০৯:৩৯ পি.এম
পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের রেকর্ডীয় ৩৬ দশমিক ৫ শতক জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ একটি পরিবারের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনায় জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা জমি উদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনের সময় তারা অবিলম্বে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার এবং সেখানে স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জ থেকে সুজন সাহা গ্রেপ্তার
মানববন্ধনে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম, কলেজ শাখার শিক্ষক নুরে আলম জাকারিয়া রতন, স্কুল শাখার সহকারী শিক্ষক আলমগীর হোসেন এবং ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক হাওয়ানুর লিপি আরা বেগম বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, বোদা পৌর শহরের মসলেমপুর মৌজার ৩৬৫ নম্বর দাগে থাকা ৩৬ দশমিক ৫ শতক জমি মাহমুদুল হক, জহিরুল হক, গোলাম ফারুকসহ একই পরিবারের ১০ সদস্য অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করছেন।
বক্তারা জানান, জমিটির মালিকানা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৫ সালে আদালতে মামলা করেন অভিযুক্ত পরিবারের সদস্যরা। মামলাটি চলমান থাকলেও অভিযোগ উঠেছে যে ওই জমিতে স্থাপনা নির্মাণের কাজ চালানো হচ্ছে। জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিল থাকার পরও উল্টো মামলা দিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন বক্তারা।
শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও সম্পত্তি রক্ষায় অবিলম্বে স্থাপনা নির্মাণ বন্ধ এবং জমি উদ্ধারে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ চান বক্তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: নওগাঁ জেলা পুলিশের ঝটিকা অভিযান গত সন্ধ্যায় মহাদেবপুরের ০৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতের মধ্যেই ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত ০৯ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার
এ বিষয়ে জানতে অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন