েছে।

বাড়ির সামনে থাকা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে। ওই ব্যানারে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ছবি ছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাওয়ার আগে পুলিশকে জানালে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীকারীরা। আতঙ্কের কারণে প্রথমে থানায় যেতে সাহস পাননি পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মতুয়া নেতা।

তিনি দাবি করেছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত তিনি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাস উৎসবে যোগ দেওয়ার পর থেকেই কয়েক জনের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন। মতুয়া পরিচয়ের কারণে তাদের পরিবারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য জানিয়েছেন, অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আজ ২৭ নভেম্বর সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করার খবর পাওয়া যায়নি। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%