ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কবে থেকে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর


কবে থেকে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

আগামী রোববার পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। তবে সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আবহাওয়া অধিদপ্তর দিন ও রাতের তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় শীত কেমন পড়বে, জানাল আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবারও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: আবহাওয়া অফিসের বার্তা: তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ঈঠা’ সিনেমার জন্য ১০-১২ কেজি ওজন বাড়িয়েছেন শ্রদ্ধা কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


‘ঈঠা’ সিনেমার জন্য ১০-১২ কেজি ওজন বাড়িয়েছেন শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। আসন্ন সিনেমা ‘ঈঠা’র বিশেষ অংশের শুটিংয়ের জন্য তিনি প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন। পরে সিনেমাটির শেষ গানের দৃশ্যের জন্য আবার ১২ থেকে ১৫ কেজি ওজন কমাতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি এই তথ্য জানিয়েছেন সিনেমাটির নৃত্যপরিচালক বৈভবী মার্চেন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বৈভবী জানান, পরিচালক লক্ষ্মণ উতেকার সিনেমাটির শুটিংয়ের জন্য ভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। গল্পের দ্বিতীয়ার্ধ ও শেষের গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে চরিত্রের ওই পর্যায়ের জন্য ওজন বাড়ানোর পরই শুটিংয়ে অংশ নিতে হয় শ্রদ্ধাকে।

বৈভবী আরও বলেন, ওজন বাড়ানোর কারণে সিনেমার লাবণী নাচের দৃশ্যগুলো শ্রদ্ধার জন্য আরও কঠিন হয়ে উঠেছিল। এই নাচে দ্রুত শরীরের ভঙ্গি পরিবর্তন করতে হয়। বাড়তি ওজনের কারণে হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ার পাশাপাশি শারীরিক সক্ষমতারও পরীক্ষা দিতে হয়েছে অভিনেত্রীকে। তাই দীর্ঘ মহড়ার পাশাপাশি শারীরিক প্রস্তুতিও নিতে হয়েছে তাকে।

শ্রদ্ধার এই প্রস্তুতি নিয়ে পরিচালক লক্ষ্মণ উতেকারও পূর্বে কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রতিটি গানের জন্য শ্রদ্ধা টানা ২৫ দিন মহড়া দিয়েছেন। প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করেছেন তিনি। এ সময় দুই পায়ে মোট ৮ কেজি ওজনের ঘুঙুর পরে নাচের অনুশীলন করতে হয়েছে তাকে।

পরিচালক আরও জানান, দীর্ঘ অনুশীলনের কারণে শ্রদ্ধার পা ফুলে যেত। তামাশা ও লাবণী নাচের গভীরতা বুঝতে এবং এই শিল্পরীতি আয়ত্ত করতে নিজেকে চরিত্রের জগতে ডুবিয়ে দিয়েছিলেন তিনি। গানের শুটিংয়ের প্রথম দিন ভালোভাবে শেষ হলেও দ্বিতীয় দিন পেশিতে চোট পান শ্রদ্ধা। এ কারণে সাময়িকভাবে শুটিং বন্ধ রাখতে হয়।

‘ঈঠা’ সিনেমাটি নির্মিত হয়েছে লাবণী ও তামাশা শিল্পের জনপ্রিয় শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। লক্ষ্মণ উতেকার পরিচালিত সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমার সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় নামবে ছবিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চালসহ তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চালসহ তিনজন আটক

হবিগঞ্জে অবৈধভাবে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তিনটি ইজিবাইকও জব্দ করা হয়েছে, যা চাল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের আনোয়ারপুর পয়েন্ট থেকে চালগুলো জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাজী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে মো. ইমন মিয়া, একই গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আল আমিন মিয়া এবং ছোট বহুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইব্রাহীম মিয়া।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচারের খবর পেয়ে শহরের আনোয়ারপুর পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় তিনটি টমটম ইজিবাইকে থাকা ৫৮ বস্তা সরকারি চালসহ তিন চালককে আটক করা হয়। পরে চাল ও আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়।

হবিগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস জানিয়েছেন, খবর পাওয়ার পর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মহিবুর রহমানকে সংশ্লিষ্ট ডিলারের দোকানে খোঁজ নিতে পাঠানো হয়। তিনি ডিলারের রেজিস্টার পরীক্ষা করে চালের মজুত সঠিক রয়েছে বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে রিচি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এমদাদুল হক হিরো বলেন, সরকারি নিয়ম অনুযায়ী তিনি ভোক্তাদের মধ্যে চাল বিতরণ করেছেন। তবে পরে ভোক্তারা সেই চাল কী করেছেন, তা তার জানা নেই।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল পাচারের সময় তিনটি ইজিবাইকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের মূল হোতাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মূলজান এলাকায় অবস্থিত কার্যালয়টিতে এই ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ের জানালা ও সাইনবোর্ডে পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় কার্যালয়ের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি। তবে, কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন, "দুষ্কৃতিকারীরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইকে ককটেল ও গানপাউডারসহ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইকে ককটেল ও গানপাউডারসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে পুলিশ ৫টি ককটেল এবং ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডারসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এই অভিযানটি সম্পন্ন হয়।

গ্রেপ্তার হওয়া দুই ভাই হলেন— সদর উপজেলার বহরম গ্রামের দানেশ ঘোষের ছেলে মো. জুয়েল (৩০) এবং তার ছোটভাই মো. নাইম (২৩)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সদর থানায় দায়ের করা বিস্ফোরণ ও মারামারির একটি মামলায় রাত ১০টার দিকে প্রথমে গ্রেপ্তার করা হয় ১৯ মামলার আসামি জুয়েলকে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে রানীহাটী ইউনিয়নের জামতলা মোড় এলাকা থেকে উদ্ধার করা হয় ৫টি ককটেল ও ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার। এছাড়া, জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ২টার দিকে সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নাইমকে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, ককটেল ও গানপাউডার উদ্ধারের ঘটনায় সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%