বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:১৯ এম
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভাটি বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সোনালী ব্যাংক পিএলসি, ভবানীগঞ্জ শাখার উদ্যোগে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান ও সম্ভাব্য ঋণগ্রহীতা, খেলাপি ঋণগ্রহীতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির রাজশাহী জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।
সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি ভবানীগঞ্জ শাখার শাখা প্রধান (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) এ, এইচ মাহমুদুন্নবী।
মতবিনিময় সভায় সোনালী ব্যাংক রাজশাহীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিভূতিভূষণসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
এ সময় গ্রাহকদের মধ্যে নজরুল ইসলাম, আমছের আলী সান্টু, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, জুলফিকার আলী ভুট্টো ও রুহুল কুদ্দুসও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনালী ব্যাংক পিএলসি ভবানীগঞ্জ শাখার সিনিয়র অফিসার শফিকুর রহমান।
মতবিনিময় সভায় ব্যাংকের ঋণ কার্যক্রম, গ্রাহকসেবা এবং ঋণগ্রহীতাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় ব্যাংক ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে ১২ জন গ্রাহকের মাঝে ১ কোটি ৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি খেলাপির ঋণ আদায় করা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন, দেশের স্বার্থে জমি দখলদারদের বিরুদ্ধে সরকার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি উল্লেখ করেন, ‘দেশের স্বার্থে অত্যন্ত আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জমি দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আজ জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে বিএনপির সংরক্ষিত মহিলা আসন-৩২-এর সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের উত্থাপিত জরুরি জন-গুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে ভূমিমন্ত্রী এ বক্তব্য প্রদান করেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে ‘দরবেশ বাবা’, ‘ভূমি বাবা’সহ বিভিন্ন ক্ষেত্রে স্বৈরতন্ত্রের চর্চা দেখা গেছে। তারা বিভিন্নভাবে দেশকে শোষণ করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, বালু ও মাটি উত্তোলন, বিপণন, পরিবহন ও বিতরণ ব্যবস্থাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে সরকার ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ সংশোধন করে ভূমি মন্ত্রণালয় বালু ও মাটি উত্তোলনের অনুমোদন প্রদান করেছে।
একই সঙ্গে ইজারার শর্ত ভঙ্গ করে বালুমহাল ইজারা নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য সরকার সারাদেশে দিনরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বলেও জানান ভূমিমন্ত্রী।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৬১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এছাড়া ২০২৫ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ৯৭৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এসব অভিযানের আওতায় ৪ হাজার ১৫টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন মেয়াদে ১ হাজার ২১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২২ কোটি ১৪ লাখ টাকার বেশি আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশবিদদের মতে, অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে পানির স্বচ্ছতা নষ্ট হয় এবং উদ্ভিদ ও মাছের আবাসস্থল ধ্বংস হয়। একই সঙ্গে এটি স্থানীয় জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন মুলতবি হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই মুলতবি ঘোষণাটি আজ বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কর্তৃক করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফর এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরের প্রস্তুতি হিসেবে ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন করেছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার রাত ১০টার দিকে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করার সময়, মন্ত্রী সভাস্থল এবং মঞ্চ প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী সফরের সময় সকালে পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। পরে তিনি বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন এবং ফুলগাজীতে তাঁর নানার বাড়ি পরিদর্শন করবেন।
বিকালে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-পুরোহিতদের ভাতা বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তাও প্রদান করবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং প্রশাসন ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার এই অভিযানটি পুলিশ কর্তৃক পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর থানায় ৪৩ জন, শাহ আলী থানায় ১৪ জন, পল্লবী থানায় ২৩ জন, কাফরুল থানায় ২০ জন, দারুস সালাম থানায় ১৬ জন, রুপনগর থানায় ১৫ জন এবং ভাষানটেক থানায় ৮ জন রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ