১০:৪৫ এম
চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতীর বিভিন্ন পাখি মেরে ফেলা হয়েছে, যা নিয়ে জমি মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগে জমির মালিককে জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে আদালত পরিচালনা করেন।
জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেলে জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিণপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে বিষ প্রয়োগ করেন। ওই দিন বিকেল থেকে পরের দিন বিকেল পর্যন্ত ওই জমিতে পোকা-মাকড় খেয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় শতাধিক পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত
খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সত্যতা পান। জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযুক্তকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫’শ টাকা জরিমানা করেন।
এ সময় কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সচেতন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন