০৮:৩৭ পি.এম
রাজধানীর ইসিবি চত্বরের নামাপাড়া এলাকার স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পের ভুক্তভোগী জমির মালিকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চাঁদাবাজি বন্ধ, ভূমি দখল এবং চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপিত গেট অপসারণের দাবি জানিয়েছেন।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পের ৩৫ কাঠা জমির অন্যতম মালিক মেজর জেনারেল মহিউদ্দিন (অব.)। উপস্থিত ছিলেন মেজর (অব.) এম এম আরিফুর রহমান, ফিরোজ মিয়া, তাজুল ইসলাম বাবু, মনিরুল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, জাকির হোসেন, মিজানুর রহমান এবং মাওলানা শাহরিয়ার মাহমুদসহ অন্যান্য ভুক্তভোগী জমির মালিকরা।
বক্তারা অভিযোগ করেন, নাজিম উদ্দিন ভূইয়া ও তার সহযোগীরা অন্যের জমি দখল, চাঁদাবাজি এবং জমির ওপর প্রতারণামূলকভাবে সাইনবোর্ড স্থাপন করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত। তারা এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একইসাথে চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপিত গেট দ্রুত অপসারণেরও দাবি জানান। বক্তারা জানান, নিউ গিনি প্রোপার্টিজ-সংক্রান্ত বিষয়সহ তারা দীর্ঘদিন ধরে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।
আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে ইসিজি-ইকোতে অতিরিক্ত টাকা ও ওষুধ মজুতের গরমিলের অভিযোগ
ভুক্তভোগীদের অভিযোগ, নাজিম উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি প্রায় ১৩-১৪ বিঘা জমি অন্যায়ভাবে দখলে রেখেছেন। তারা বলেন, নাজিম উদ্দিন ভূইয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এ আরাফাতের অন্যতম সহযোগী ছিলেন এবং তার প্রভাবকে কাজে লাগিয়ে ভাঙারি ব্যবসা থেকে ভূমি দখলের সঙ্গে জড়িয়ে পড়েন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।
বক্তারা আরও অভিযোগ করেন, দখল করা সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ গেট অপসারণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে গত ২৬ সেপ্টেম্বর সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজস্ব ও ভাড়াটে লোকজন দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়। পরে উল্টো মামলা দিয়ে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, স্বপ্ননিবাস আবাসিক প্রকল্প ও আশপাশের এলাকার প্রায় ৩০০ পরিবার দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে ভোগান্তিতে রয়েছে। তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অবৈধ গেট অপসারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন