০৭:২৬ পি.এম
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীতে ভ্রমণের সময় চলন্ত হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হয়েছে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু। এই ঘটনা ঘটেছে শুক্রবার (২১ আগস্ট) বিকেল আড়াইটায় উপজেলার দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে। নিখোঁজ শিশু রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণে আসেন। শুক্রবার দুপুরে হাউসবোটটি টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে যখন তারা দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে পৌঁছায়, তখন হঠাৎ করে শিশু রুকাইয়া পানিতে পড়ে যায়। পরে হাউসবোটে থাকা পর্যটক ও সংশ্লিষ্টরা নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম বলেন, 'মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর হয়ে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশ্যে যাচ্ছিল।' পথিমধ্যে বিকেল আড়াইটার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা সবাই তাকে খুঁজতে চেষ্টা করেন। তবে এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নৌযান ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৌলাই নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালাচ্ছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন