পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা
০৭:৫২ পি.এম
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানটিতে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একইসঙ্গে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নার্সারি মালিকদের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। অনুষ্ঠানটিতে সামাজিক বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৃক্রমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নারায়ণগঞ্জ || ০৩ আগস্ট, ২০২৬ খ্রি.
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে রাইলে পামারট্রি’র নেতৃত্বে এফবিআই’র দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন। আইজিপি এফবিআই’র সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআই’র সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া হত্যা মামলায় জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এদিকে, অপর একটি হত্যাচেষ্টা মামলায় আদালত তার জামিনকে বহাল রেখেছেন।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ প্রদান করেন। গত ২৯ জুলাই রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিল।
এর মধ্যে একটি মামলা ছিল খিলগাঁও থানার হত্যা মামলা, আর অপরটি ছিল মুগদা থানার হত্যাচেষ্টা মামলা। পরবর্তীতে জামিনের রায় স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন জানায়।
সোমবার শুনানি শেষে খিলগাঁও থানার মামলায় জামিন স্থগিত করা হয় এবং মুগদা থানার মামলায় জামিন বহাল রাখার কথা জানান ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ। এর পূর্বে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত একটার পর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহায়ক মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহায়ক মন্ত্রী জুলিয়ান হিল এমপি আজ সচিবালয়ে সাক্ষাৎ করতে এলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার আগে উল্লেখ করা এই আহ্বান জানান।
নিজ দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দীর্ঘস্থায়ী মানবিক সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসন।’
তিনি উল্লেখ করেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান কেবল বাংলাদেশে নয়, বরং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্যও অপরিহার্য’।
প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য ধারাবাহিক আন্তর্জাতিক মনোযোগ ও সমর্থন নিশ্চিত করতে বৈশ্বিক মঞ্চে বিষয়টি নিয়ে কথা বলা অব্যাহত রাখতে অস্ট্রেলিয়াকে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানবপাচার রোধ, রোহিঙ্গা ইস্যু, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা, জনশক্তি রফতানি, সামুদ্রিক নিরাপত্তাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অস্ট্রেলিয়াকে বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন ও কৌশলগত অংশীদার হিসেবে গণ্য করা হচ্ছে এবং তিনি আশা করেন, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি।
তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার মনে করে এবং দুই দেশের এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বিকশিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে ইউরোপসহ বিভিন্ন রুটে অবৈধ অভিবাসন ও মানবপাচারের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ জাতীয় সংসদে সম্প্রতি ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬’ পাস হয়েছে। তিনি অনিয়মিত অভিবাসন বন্ধে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং বালি প্রসেস-এর রূপরেখা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের এই নতুন মানবপাচার বিরোধী আইনের প্রশংসা করেন এবং এর কার্যকর বাস্তবায়নে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কারিগরি ও সমন্বিত সহায়তার প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, একটি সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থার জন্য অনিয়মিত অভিবাসীদের মসৃণ ও দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া অত্যন্ত জরুরি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১৪-১৮ জুন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে নিয়মিত অভিবাসন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক মানবপাচার প্রতিরোধসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে উভয়পক্ষ একমত হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং অস্ট্রেলিয়া সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, সহকারী মন্ত্রীর চিফ অব স্টাফ ক্যামেরন গ্রিন, শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের ভারপ্রাপ্ত ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. ডেমিয়ান অলিভার, শিক্ষা মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মিনিস্টার-কাউন্সিলর (শিক্ষা ও গবেষণা) জর্জ থিভিওস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্টিভেন বিডল প্রমুখ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর অনুসারে, অজ্ঞাত পরিচয়ে এই হ্যাকিংয়ের চেষ্টা চালানো হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের নেতা ও সরকারের এ প্রতিমন্ত্রী লেখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত ৩ দিন ধরে আমার ফেসবুক, What’s App ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।’
এর আগে দেওয়া পৃথক আরেকটি পোস্টে তিনি তার নাম ব্যবহার করে অপকর্ম করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং লেখেন, ‘আমার নাম ব্যবহার করে অনিয়ম, অপকর্ম করে পার পাবার সুযোগ নেই। দশমিনা এক্সপ্রেস নামে গলাচিপা, দশমিনা, বাউফল রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ক্ষতিগ্রস্তরা এদের বিরুদ্ধে মামলা করুন। এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং মামলা করলে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ