মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৭ পি.এম
পাবনার আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির নেতা আদম আলী মোল্লাকে (৬০) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই ঘটনার প্রধান আসামি ইরাদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা গ্রামে একদল দুর্বৃত্ত আদম আলীকে গুলি করে হত্যা করে। নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশের দাবি, আদম আলী এলাকায় চরমপন্থী দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে শাহিন হোসেন বাদী হয়ে সোমবার রাতে আটঘরিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর র্যাব পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেফতার করে। তিনি আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আবদুলের ছেলে। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে থাকা বিষয়গুলো জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করার জন্য জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
আজ মঙ্গলবার সচিবালয়ে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকের সময়, মন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর।
ড. আবদুল মঈন খান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকারসংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ নতুন সরকার আইন হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসংক্রান্ত এসব আইনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান বিলুপ্ত করা হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ ও ক্ষমতার ভারসাম্য, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সুশাসন, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অস্ট্রেলিয়ার আগ্রহের কথা জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ক্রমবর্ধমান নগরায়ণের ফলে দেশে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বৈঠকের শুরুতে, মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার নতুন পোর্টফলিওতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার বরুড়ায় একটি ফসলি জমির মাটির নিচে হাত-পা বাঁধা অবস্থায় পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের একটি ফসলি জমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বরুড়া থানার ওসি নজমুল হক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, এদিন সকালে কিছু শ্রমিক জমিতে কাজ করার সময় মাটির নিচে চাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বরুড়া থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ফসলি জমিতে পুঁতে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উন্নয়নের রূপকার ছিলেন খালেদা জিয়া। তিনি উল্লেখ করেন, "জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।"
আজ মঙ্গলবার, বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। তাঁর শাসনামলে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। প্রেসিডেন্ট জিয়া সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরির জন্য তিনি কাজ করেছিলেন।
এ্যানি চৌধুরী বলেন, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন এবং তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের উদ্যোগও নিয়েছিলেন তিনি।
এ্যানি চৌধুরী আরও জানান, রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন বক্তব্য কখনো কাম্য নয়। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, "মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি পালন কিসের ইঙ্গিত।" ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশে আসা এবং সরকার বিরোধী আন্দোলনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা স্বর্ণের আর্থিক মূল্যও বৃদ্ধি পেয়েছে। তবে, গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মজুত স্বর্ণের পরিমাণে কোনো পরিবর্তন দেখা যায়নি।
বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে মোট ৪ লাখ ৫৯ হাজার ১৬৩ দশমিক ৫২ ট্রয় আউন্স স্বর্ণ মজুত ছিল। ২০২৫-২৬ অর্থবছর শেষেও মজুত স্বর্ণের পরিমাণ একই রকম রয়েছে।
২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা স্বর্ণের মোট আর্থিক মূল্য ছিল ১১ হাজার ১৪ কোটি ১০ লাখ টাকা। গত অর্থবছর শেষে এই মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকায়।
অর্থাৎ, স্বর্ণের পরিমাণ অপরিবর্তিত থাকলেও বিশ্ববাজারে দাম বৃদ্ধির ফলে এর মূল্য বেড়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা। কেজির হিসাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে প্রায় ১৪ হাজার ২৭৮ কেজি স্বর্ণ রয়েছে।
এর আর্থিক মূল্য প্রায় ১৩ হাজার ৪৩৬ কোটি টাকা। মজুত এই স্বর্ণের একটি বড় অংশ যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত রয়েছে। বাকি স্বর্ণ কিছু আন্তর্জাতিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে রাখা আছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা স্বর্ণের মূল্যও ওঠানামা করে। অর্থবছর শেষে আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়। গত অর্থবছরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের মজুত স্বর্ণের মূল্যমানও বৃদ্ধি পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ