ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আমাদের ভদ্রতার অর্থ দুর্বলতা ভাববেন না: প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী


আমাদের ভদ্রতার অর্থ দুর্বলতা ভাববেন না: প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা আশ্রয়-প্রশ্রয় সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি উল্লেখ করেন, ‘আমরা ধৈর্য ধরেছি, তবে আমাদের ভদ্রতার অর্থ দুর্বলতা ভাবা উচিত নয়।’

শুক্রবার বিকেলে সিলেট শহরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টার ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সিলেটের রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাতের অন্ধকারে স্বল্প সময়ের জন্য কোনো তৎপরতা চালিয়ে চলে যাওয়ার পরিবর্তে সাহস থাকলে জনগণকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে অবস্থান করে রাজনৈতিক পরিবেশ প্রদর্শন করা উচিত। সিলেট বিভাগের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘সিলেট বিভাগে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।’

আরও পড়ুন: রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক

প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিয়েছি, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। আমাদের দলের কেউ যদি কাউকে আশ্রয়-প্রশ্রয় দেন, সেটিও প্রশ্রয় দেওয়া হবে না।’

আরিফুল হক চৌধুরী দাবি করেন, কারও বাড়িতে হামলা, দোকানে হামলা কিংবা গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো আজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট। অতীতেও বাস পোড়ানোসহ নানা অভিযোগ তুলে এসব ঘটনা ঘটানো হয়েছিল এবং আবারও লগি-বৈঠা সন্ত্রাস, আগুন-সন্ত্রাস ও বোমাবাজির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, ‘যারা আসলে এগুলো করাচ্ছে, তাদের পেছনে মদদদাতারা আছেন—যারা টাকা দিয়ে লোক ভাড়া করে এসব কাজ করাচ্ছেন।’ এসব ব্যক্তি নজরদারির মধ্যে রয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা হবে বলে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে। জনগণ সচেতন থাকলে এবং রাজনৈতিক নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকলে কেউ এ ধরনের অন্যায় করে পার পাবে না।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে জনগণ এখন সচেতন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন পক্ষ ঐক্যবদ্ধ রয়েছে। ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।

আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা বরিশাল নৌ পুলিশ, প্রথম হিজলা ফাঁড়ি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি দিল্লি

ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম প্রকাশিত ‘ওয়ার্ল্ডস বেস্ট মেজর এয়ারপোর্টস ২০২৭’ তালিকায় ৪৭টি বিমানবন্দরের মধ্যে বিমানবন্দরটি ৩৮তম অবস্থানে রয়েছে।

এই তালিকা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা এবং বিমানবন্দরের পরিচালন দক্ষতার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। দিল্লির বিমানবন্দর ১০০-এর মধ্যে ৮৪ দশমিক ৯৬ স্কোর অর্জন করেছে। তালিকায় ভারতের আর কোনো বিমানবন্দর স্থান পায়নি, যা ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টাইম এবং বৈশ্বিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্যাটিসটার যৌথভাবে এই র‌্যাংকিং তৈরি করেছে। বিমানবন্দরগুলোকে যাত্রীসংখ্যার ভিত্তিতে বড়, মাঝারি ও ছোট শ্রেণিতে ভাগ করা হয়েছে। পরিবারবান্ধব পরিবেশ এবং যাত্রীদের ট্রানজিট সুবিধার মতো বিষয়গুলোও আলাদা করে মূল্যায়ন করা হয়েছে।

যাত্রীদের অভিজ্ঞতার পাশাপাশি বিমানবন্দরের পরিচালনগত সক্ষমতাকেও এই র‌্যাংকিং তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬ সালের ২৭ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত একটি অনলাইন জরিপে বিভিন্ন দেশের যাত্রীরা অংশগ্রহণ করেন। তাঁরা গত তিন বছরে ব্যবহৃত বিমানবন্দরগুলোর পরিচ্ছন্নতা, নিরাপত্তা তল্লাশি, লাগেজ ব্যবস্থাপনা, যোগাযোগব্যবস্থা, সুযোগ-সুবিধা, লাউঞ্জ, পরিবারবান্ধব সেবা এবং সামগ্রিক অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন করেন।

এছাড়া ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত ৩ কোটির বেশি ফ্লাইটের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ফ্লাইটের সময়ানুবর্তিতা এবং বাতিলের হারকে বিবেচনায় নেওয়া হয়েছে।

শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। দ্বিতীয় স্থানে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৃতীয় স্থানে রয়েছে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর। চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর এবং পঞ্চম স্থানে শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্বে বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে। নতুন এই স্বীকৃতি আন্তর্জাতিক বিমান চলাচল এবং যাত্রীসেবায় বিমানবন্দরটির অবস্থানকে আরো দৃশ্যমান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, সংকটের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, সংকটের শঙ্কা

বিশ্বজুড়ে খাদ্যসংকটের তীব্রতা বাড়ার আশঙ্কার মধ্যে ২০২৭ সালে ৯ কোটি ১০ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রদানের পরিকল্পনা করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এই সহায়তার জন্য সংস্থাটির প্রয়োজন হবে ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি। তবে, তহবিলের ঘাটতির কারণে, আগের বছরের তুলনায় এবার কম সংখ্যক মানুষকে খাদ্যসহায়তা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার প্রকাশিত ‘গ্লোবাল আউটলুক ফর ২০২৭’ প্রতিবেদনে ডব্লিউএফপি এই পরিকল্পনার কথা উল্লেখ করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবেলার জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আগাম প্রস্তুতি ও প্রতিরোধমূলক উদ্যোগগুলোকে জোরদার করা অত্যন্ত জরুরি।

গত মাস থেকে মার্কিন নাগরিক লুক লিন্ডবার্গের নেতৃত্বে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০২৭ সালে ৯ কোটি ১০ লাখ মানুষের জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের তহবিলের আবেদন করেছে। অথচ, ২০২৬ সালে সংস্থাটির লক্ষ্য ছিল ১১ কোটি মানুষকে সহায়তা দেওয়া, যা আগামী বছরের জন্য কমিয়ে আনা হয়েছে।

বর্তমানে, বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন। ডব্লিউএফপির নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, এই বিপুলসংখ্যক মানুষের মাত্র এক-তৃতীয়াংশ সহায়তার আওতায় আসবে।

ইরান সংঘাতের কারণে খাদ্য ও পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধি এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে কৃষি খাত হুমকির মুখে পড়ায় যুদ্ধবিধ্বস্ত সুদানের মতো অঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে।

ডব্লিউএফপির পরিচালক লরা টার্নার বলেন, ‘তহবিল ঘাটতি আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।’ তিনি জানান, ২০২৬ সালের জন্য সংস্থাটির চাওয়া ১ হাজার ৩০০ কোটি ডলারের তহবিলের মাত্র অর্ধেক পাওয়া গেছে।

এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক লুক জে লিন্ডবার্গ বলেছেন, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য তীব্র ক্ষুধার পরিস্থিতি থেকে বেরিয়ে আসা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তিনি উল্লেখ করেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষা দেওয়া সম্ভব, তবে এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকার, বিনিয়োগ ও সম্মিলিত উদ্যোগ।

সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের জন্য তাদের মোট অর্থায়নের চাহিদার প্রায় ৭২ শতাংশ ব্যয় হবে জরুরি সংকট মোকাবেলায়। বাকি ২৮ শতাংশ বরাদ্দ রাখা হবে ভবিষ্যতের সংকট মোকাবিলায় বিভিন্ন জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়ানোর কর্মসূচিতে।

ডব্লিউএফপির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখোমুখি ছিল। এর মধ্যে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ জরুরি পর্যায়ের বা তার চেয়েও ভয়াবহ ক্ষুধার পরিস্থিতিতে পড়েছিল। খাদ্যসংকটবিষয়ক বৈশ্বিক প্রতিবেদনেও এ চিত্র উঠে এসেছে।

করোনা মহামারি এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে ডব্লিউএফপির কর্মকর্তা ম্যাথিউ হলিংওয়ার্থ বলেন, ‘আমরা সম্ভবত খুব শিগগির ছয় বছরের মধ্যে তৃতীয় বৈশ্বিক খাদ্যসংকটের মুখোমুখি হতে যাচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার
রাজশাহী নগরীর রাজপাড়া ও পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ ও ২০ নভেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ জাবেদ আকতার (৫০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ মনিরুল ইসলাম মনা (৪০) ও মোঃ নুরুজ্জামান টুকু (৪৯) ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩)।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রাজপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে জাবেদ আকতারকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল সোয়া ৫টার দিকে বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার মোহন ব্রাদার্স নামের একটি দোকান থেকে মনিরুল ইসলাম মনাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ২০ নভেম্বর দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর একটি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলাইবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবাই চেষ্টা করব যেন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি: প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


সবাই চেষ্টা করব যেন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি: প্রতিমন্ত্রী মীর হেলাল

ধর্মীয় সম্প্রীতি এবং মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, "বৌদ্ধ ধর্মসহ পৃথিবীর সব ধর্মের মূল উপপাদ্য বিষয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সমাজ প্রতিষ্ঠা।" তিনি উল্লেখ করেন, "আমরা সবাই মিলে যে যে ধর্মের অনুসারীই হই না কেন, চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি।" প্রতিমন্ত্রী আরও বলেন, "বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।"

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারের ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত পুণ্যার্থী ও ভিক্ষু সংঘকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে রাজবন বিহারে নির্মাণাধীন বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণকাজে সরকারের পক্ষ থেকে অংশীদারির আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাস চাকমাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে রাজবন বিহারের জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুগণ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%