মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
১২:২৭ পি.এম
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও সিগারেট বহনকারী দুই অজ্ঞাত ব্যক্তি পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ৩০ জুলাই দিবাগত রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে দেখতে পান। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি ‘Patron’ সিগারেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল পরিচালনা করে আসছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে চোরাচালানের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্তমান বিএনপি সরকার নিজেই দাবি করেছে যে, দেশে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই মন্তব্য করেছেন।
তিনি শুক্রবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মলনে যোগ দিয়ে এই কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল ১ আগস্ট। আর তাদের দেশ ছাড়তে হয়েছে ৫ আগস্ট।’
শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ ধরে তিনি বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনে শ্রমিক সমাজ সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। সবচেয়ে বেশি প্রাণ এই সমাজই হারিয়েছে। তারা কোটার বিরুদ্ধে নয়, বরং বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন করেছে।’
বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রচেষ্টা দেখছি, তিনি চেষ্টা করছেন সবাইকে চাকরি দিতে। চাকরি দিয়েছেন ঠিকই, তবে টেম্পু স্টেশনে। এই চাকরি বাংলাদেশ প্রত্যাখ্যান করে।’
দুর্নীতি ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, ‘নব নির্বাচিত সরকার নিজেই দাবি করছে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখছি, তারেক রহমানের ইশারায় সব চলছে। তাহলে তার ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন?’
তিনি আরও অভিযোগ করেন, নৈতিক দিক থেকে সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং বলেন, ‘চাঁদাবাজদের কাছে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। এগুলো সরকারি দল থেকে করা হচ্ছে।’
তিনি জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘৭০ শতাংশ মানুষ গনভোটের পক্ষে রায় দিয়েছে। সরকার যদি গণতান্ত্রিক হয়, তবে তাদের এই রায় মানতে হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ : হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুক্রবার এএফপিকে জানিয়েছেন যে, যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইলের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই চুক্তিতে সংগঠনটির অস্ত্র সমর্পণ এবং গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরাইল ও গোষ্ঠীটির মধ্যে অক্টোবর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি প্রক্রিয়ার পথে অন্যতম প্রধান জটিল বিষয় ছিল। এদিকে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রতিদিনের সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরাইলি বাহিনী অভিযোগ করেছে যে, তারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এদিকে, খবরটি বার্তা সংস্থা এএফপি’র প্রকাশ করেছে।
হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, 'অস্ত্রের বিষয় নিয়ে একটি সমঝোতা হয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকা থেকে (ইসরাইলি বাহিনীর) ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়েও সমঝোতা হয়েছে।'
তিনি আরও বলেছেন, এখন হামাস আশা করছে যে, মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অব পিস' চুক্তির শর্তগুলো ইসরাইল মেনে চলছে কি না, তা নিশ্চিত করা হবে।
হামাসের আলোচনার সদস্য গাজি হামাদ জানিয়েছেন, গাজাবাসীকে হত্যা ও বাস্তুচ্যুতির হাত থেকে রক্ষা করার জন্য সংগঠনটি 'জনগণের স্বার্থে কিছু ছাড় দিচ্ছে'।
তিনি বলেন, হামাসের অস্ত্রের বিষয়টি ইসরাইলি সেনা প্রত্যাহার, জাতীয় কমিটির মোতায়েন এবং গাজার পুনর্গঠন কার্যক্রমের সঙ্গে যুক্ত। এদিকে, নিরস্ত্রীকরণের বিষয়ে ইসরাইল কোনো হস্তক্ষেপ করবে না। এই কাজটি জাতীয় কমিটিই পরিচালনা করবে।
হামাসের কর্মকর্তা জানিয়েছেন, গাজা প্রশাসনের জন্য জাতীয় কমিটি (এনসিএজি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী অস্ত্রের তালিকা তৈরি ও সংরক্ষণের কাজ পরিচালনা করবে। গাজায় অস্ত্র সংরক্ষণ, মজুত বা নিয়ন্ত্রণের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান হবে জাতীয় কমিটি।
এখনো গাজা উপত্যকায় প্রবেশ করেনি, 'বোর্ড অব পিস'-এর মাধ্যমে গঠিত গাজা প্রশাসনের জন্য জাতীয় কমিটি।
গাজি হামাদ জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে শুরু হওয়া 'দীর্ঘ ও কঠিন' আলোচনা শেষে এই সমঝোতায় পৌঁছানো গেছে। এ চুক্তিতে যুদ্ধের অবসান, গাজায় জাতীয় কমিটির প্রবেশ, ইসরাইলি সেনা প্রত্যাহার, পুনর্গঠন এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, 'এটি একটি সমন্বিত কাঠামো, যার প্রতিটি অংশ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সেই সম্পর্ক বজায় রাখতে হবে। এছাড়া অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকেও বিলুপ্ত করতে হবে।'
তিনি আরও বলেন, এখন হামাস মধ্যস্থতাকারীদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর চিলি বৃহস্পতিবার জানিয়েছে, তারা ভেনেজুয়েলার সঙ্গে আবারও সম্পর্ক স্বাভাবিক করছে।
ওই বছরের জুলাই মাসে ভেনেজুয়েলা সরকার চিলি এবং আরও ছয়টি দেশ থেকে তাদের কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। এসব দেশ মাদুরোকে বিজয়ী ঘোষণা করা নির্বাচনের ফলাফল পর্যালোচনার দাবি জানিয়ে ছিল।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া গেছে।
গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর হাতে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর বেশ কয়েকটি দেশ কারাকাসের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেছে।
চিলির ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত বলেন, আজ থেকে চিলি ও ভেনেজুয়েলা একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। এই সমঝোতা আমাদের একই মহাদেশের দেশ হিসেবে নিরাপত্তা, অভিবাসন এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলোতে বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এগিয়ে যেতে সহায়তা করবে।
কাস্ত চিলিতে অবস্থিত প্রায় ৩ লাখ ৩০ হাজার বৈধ কাগজপত্রহীন মানুষকে বিতাড়িত করতে চান। তবে ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে এই উদ্যোগটি বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার মধুপুরে বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও, এ ঘটনার কারণে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে যে, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স নামক একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পায় স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা, যারা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
এই সময়েই ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসক জানান যে, এ সময় তাদের মধ্যে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত ১৭ জনের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ