০২:৩৮ পি.এম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, দেশে সার সরবরাহ এবং মজুদ যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু কৃষকদের কাছে সঠিকভাবে সার পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। ডিলারদের একটি অংশ কৃষকদের মধ্যে সার বিতরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন এবং জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পঞ্চগড় জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করেছে।
ক্ষুদ্র কৃষকদের সার সংগ্রহ করতে দিনের পর দিন, এমনকি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থার সংকট সমাধানের জন্য শূন্য পদে নতুন ডিলার নিয়োগ এবং ইউনিয়নভিত্তিক ডিলারশিপ প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: ডা. শফিকুর রহমান
তিনি আরও বলেন, পঞ্চগড়ে প্রায় ১০ হাজার একর জমিতে চা চাষ হয়। তাই জেলার চা বাগানগুলোতে অতিরিক্ত সারের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে জেলায় আলু চাষও বেশি হওয়ায় এসব ফসলের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সার নিয়ে গুজব কিংবা কৃত্রিম সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি জানান, সারের সরবরাহ, মজুদ, বিতরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভিন। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং সার ডিলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ভিপি নুরের ‘বারুদ কণ্ঠের’ হুঁশিয়ারি জামায়াত-এনসিপির জন্য রাশেদ খানের সতর্কতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন