০২:০৫ পি.এম
মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। চলমান দুলীপ ট্রফির সেমিফাইনালে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন এই ওপেনিং ব্যাটার।
ইস্ট জোনের হয়ে খেলতে নামা সূর্যবংশী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে দুলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হয়েছেন।
সোমবার আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪২ বলে ফিফটি পূর্ণ করেন সূর্যবংশী। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। এই অর্ধশতকের মাধ্যমে দুলীপ ট্রফিতে দ্রুততম হাফ সেঞ্চুরির পাশাপাশি সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ডও গড়েছেন তিনি।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
এর আগে ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দুলীপ ট্রফিতে হাফ সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ অর্ধশতককারী হিসেবে রেকর্ড গড়েছিলেন লক্ষ্মণ সিং। দীর্ঘ ৫৭ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন সূর্যবংশী। তিনি ১৫ বছর ১৫৭ দিন বয়সে অর্ধশতক পূর্ণ করেন।
শুধু তাই নয়, একই ম্যাচে সবচেয়ে কম বয়সে দুলীপ ট্রফিতে সেঞ্চুরি করার রেকর্ড গড়ারও সুযোগ ছিল সূর্যবংশীর সামনে। তবে ৮ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
এর আগে ম্যাচটিতে ইশান কিষাণের চোটের কারণে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদাও পেয়েছিলেন সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই এক ম্যাচে একাধিক রেকর্ড গড়ে ভারতীয় ক্রিকেটে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন এই তরুণ ব্যাটার।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন