ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চকরিয়ায় টমটম পোড়ানোর মামলায় পেকুয়ায় কর্মরত সাংবাদিক গ্রেপ্তার, কাল এলএলবি পরীক্ষা


চকরিয়ায় টমটম পোড়ানোর মামলায় পেকুয়ায় কর্মরত সাংবাদিক গ্রেপ্তার, কাল এলএলবি পরীক্ষা

কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালে দায়ের করা টমটম পোড়ানোর মামলায় পেকুয়ায় কর্মরত সাংবাদিক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়ার চিরিংগা ম্যাক্স হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছে তার শিক্ষাজীবন। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
গিয়াস উদ্দিন পেকুয়া উপজেলার মগনামা এলাকার বাসিন্দা। তিনি পেকুয়া উপজেলায় সাংবাদিকতায় কর্মরত রয়েছেন। পাশাপাশি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্বের শিক্ষার্থী। আগামীকালের পরীক্ষায় তার দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি বিষয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে গিয়াস উদ্দিনের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন ৪৮ নম্বর এজাহারনামীয় আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পরীক্ষার ঠিক আগের দিন গ্রেপ্তারের ঘটনায় তার নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
তবে মামলায় আসামি হওয়া বা গ্রেপ্তার হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ডেকে নিয়ে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক আটক, পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


মাধবপুরে ডেকে নিয়ে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক আটক, পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি

হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবর পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে তেলিয়াপাড়া চা-বাগান কর্তৃপক্ষ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে।

শাহ মো. হুমায়ুন কবির শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনের সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

তবে তাঁর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে ইতিপূর্বে তিনি একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহের জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে তাঁকে বাগান কার্যালয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত শাহ মো. হুমায়ুন কবির ঢাকা ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় সূত্র ও তাঁর সহকর্মীদের দাবি, বালু উত্তোলন, গাছ চুরি, চা-পাতা পাচার এবং ভারত থেকে অবৈধভাবে আসা চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে একজন প্রবীণ সাংবাদিককে চাঁদাবাজির অভিযোগে আটক ও আদালতে পাঠানোর ঘটনায় হবিগঞ্জের সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকতার আড়ালে কেউ অপরাধ করলে অবশ্যই আইনের আওতায় আসবে, তবে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সাংবাদিক ও সচেতন মহল।

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং আইনানুগভাবে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাট থেকে ঢাকার পথে রওনা : প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


লালমনিরহাট থেকে ঢাকার পথে রওনা : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার দিকে রওনা হয়েছেন লালমনিরহাট থেকে।

তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ড থেকে বিকেল ৪ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

আজ সকালে, ৯টা ১৫ মিনিটে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

সকাল সাড়ে ১০টায়, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর। এই সফরে তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সফরের শুরুতে, সকালে, প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করেন।

দুপুরে, প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিকেলে, লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে, কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, সমাবর্তনে আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, সমাবর্তনে আমন্ত্রণ

রাষ্ট্রপতি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এই সাক্ষাতের সময়, উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে, উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর মান যুগোপযোগী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষাব্যবস্থায় বৈষম্য কমানোর জন্য বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং যবিপ্রবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী জ্ঞানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ইসলামী জ্ঞানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক

বর্তমানে ধর্মীয় বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে এবং ইসলামের বিধান সম্পর্কে জানতে অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য নিচ্ছেন। তবে যন্ত্রের দেওয়া ধর্মীয় ব্যাখ্যা কতটা নির্ভরযোগ্য এবং কোনো যন্ত্র কি ফতোয়া দিতে পারে—এ নিয়ে মুসলিম বিশ্বে নতুন বিতর্কের সূচনা হয়েছে। সম্প্রতি ‘কাফ’ (Qaf) নামের একটি ইসলামিক এআই অ্যাপকে কেন্দ্র করে এই আলোচনা তীব্র হয়েছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে এই বিতর্ক এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

‘কাফ’ অ্যাপটি ইসলাম সম্পর্কে জানা এবং ধর্মীয় জ্ঞান অর্জনে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যার উদ্বোধনী ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে অ্যাপটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে। ওই পোস্টে বলা হয়েছে, কোনো আলেমের দেওয়া ভুল ফতোয়া অনুসরণ করলে সাধারণ মানুষের গুনাহ নাও হতে পারে, কিন্তু এআই-এর দেওয়া ফতোয়া অনুসরণ করলে তার দায় নিজেকেই নিতে হবে।

বিতর্কের প্রেক্ষাপটে অ্যাপটির প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ আব্দেল ফাত্তাহ স্পষ্ট করেছেন যে, অ্যাপটি ফতোয়া দেওয়ার জন্য তৈরি হয়নি; ফতোয়া দেওয়ার দায়িত্ব কেবল যোগ্য আলেমদের। তার মতে, ‘কাফ’ মূলত ইসলাম বিষয়ক গবেষণা ও তথ্য খুঁজে পাওয়ার একটি মাধ্যম।

ধর্মীয় বিষয়ে এআই-এর ব্যবহার নিয়ে আলেম ও বিশেষজ্ঞদের মতামতও এসেছে। মিশরের সাবেক ধর্মবিষয়ক উপমন্ত্রী সালেম আব্দেল গেলিল মনে করেন, যেসব আলেম বা ব্যক্তির আগে থেকেই ধর্মীয় জ্ঞান রয়েছে, তাদের গবেষণার কাজে এআই সহায়ক হতে পারে। তবে সাধারণ মানুষের ধর্মীয় বিধান বা ফতোয়া জানার ক্ষেত্রে এআই-এর ওপর নির্ভর করা উচিত নয়।

একইভাবে, আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েবের পক্ষ থেকে মোহাম্মদ আল দুয়াইনি বলেন, যন্ত্রের পক্ষে ফতোয়া দেওয়া সম্ভব নয়। তবে তিনি এআই প্রযুক্তির উন্নয়নে ইসলামিক বিশ্বকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘এআই যুদ্ধ’ বা প্রযুক্তিগত প্রতিযোগিতার কারণে উন্নত চিপ ও প্রযুক্তি রপ্তানিতে নানা বিধিনিষেধ রয়েছে। ফলে আরব ও মুসলিম দেশগুলো নিজস্ব এআই প্রযুক্তি তৈরির উদ্যোগে বাধার সম্মুখীন হচ্ছে।

এছাড়া, এআই-কে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের অভাব একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামের রাশওয়ানির মতে, বড় বাণিজ্যিক এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত অনলাইন উপকরণের মধ্যে আরবি ভাষার অংশ অর্ধ শতাংশেরও কম। পাশাপাশি, আরব ও ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি ও জ্ঞান এখনো ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত না হওয়ায় এআই-এর মাধ্যমে সঠিক ধর্মীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%