বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
১০:২৭ এম
টেপটেনিস বলের সবচেয়ে বড় আসর নড়াইল প্রিমিয়ার লিগের (এনপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি ‘কালিয়া উপজেলা ফাইটার্স’ দলের জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে কালিয়া উপজেলা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দলটির জার্সি উন্মোচন করা হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জার্সি উন্মোচন করেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, কালিয়া উপজেলা ফাইটার্স দলের কর্ণধর চ্যানেল নাইন-এর নড়াইল জেলা প্রতিনিধি বাবর আলী ও চ্যানেল এস-এর কালিয়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রমিমসহ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
কালিয়া উপজেলা ফাইটার্স দলের কর্ণধর বাবর আলী বলেন, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শাহাবাদ এলাকায় নড়াইল প্রিমিয়ার লিগের উদ্বোধন হবে। খেলায় আটটি দল অংশ করছে। উদ্বোধনীদিনে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসন্ন আসরে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ‘কালিয়া উপজেলা ফাইটাসর্’। নড়াইলে টেপটেনিস ক্রিকেটকে আরও জনপ্রিয় এবং তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে এনপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োকজদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।
নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর, এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন– বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এর আগে, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিএনপির পক্ষ থেকে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে একটি চিঠিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান ১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এতে থাকা ১০৪ যাত্রী ও ছয় ক্রু সদস্যের সবাই অক্ষত রয়েছেন।
এই ঘটনা ঘটে বুধবার (৭ অক্টোবর) পাটনা থেকে লখনৌ যাওয়ার পথে। ইনডিগোর ৬ই ৬২৫ ফ্লাইটটি যখন প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে, তখন অবতরণের সময় শিলাবৃষ্টির কারণে বিমানের সামনের রাডোম অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর ফলে বিমানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
তবে পরিস্থিতি মোকাবেলা করে বিমানটি নির্ধারিত সময়ের আট মিনিট আগে লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরে সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
ইনডিগোর এক মুখপাত্র জানান, অবতরণের সময় প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিমানটি আবার ফ্লাইট পরিচালনা করতে পারবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সরকারি ছাড়পত্র পাওয়ার পর।
ঘটনার পর ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর-ডিজিসিএ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং নিয়ামক সংস্থার ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিমানটি আকাশে উড়তে পারবে না।
গত মাসে ইনডিগোর আরেকটি ফ্লাইটও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায়। গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাওয়া এ৩২১নিও উড়োজাহাজটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ‘টেইল স্ট্রাইক’-এর শিকার হয়।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, অবতরণের সময় প্রবল বাতাসের কারণে বিমানটি অস্বাভাবিকভাবে রানওয়ে স্পর্শ করেছিল। ঘটনার পর বিমানটি গ্রাউন্ডেড করা হয় এবং পরবর্তী পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববাজারে মূল্য হ্রাসের প্রভাব দেশের স্বর্ণের বাজারে পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। আজ বৃহস্পতিবার বিক্রি হচ্ছে স্বর্ণ সেই সমন্বিত দামে।
গত সোমবার (৫ অক্টোবর) থেকে বাজুস নতুন দাম কার্যকর করেছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামও হ্রাস পেয়েছে। নতুন দাম অনুযায়ী, এ মানের স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, এই ধরনের স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। পূর্বে দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
স্বর্ণের দাম কমানোর পরেও বাজুস রূপার দাম অপরিবর্তিত রেখেছে। সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকা এবং প্রতি গ্রাম ৩৭০ টাকায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একদিকে ঘরোয়া ফুটবলে আর্থিক অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চলছে, অন্যদিকে সেই মামলার রায় ঘিরে ইউরোপীয় ফুটবলেও নতুন শাস্তির আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির আইনি সংকট যেন আরো ঘনীভূত হয়ে উঠছে। ইংলিশ প্রিমিয়ার লিগের রায়ে ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে দোষী সাব্যস্ত হওয়ার পর, সিটিজেনদের দিকে কড়া নজর রাখছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের অভিযোগে ম্যান সিটির বিরুদ্ধে ঐতিহাসিক এই রায় এসেছে। ক্লাবটির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে অন্যতম গুরুতর বিষয় ছিল, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে কৃত্রিম ও ভুয়া স্পনসরশিপ চুক্তির মাধ্যমে ক্লাবটি অন্তত ৯০০ মিলিয়ন পাউন্ড রাজস্ব বেশি দেখিয়েছিল।
তবে প্রিমিয়ার লিগের এই রায় মেনে নিতে পারেনি সিটি কর্তৃপক্ষ। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গত সপ্তাহেই আনুষ্ঠানিক আপিল দায়ের করেছে ক্লাবটি। নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে ম্যানচেস্টার সিটি জানিয়েছে, তাদের হাতে এমন কিছু ‘অকাট্য প্রমাণ’ রয়েছে, যা আইনি লড়াই শেষে সব অভিযোগ থেকে তাদের পুরোপুরি মুক্ত করবে।
বর্তমানে তিন সদস্যের একটি স্বাধীন প্যানেল সিটির এই আপিল আবেদনটি পর্যালোচনা করছে। চলতি ফুটবল মৌসুম শেষ হওয়ার আগেই এই আপিলের চূড়ান্ত রায় চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘স্কাই স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, পুরো ঘটনাটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে উয়েফা। তবে আপিলের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নিজস্ব কোনো তদন্ত বা ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে না সংস্থাটি।
কিন্তু স্বাধীন প্যানেলের আপিলেও যদি প্রিমিয়ার লিগের এই ১১৪টি অভিযোগের রায় বহাল থাকে, তবে ইউয়েফা সিটির বিরুদ্ধে ঠিক কতটা কঠোর ব্যবস্থা নেবে, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে ঘরোয়া আদালতে লড়ার পাশাপাশি মহাদেশীয় ফুটবল মঞ্চেও নতুন সংকটের মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি।
আর্থিক অনিয়মের কারণে ইউয়েফার চোখরাঙানি ম্যানচেস্টার সিটির জন্য এটাই প্রথম নয়। এর আগে ২০২০ সালে ‘ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’ (এফএফপি) নিয়ম ভঙ্গের দায়ে সিটিকে দুই বছরের জন্য চ্যাম্পিয়নস লিগসহ সব ইউরোপীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছিল ইউয়েফা। সেই সঙ্গে দেওয়া হয়েছিল ৩০ মিলিয়ন ইউরোর মোটা অঙ্কের জরিমানা।
যদিও সেবার সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ জানিয়ে ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে’ (সিএএস) আপিল করে বড় সাফল্য পেয়েছিল সিটি। সিএএস তাদের ইউরোপীয় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাতিল করে দেয় এবং জরিমানার অঙ্ক কমিয়ে মাত্র ১০ মিলিয়ন ইউরো নির্ধারণ করে।
তবে এবারের পরিস্থিতি ভিন্ন। আপিল টিকতে না পারলে এবার ঘরোয়া ফুটবলে নজিরবিহীন বড় শাস্তির মুখে পড়বে প্রিমিয়ার লিগের এই পরাশক্তি। সম্ভাব্য শাস্তি হিসেবে বড় অঙ্কের পয়েন্ট কর্তন, বিশাল অর্থনৈতিক জরিমানা, অতীতে জেতা শিরোপা কেড়ে নেওয়া, এমনকি প্রিমিয়ার লিগ থেকে সরাসরি বহিষ্কার করার মতো কঠোর ব্যবস্থার কথাও ব্রিটিশ ক্রীড়াঙ্গনে জোর আলোচনায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ