ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে প্রকাশ্যে সংঘবদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সতর্ক প্রশাসন


গোপালগঞ্জে প্রকাশ্যে সংঘবদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সতর্ক প্রশাসন

গোপালগঞ্জে প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় আড়াই বছর পর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন তাঁরা। পরে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করেন। একই দিনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও দলীয় কার্যালয় খুলে পতাকা উত্তোলন ও মিছিল করেছেন।

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় কোটালীপাড়াসহ জেলার বিভিন্ন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে কোথাও কোথাও লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভকারীদের দেখা গেছে। এ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য ও কর্মকর্তা এবং ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।

আরও পড়ুন: নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সোমবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় আড়াই বছর পর কার্যালয়টি খুলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া ও মোনাজাত শেষে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান তাঁরা।

সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করা হয়। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনায় বিভিন্ন স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর থেকে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার দলীয় কার্যালয় খুলে আনুষ্ঠানিক কর্মসূচি পালন করেন তাঁরা।

আরও পড়ুন: বিদেশে পাঠানোর নামে ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, পলাতক সামাদ মিয়া

একই দিন টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রকাশ্যে মিছিল করে দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লব।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সময়ে গোপালগঞ্জের অন্যান্য উপজেলা সদরেও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।

মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা বাড়লেও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশকে এলাকায় দেখা যাচ্ছে না। বিএনপি নেতাদের দাবি, সাম্প্রতিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পর নিরাপত্তাহীনতায় অনেকে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

আরও পড়ুন: আসন্ন জাহানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগরের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবলু চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। দলের এক যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করেন, হামলার ঘটনার পর অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে চলে গেছেন।

উপজেলা বিএনপির নেতা মোল্লা ইমদাদ হোসেন অভিযোগ করেন, তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া তাঁর ছোট ভাইয়ের দোকান থেকে টেলিভিশন ও ফ্রিজ লুট করা হয়েছে।

টুঙ্গিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক চিকিৎসক আবু জাফরের অভিযোগ, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ওষুধ পুড়ে গেছে। কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কাদেরের দাবি, তাঁর পোলট্রি খামারে আগুন দেওয়ায় প্রায় পাঁচ হাজার মুরগি মারা গেছে। পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নন্টু শেখও বর্তমানে এলাকায় নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া আবু জাফরের দোকান ও এবাদ ফকিরের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখায় ৮ জন আটক

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।

তিনি বলেন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনাই পুলিশের প্রধান লক্ষ্য। আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কি না, তা মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে পুলিশ ও বিজিবি প্রস্তুত থাকবে।

ডিআইজি আরও জানান, গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌর এলাকা এবং চারটি উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো লাগিয়ে উলিপুরের তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

বিজিবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় টহল দিচ্ছেন।

এর আগে রোববার সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছিলেন, গোপালগঞ্জে পুলিশ, এপিবিএন ও আরআরএফের প্রায় এক হাজার ৩৫০ সদস্য মোতায়েন রয়েছেন। তবে সোমবারের প্রেস ব্রিফিংয়ে তিনি পুলিশ সদস্য ও কর্মকর্তার সংখ্যা প্রায় দুই হাজার বলে জানান।

গত কয়েক দিনের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সোমবার গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সড়কে যানবাহন চলাচল, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো উদ্বেগ ও আতঙ্ক রয়েছে।

গত রোববার গোপালগঞ্জ শহরে বিক্ষোভের সময় প্রেসক্লাবে ভাঙচুর, সরকারি কলেজের নামফলক ক্ষতিগ্রস্ত করা, জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়। একই দিন টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় এবং কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

আরও পড়ুন: কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ, দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদ

এ পরিস্থিতির মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে ড. জি এম সারফরাজ এবং পুলিশ সুপার হিসেবে প্রত্যুষ কুমার মজুমদার দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।

সব মিলিয়ে গোপালগঞ্জে একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন—জেলার রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘মন্ত্রে’ বিশেষ অঙ্গ গায়েবের দাবি, তান্ত্রিককে অবরুদ্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক: ডিকে বাপ্পী

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


গাইবান্ধার পলাশবাড়ীতে ‘মন্ত্রে’ বিশেষ অঙ্গ গায়েবের দাবি, তান্ত্রিককে অবরুদ্ব

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মন্ত্রের মাধ্যমে এক যুবকের বিশেষ অঙ্গ গায়েব করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক তান্ত্রিককে অবরুদ্ধ করে রাখার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের এক তান্ত্রিক পূর্ব ফরিদপুরের একটি গ্রামে খেলা দেখাতে গিয়ে মন্ত্রের মাধ্যমে এক ছেলের বিশেষ অঙ্গ গায়েব করে দেওয়ার দাবি করেন বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে ওই অঙ্গ পুনরায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও তান্ত্রিক ব্যর্থ হয়েছেন বলে স্থানীয়দের দাবি। একাধিকবার চেষ্টা করেও কথিত মন্ত্রের মাধ্যমে তা ফিরিয়ে আনতে না পারায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয়রা তান্ত্রিককে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে বিশেষ অঙ্গ গায়েব হওয়ার দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎রাঙামাটিতে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই, অংশ নিল ৬০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


‎রাঙামাটিতে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই, অংশ নিল ৬০ শিক্ষার্থী

‎রাঙামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কালেক্টর জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎
‎প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মাদ্রাসার প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। পবিত্র কুরআনের ১ম পারা থেকে ৩০ পারা পর্যন্ত হিফজের পরিমাণ অনুযায়ী কয়েকটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও সমাজসেবক মো. হাবীব আজম।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের রাঙামাটি জেলা শাখার সভাপতি হাফেজ মো. আব্দুল কাদের। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. রহমত উল্লাহ। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
‎
‎সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হয়। বিকেলে আসরের নামাজের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত বলেন, পবিত্র কুরআন হিফজ করা অত্যন্ত মহৎ ও সম্মানের বিষয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের কুরআন মুখস্থ করার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ গড়ে তুলতে উৎসাহিত করে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কুরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে হবে।
‎
‎বিশেষ অতিথি মো. হাবীব আজম বলেন, প্রতিযোগিতায় সবাই পুরস্কার পাবে না। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। অংশগ্রহণকারী প্রত্যেকেই বিজয়ী। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়।
‎
‎তিনি আরও বলেন, কুরআন হিফজকারী বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‎
‎প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ ট্রাইব্যুনালের

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করে। আদালত জানিয়েছে, কোনো আসামি অসুস্থ থাকলেও তাকে ভার্চুয়ালি হাজির করতে হবে।

প্রসিকিউশনের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। তিনি উল্লেখ করেন, "প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বর মামলা জিয়াউল আহসানকে যেন ভার্চুয়ালি হাজির করানো হয় সেই আবেদন করেছিলাম।" শুনানি শেষে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছে। এখন থেকে শাপলা চত্বর গণহত্যার মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হবে।

তিনি আরও জানান, "এটি শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়। আদেশে বলা আছে এ মামলার যে কোনো আসামী দীর্ঘদিন অসুস্থ থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাহলে যে কোনো আসামিই এ আদেশের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যে অংশ নিতে পারবে।" এখন থেকে শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চুয়ালি হাজির করা হবে। অন্য কোনো আসামি আসতে না চাইলে, লম্বা সময় অনুপস্থিত থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করার কথা জানিয়েছিলেন।

আমিনুল ইসলাম তখন বলেছিলেন, "জিয়াউল আহসান যেসব মামলার আসামি সেসব মামলার কার্যক্রমে তিনি ও তার আইনজীবী বোন বাধার সৃষ্টি করছেন।" প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, "আজ সকাল থেকে তিনি ট্রাইব্যুনালে আসবেন না। তিনি অভিনয় করছেন। কখনো তিনি অসুস্থ। কখনো কর্তব্যরত পুলিশের সাথে দুব্যর্বহার করছেন।" অবশেষে ওই প্রিজন ভ্যানে করেই জেল কর্তৃপক্ষ তাকে এনেছে। নিরাপত্তার স্বার্থে সব আসামিকে হ্যান্ডকাপ পড়িয়ে এনেছে। কিন্তু এসব নাটকীয়তার কারণে আজ আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে।

প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় অন্তর্বর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ১১ আসামিকে আজ ট্রাইব্যুনালে আনা হয়। গুম ও হত্যার অভিযোগে বিচার চলছে সাবেক এই সেনা কর্মকর্তার। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

এ বছরের ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডসে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৪১ জন শিক্ষার্থী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মিলিয়ে ১৬৩টি পুরস্কার লাভ করেছেন এই শিক্ষার্থীরা। কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়েছে, যা ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি ১৬ নভেম্বর সোমবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯৮ জন নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। আর বাংলাদেশে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ৪৫ জন ‘টপ ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড পেয়েছেন।

এছাড়া, চারজন শিক্ষার্থী একাধিক বিষয়ে সামগ্রিক ফলের ভিত্তিতে মর্যাদাপূর্ণ ‘বেস্ট অ্যাক্রস’ অ্যাওয়ার্ড লাভ করেছেন। বাংলাদেশে তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষার্থী বেছে নেন, এমন বিষয়ে অসাধারণ ফলের জন্য ১৬ জন ‘হাই অ্যাচিভমেন্ট’ স্বীকৃতি পেয়েছেন।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অংশ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভালো ফলের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করে। বাংলাদেশে যৌথভাবে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। এ পর্বে ভিডিও বার্তা দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন দেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা বলেন, ‘প্রতি বছর শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের কাজের সবচেয়ে আনন্দের দিক। প্রতিটি ভালো ফলের পেছনেই থাকে একজন শিক্ষার্থীর নিজের সামর্থ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমর্থনও তাঁদের এগিয়ে যেতে সাহায্য করে। এমন ফল অর্জন করতে প্রয়োজন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা। বাংলাদেশের এত সংখ্যক শিক্ষার্থীর বিশ্বে সর্বোচ্চ নম্বর পাওয়ার ঘটনা এখানকার শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরে।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘শিক্ষা মানে শুধু অ্যাকাডেমিক জ্ঞান অর্জন নয়। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমাজে ভূমিকা রাখার জন্য তরুণদের আত্মবিশ্বাসী হতে হবে, জানতে হবে নতুন বিষয় এবং গড়ে তুলতে হবে বিশ্লেষণী চিন্তার দক্ষতা। আজ শিক্ষার্থীদের যে সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার পেছনে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা। আমরা আশা করি, তারা নিজেদের আরও এগিয়ে নিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে, নতুন সম্ভাবনা খুঁজে দেখবে এবং অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘শিক্ষা ও জীবনের পরবর্তী ধাপগুলোতে শিক্ষার্থীরা এ সাফল্যকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি।’

অনুষ্ঠানে চারটি বিভাগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কেমব্রিজের শিক্ষাগত যোগ্যতা একটি স্বীকৃত মানদণ্ড হিসেবে কাজ করে। এসব যোগ্যতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, নিজ উদ্যোগে গবেষণা এবং সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে। বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%