০৬:৫৬ এম
বিচার বিভাগের শুদ্ধাচার নিশ্চিত করতে শুধু আর্থিক দুর্নীতির বিষয়টি বিবেচনায় নিলে হবে না, বরং বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত, রাজনৈতিক প্রভাব কিংবা বুদ্ধিবৃত্তিক অসততা থাকলে তা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান এ কথা বলেছেন। গতকাল রোববার রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, বিচারক হওয়ার মধ্যেই সততা ও নিরপেক্ষতার প্রত্যাশা নিহিত রয়েছে। একজন বিচারকের কাছে সততা কোনো বিশেষ গুণ হিসেবে বিবেচিত হওয়ার বিষয় নয়। বরং এটি তার পেশাগত দায়িত্ব ও মৌলিক ভিত্তি। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে বিচারকদের অবশ্যই সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল
তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের কিছু ব্যক্তির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকতে পারে। তাদের বিরুদ্ধে সরকার এবং প্রধান বিচারপতি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছেন। তবে বিচারকদের সার্বিক কর্মপরিবেশ ও বাস্তবতাও বিবেচনায় নেয়া প্রয়োজন। বাংলাদেশের বিচারকরা প্রতিদিন দীর্ঘ সময় ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের অনেকেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিচার বিভাগে এসেছেন। তাদের কাজের স্বীকৃতি দেয়া এবং বেতন-ভাতা, আবাসন ও সামাজিক মর্যাদাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও জরুরি।
বিচারকদের কাজের ইতিবাচক দিক তুলে ধরার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, অনেক বিচারক সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালন করছেন। সরকারি আবাসনের পরিবর্তে তুলনামূলক কম ব্যয়ে ভাড়া বাসায় থেকে তারা নিয়মিত আদালতে যাচ্ছেন এবং অপরাধীদের সাজা দিচ্ছেন। তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের এসব দৃষ্টান্তও গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা উচিত। বিচারকদের ইতিবাচক কর্মকা-ের স্বীকৃতি বিচার বিভাগে শুদ্ধাচার ও ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠার সহায়ক হবে।
আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্য কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে নিজেদের তুলনা করে পেশাগত স্বাতন্ত্র ক্ষুন্ন করা উচিত নয়। বিচারকদের হাতে অর্পিত ক্ষমতা জনগণের আস্থা ও অধিকার রক্ষার জন্য। সেই ক্ষমতা প্রয়োগের প্রতিটি ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও নৈতিকতার পরিচয় দিতে হবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠিত হলে একটি প্রত্যাশিত ও জনমুখী বিচারব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের রুল অব ল, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়েগার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন