বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৩ পি.এম
চাঁদপুর জেলার হাজীগঞ্জ কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল আলম (৬৫) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে তানভীর আলম তামিম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ আমেনা বেগম ও জাকির কসাই নামের দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য এবং বেশ কিছু আলামত পাওয়ার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে জেলাব্যাপী ধরপাকড়ের ভয়ে দুলাল আলম নিজ বাড়ি ছেড়ে পাশের লাল মিয়া সর্দার বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলেন। ঘটনার দিন, মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে ওই বাড়ির পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ ও স্থানীয়রা। জাকির ও আমেনা দুজনেই ওই লাল মিয়া সর্দার বাড়ির বাসিন্দা। নিহত দুলাল আলম হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া ওড়পুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ময়নাতদন্ত শেষে দুই দফা জানাজা সম্পন্ন করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মামলার বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া জানান, আমেনা ও জাকিরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছিল এবং তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এছাড়া মামলার অধিকতর তদন্ত ও জড়িত বাকিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, "শুরু থেকেই আমি বলে আসছি যে, দুলাল আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমড়া এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন অঞ্চলে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) ঘটে যাওয়া এই ঘটনার ফলে আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করার জন্য জরুরি বিভাগের কর্মীরা এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানান, উদ্ধারকর্মীরা রাতভর অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করে চলেছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভবনটির সামনের পুরো অংশ ধসে পড়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে স্ট্রেচারে করে একজন জীবিতকে উদ্ধার করছেন।
আবাসিক ফ্ল্যাট সম্বলিত ভবনটি কেন হঠাৎ করে ধসে পড়ল, তা উদ্ঘাটনে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।সূত্র: বিবিসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটি, ১২ নভেম্বর, ২০২৬ : কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে বিভিন্ন অপরাধের অভিযোগে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়, যা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।
গ্রেফতারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা হলেন জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার (৭২) এবং ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. বদরুল (৩৪)।
এছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. শাহিদুল ইসলাম (৩৭), মো. শাহ আলম, মো. তারেক (২১), উজ্জ্বল চাকমা এবং মোহন চাকমা (৩২)।
ওসি জানান, তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
এছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পূর্বে অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন বাসসকে জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় বড়ইতলী পাড়ায় আয়োজিত সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।
সূত্রের তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বান্দরবান সদর জোন।
সহায়তা বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
সেনাবাহিনীর এই মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান সদর জোন জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : চলমান "ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫" টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ আজ শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। এই প্রতিযোগিতা ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত হচ্ছে।
ডেভিস কাপ নেশনস র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের ১৪৮। নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ নম্বর বাছাই দলের বিরুদ্ধে জয় বাংলাদেশের টেনিসের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম দিনে নেপালের কাছে হারের পর এটি এবারের আসরে বাংলাদেশের প্রথম জয়।
দিনের প্রথম একক ম্যাচে কাব্য গায়েন বাহরাইনের আহমেদ আলসায়েদকে ০-৬, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম সেটে পরাজয়ের পর কাব্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই সেট জিতে নেন। এই ম্যাচটি ২ ঘণ্টা ধরে চলে।
দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার বাহরাইনের রুশিকেশ সোনাওয়ানেকে ৭-৬(১), ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেন। ১ ঘণ্টা ৫৯ মিনিটের এই জয় বাংলাদেশের টাইয়ের জয় নিশ্চিত করে।
দিনের শেষ ম্যাচে দ্বৈতে জারিফ আবরার ও কাব্য গায়েন জুটি বাহরাইনের হাশিম আলতুবলি ও রুশিকেশ সোনাওয়ানে জুটির কাছে ৫-৭, ৬-৪, ৪-৬ গেমে পরাজিত হয়। ২ ঘন্টা ২২ মিনিটের এই লড়াইয়ে দ্বিতীয় সেট জিতে বাংলাদেশ জুটি ম্যাচে ফিরলেও শেষ সেটে জয় পেতে ব্যর্থ হয়।
বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেন। দলের অন্যান্য সদস্যরা হলেন জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ