০২:৫৩ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারের সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে নির্মাণাধীন বিশাল বিজয়তোরণ প্রকল্প বন্ধের জন্য আদালতে আবেদন করেছেন।
মঙ্গলবার তারা আদালতে একটি আবেদন দাখিল করেছেন, যেখানে তারা এ প্রকল্পের কাজ বন্ধ করার নির্দেশনার দাবি জানিয়েছেন।
প্রস্তাবিত বিজয়তোরণের উচ্চতা ২৫০ ফুট হবে। এটি নির্মিত হলে বিশ্বের সবচেয়ে বড় বিজয়তোরণ হিসেবে পরিচিতি পাবে। ট্রাম্পের হাতে থাকা নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে এটি একটি, যা ওয়াশিংটনে তার ব্যক্তিগত ছাপ রেখে যাওয়ার উদ্দেশ্যে পরিকল্পিত।
আরও পড়ুন: রুবিওর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এ খবরটি জানায়।
কেনেডি পরিবারের সদস্যরা আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, প্রস্তাবিত বিজয়তোরণটি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তার পরিবারের সদস্যদের সমাধির দৃশ্য আড়াল করবে। এতে সমাধিস্থলগুলোর নকশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও জানান, তোরণের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের মধ্যে সরাসরি দৃষ্টিসংযোগ বাধাগ্রস্ত হয়। গৃহযুদ্ধের পর জাতির ঐক্যের প্রতীক হিসেবে পরিকল্পিতভাবে ওই দৃষ্টিসংযোগ রাখা হয়েছিল।
এদিকে, উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম এ মামলার বাদীদের তালিকায় অন্তর্ভুক্ত নেই।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার শঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার স্ত্রী জ্যাকুলিন কেনেডি ওনাসিস এবং তাদের দুই সন্তানকে ওয়াশিংটনের কাছে অবস্থিত বিশাল সামরিক সমাধিক্ষেত্র আর্লিংটনে সমাহিত করা হয়েছে। সেখানে সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও এডওয়ার্ড এম কেনেডি এবং রবার্ট এফ কেনেডির স্ত্রী এথেল কেনেডিও সমাহিত রয়েছেন।
আর্লিংটন সমাধিক্ষেত্রের পাহাড়ের চূড়ায় অবস্থিত কেনেডি স্মৃতিসৌধটি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। সেখানে একটি শিখা অবিরাম জ্বলছে। সমাধিক্ষেত্রের সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হয় এমন স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। অন্যটি হলো ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সৈনিকের সমাধি।
চলতি নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের এক বিচারক বিজয়তোরণ নির্মাণ কাজ দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। প্রকল্পটির নির্মাণকাজ এখনও শুরু হয়নি। আইনি চ্যালেঞ্জগুলো পর্যালোচনার জন্য সময় দিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের শেষ দিকে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের নামের সঙ্গেও নিজের নাম যুক্ত করেন। ১৯৬৩ সালে আততায়ীর হাতে নিহত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছিল।
আরও পড়ুন: পৃথিবীর সর্বোচ্চ জনবসতি, যেখানে নেই পানি ও পয়োনিষ্কাশন
ছয় মাসেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির ভবনের সম্মুখভাগে ‘ডোনাল্ড জে. ট্রাম্প’ নামটি লেখা ছিল। পরে নতুন নামকরণকে অবৈধ ঘোষণা করা হলে তা সরিয়ে ফেলা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন