মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তালাশ বিডি,
০৪:০৯ পি.এম
২০২৬ খ্রিস্টাব্দের ৮ই আগস্ট, শনিবার, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের উদ্যোগে নারায়ণগঞ্জের মাননীয় সংসদ সদস্যবৃন্দের সাথে এনসিসি আই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভাটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলার ১ আসনের বিএনপির মাননীয় সংসদ সদস্য দিপু ভূঁইয়া। আমন্ত্রিত মেহমান হিসাবে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ৫ আসনের, চাইর বারের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জের ৩ আসনের বিএনপি'র সংসদ সদস্য আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জের ৪ আসনের এনসিপি, সংসদ সদস্য আল-আমিন, এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সাবেক পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
নারায়ণ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল পরিচালক, জনাব হানিফ সরদার, বিএনপি'র সাবেক নেতা রিয়াজ, চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক, ৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবু কাওসার আশা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ এই প্রথম চারটি আসনের সংসদ সদস্য একত্রে নারায়ণগঞ্জ শহরের ব্যবসার অগ্রগতির লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার প্রদান করেন এবং নারায়ণগঞ্জ ৫ আসনের চার বারের সংসদ সদস্য আবুল কালাম মহোদয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক এগারোর সময়ে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) সেলে আটক হয়ে নির্যাতন করা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকেও।
শনিবার (০৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকসহ আইনজীবীদের নিয়ে গোপন বন্দিশালাটি পরিদর্শনের পর একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, এক-এগারোর সময় তারেক রহমানকে জেআইসির একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তার ওপর নির্যাতন চালানো হয়েছিল। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীদের বর্ণনা ও আমাদের তদন্তে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘরে আটকে রেখে নির্যাতন করা হতো। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার। চব্বিশের ৫ আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত, বলেও তিনি জানান।
মতভিন্নতা থাকলেই আওয়ামী লীগ সরকারের নির্দেশে বন্দিশালায় গুম-নির্যাতনের নিন্দা জানিয়ে তিনি বলেন, জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে।
ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনজন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারের একটি অংশ হিসেবে আয়নাঘর হিসেবে পরিচিত জেআইসিতে আমাদের এই পরিদর্শন। এখানে মানুষকে ধরে এনে বন্দি রেখে অত্যাচার ও নির্যাতন চালানো হতো। সেই নির্মম চিত্র আজ এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে।
২৬টি সেলে শ্রেণি ভেদে রাখা হতো বন্দিদের। চব্বিশের ৫ আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায়বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি।
যদিও আসামিপক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দিদের সাক্ষ্যের সঙ্গে মিল খুঁজে পাননি তারা।
এর আগে র্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শিগগিরই র্যাব-২ ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি বলেছেন, বর্তমানে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। তরুণদের কেবল প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা বিকাশ, উদ্ভাবনী প্রতিভার বৃদ্ধি এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’। শনিবার (৮ আগস্ট) ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘আজকের এই আয়োজন প্রমাণ করে বাংলাদেশের তরুণরা প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তাদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও পরিশ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব।’
তিনি আরো বলেন, ‘সরকার তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। রোবোটিক্সের মতো প্রযুক্তি শুধু প্রতিযোগিতার বিষয় নয়; এর সঙ্গে ভবিষ্যতের শিল্প, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন জড়িত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানে নিজেদের প্রস্তুত করতে হবে।’
উৎসবে সারা দেশ থেকে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে। বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, এমপি, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঁইয়া।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি-এর অধ্যাপক ও ইউএফটিবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী। দিনব্যাপী উৎসবে প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র একটি ঐতিহ্যবান স্থান। এখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্রের সংরক্ষণে একটি প্রকল্প গ্রহণ করা হবে।
তিনি এই প্রসঙ্গে উল্লেখ করেন, আমাকে জানানো হয়েছে যে, বন্যা হলে এখানে পানি ওঠে। এই ঐতিহাসিক বেতার কেন্দ্রকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের জন্য আমরা উদ্যোগ নেব। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করব।
আজ শনিবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য প্রতিমন্ত্রী এসব মন্তব্য জানান।
এসময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ এবং কালুরঘাট বেতার কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নিউ মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া তথ্য প্রচার হচ্ছে। সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। অনলাইন মিডিয়ায় যারা বিভিন্ন রিলস বানায়, তাদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছি। নিউ মিডিয়া প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা বিভিন্ন তথ্যচিত্র তৈরির কাজ করছি, সেগুলো প্রচারের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হবে। যাতে অপতথ্য ও মিথ্যা তথ্য থেকে মানুষ বিরত থাকতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ের জন্য আমরা বিভিন্ন টুলস ডেভেলপ করার চেষ্টা করছি, যেগুলোর মাধ্যমে আমরা ফ্যাক্ট ফাইন্ডিংস করে জনগণকে অবহিত করতে পারব।
পিছিয়ে থাকা রেডিও ও সম্প্রচার মাধ্যমকে কীভাবে আরো সক্রিয় করা যায়- এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বেতারের এফএম’কে আরো শক্তিশালী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এজন্য আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি। গতকাল আমি চট্টগ্রাম বেতার কেন্দ্রের কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা কিছু পরামর্শ দিয়েছেন। আমরা সেগুলো গ্রহণ করেছি এবং কীভাবে তা বাস্তবায়ন করা যায়, এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
বিটিভিকে আরো আধুনিকায়ন করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিটিভিতে ফরেনসিক অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে অডিট শুরু হবে। অডিট রিপোর্টের মাধ্যমে আমরা বিটিভি’র ডিজিটালাইজেশন থেকে শুরু করে প্রোগ্রামগুলোকে আরো কীভাবে সুন্দর করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’ বিটিভির একটি সিগনেচার প্রোগ্রাম। আমরা নতুন কুঁড়িকে আরো আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছি। এই ধরনের প্রোগ্রামগুলো যদি বিটিভি’তে আমরা বেশি বেশি করতে পারি, তাহলে আশা করি দর্শকরা বিটিভি দেখার জন্য আরো আগ্রহী হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজ এস-টু-এজে-ওয়াই বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ অবস্থায় রয়েছে কারিগরি ত্রুটির কারণে।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি ত্রুটি সমাধান করার জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ৮ আগস্টের বিজি-৩০৫ ফ্লাইটের মাধ্যমে রোমে পাঠানো হচ্ছে। রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এটি পৌঁছানোর কথা রয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়েছে যে, পরিকল্পনা অনুযায়ী যদি কারিগরি ত্রুটি সমাধান করা সম্ভব হয়, তাহলে বিজি-৩০৬ ফ্লাইটটি ৮ আগস্ট রোমের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা ৯ আগস্ট স্থানীয় সময়ে সকাল প্রায় সাড়ে ১০টায় রয়েছে।
একইসঙ্গে, যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিতভাবে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ