ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কিশোরগঞ্জে কলেজ বাসে অগ্নিসংযোগ, কেউ আহত হয়নি


কিশোরগঞ্জে কলেজ বাসে অগ্নিসংযোগ, কেউ আহত হয়নি

কিশোরগঞ্জের বাজিতপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে একটি কলেজ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা দুর্বৃত্তদের কাজ বলে মনে হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের কাছে পুলিশ ফাঁড়ির নিকটবর্তী স্থানে ভৈরব মহিলা কলেজের ছাত্রীদের পরিবহনের জন্য ব্যবহৃত বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে, ঘটনার সময় বাসটিতে কেউ উপস্থিত ছিল না।

ঘটনার খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিরিজপুর বাজারে একটি খালি বিআরটিসির বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বিআরটিসির বাসটি ভৈরব মহিলা কলেজের শিক্ষার্থীদের পরিবহন করত এবং এটি রাতে পিরিজপুর বাজারে পার্ক করা থাকত। অগ্নিকাণ্ডের ফলে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড: সরকারি সহায়তায় নারীদের দুশ্চিন্তা কমছে, নতুন স্বপ্ন বুনছেন তারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


ফ্যামিলি কার্ড: সরকারি সহায়তায় নারীদের দুশ্চিন্তা কমছে, নতুন স্বপ্ন বুনছেন তারা

সংসারে অভাব-অনটন, স্বামীর অনিয়মিত আয় অথবা অসুস্থতায় উপার্জন বন্ধ হয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তা—এমন পরিস্থিতিতে নিম্নআয়ের বহু পরিবারের নারীদের জীবন কাটছে অনিশ্চয়তার মধ্যে। সন্তানদের পড়াশোনা, সংসারের খরচ এবং নিজেদের সামান্য প্রয়োজন মেটাতে তাদের অন্যের ওপর নির্ভর করতে হয়। তবে নিয়মিত আর্থিক সহায়তা হিসেবে সরকারের ফ্যামিলি কার্ড তাদের জীবনে নতুন স্বস্তি নিয়ে এসেছে। মাসে আড়াই হাজার টাকা পেয়ে কেউ সংসারের প্রয়োজন মেটাচ্ছেন, কেউ সন্তানের পড়াশোনার খরচ চালাচ্ছেন, আবার কেউ সেই অর্থের একটি অংশ বিনিয়োগ করছেন হাঁস-মুরগি ও কবুতর পালনের মতো ক্ষুদ্র উদ্যোগে। ফলে শুধু সংসারের আর্থিক চাপই কমছে না, বরং নারীদের মধ্যে আত্মনির্ভর হওয়ার নতুন স্বপ্নও তৈরি হচ্ছে।

‘ফ্যামিলি কার্ডে’র সুবাদে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজুর বিশ্বাসের সংসারে এখন অনেকটা স্বস্তি ফিরে এসেছে। প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা পাচ্ছেন স্ত্রী সুফিয়া বেগম। স্বামীর আয় না থাকলেও সংসার চালাতে আগের মতো আর তেমন কষ্ট হচ্ছে না।

গত পাঁচ মাসে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে হাঁস-মুরগির বাচ্চা কিনেছেন সুফিয়া বেগম। সেগুলো বড় হচ্ছে। কবুতর পালনের জন্য ঘরও তৈরি করেছেন। আগামী মাসে কবুতর কেনার পরিকল্পনা রয়েছে তার।

সুফিয়া বেগম বলেন, ‘সরকারের দেওয়া টাকায় হাঁস-মুরগি কিনছি। বাচ্চাদের পড়ালেখার খরচ চালাচ্ছি। প্রধানমন্ত্রীকে সামনে পেলে একটু ভালো করে ধন্যবাদ জানাতে পারতাম।’

এটি শুধু সুফিয়া বেগমের সংসারেই পরিবর্তন আনেনি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের এই নিয়মিত সহায়তা বদলে দিচ্ছে ওই এলাকার অনেক নারীর জীবন। সংসারে স্বামীর অনিয়মিত আয় কিংবা অসুস্থতার ধাক্কা সামলে এই নারীরা এখন সন্তানদের পড়াশোনা, ঋণের কিস্তি পরিশোধ এবং নিজেদের ছোটখাটো প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজেদের গড়ে তুলছেন আত্মনির্ভরশীল হিসেবে।

গত ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলট কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই দিন চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২টি পরিবারের নারীদের হাতে কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে দিনই উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় আড়াই হাজার টাকা করে।

সংসারের খরচের পাশাপাশি বাড়তি আয়ের চেষ্টা

একই ওয়ার্ডের মধ্যপাড়ার মেহেরুন নেসার (৩৫) সংসারেও এই অর্থ নতুন সম্ভাবনা তৈরি করেছে। তার স্বামী সিরাজুল ইসলাম পিকআপ ভ্যান চালান। সব সময় কাজ থাকে না। নিজেদের ছোট্ট ভিটেবাড়ি ছাড়া আর কোনো সম্পদও নেই। সংসারের খাবারের খরচ মেটানো গেলেও দুই সন্তানের পড়াশোনার ব্যয় জোগাতে কষ্ট হতো।

ফ্যামিলি কার্ডের অর্থের একটি অংশ দিয়ে ছয়টি টাইগার জাতের মুরগির বাচ্চা কিনেছেন তিনি। এখন প্রতিটির ওজন দুই কেজির বেশি। প্রতি কেজি মুরগির দাম ৬০০ টাকা বলে জানান তিনি। কিছু টাকা দিয়ে কবুতরের ঘরও তৈরি করেছেন।

মেহেরুন বলেন, ‘ফ্যামিলি কার্ডের কিছু টাকা ছেলে-মেয়ের লেখাপড়ার খরচে ব্যয় করার পর বাকি টাকা দিয়ে বাড়তি কিছু আয়ের পথ তৈরি করছি।’

মধ্যপাড়ার নাসিমা আক্তারের (৩০) সংসারেও স্বামীর অনিয়মিত আয় ছিল বড় সমস্যা। তার স্বামী রকিবুল ইসলাম পিকআপ ভ্যান চালান। ভাড়া নিয়ে বাইরে গেলে সাত-আট দিন বাড়িতে ফিরতে পারেন না। তখন সংসারের খরচ ও দুই ছেলের পড়াশোনার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ত।

নাসিমা বলেন, ‘এখন আর আগের মতো সমস্যা হয় না। ফ্যামিলি কার্ডের টাকায় বাচ্চাদের লেখাপড়ার খরচ চালানোর পর নিজের হাতখরচও করতে পারছি। আমরা খুব খুশি।’

অসুস্থ স্বামীর সংসারে নিয়মিত সহায়তা

মধ্যপাড়ার রাজিয়া সুলতানার (৩০) সংসারে এই অর্থের গুরুত্ব আরো বেশি। তার স্বামী রনি হোসেন আগে পিকআপ ভ্যান চালাতেন। দুই বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের এক অংশ অচল হয়ে যায়। বন্ধ হয়ে যায় উপার্জনও।

স্বামীর ওষুধ, মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন রাজিয়া। আত্মীয়স্বজনের সহায়তা নিয়েও ধারদেনায় জড়াতে হয় তাকে। এখন ফ্যামিলি কার্ডের অর্থ নিয়মিত সহায়তা জোগাচ্ছে।

রাজিয়া বলেন, ‘আমাদের সংসারের কোনো আয় ছিল না। আলহামদুলিল্লাহ, মাস শেষে নিশ্চিত একটা টাকা পাচ্ছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই।’

রনি হোসেন বলেন, ‘আমার শরীরের এক পাশে কোনো শক্তি পাই না। ফ্যামিলি কার্ড আমার সংসারটারে বাঁচিয়ে দিয়েছে।’

ঋণের কিস্তি ও পড়াশোনার খরচ মেটানো

বর্মণপাড়ার লক্ষ্মী রানী বিশ্বাসের (৫০) সংসারে অভাবের সঙ্গে লড়াই দীর্ঘদিনের। তার স্বামী মৃত্যুঞ্জয় বিশ্বাস মৌসুমি কাজ করেন। সংসার চালাতে লক্ষ্মী রানিকে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করতে হয়। দুই মেয়ের একজনের বিয়ে হয়েছে। অন্যজন এইচএসসিতে পড়ছে।

আগে প্রতিবন্ধী ভাতা হিসেবে তিন মাস পরপর ২ হাজার ৭০০ টাকা পেতেন তিনি। এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে পাচ্ছেন ২ হাজার ৫০০ টাকা।

লক্ষ্মী রানী বলেন, ‘এনজিও থেকে ঋণ নেওয়া ছিল। কিস্তি দিতে পারছিলাম না। প্রতি মাসে ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ায় কিস্তি পরিশোধ করতে পারছি। মেয়ের লেখাপড়ার খরচ দিতে পারছি। আবার গরু, ছাগল ও মুরগির খাবারও কিনতে পারছি।’

তার প্রতিবেশী সুচিত্রা বর্মণও এই অর্থে স্বস্তি পেয়েছেন। সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি সংসারের ব্যয় চালাতে পারছেন তিনি।

মল্লিকপাড়ার আঞ্জুয়ারা বেগমের (৪০) কাছে ফ্যামিলি কার্ডের অর্থ নিজের প্রয়োজন মেটানোর সুযোগ তৈরি করেছে। তার স্বামী জাকারিয়া একটি ওয়ার্কশপে মেকানিকের কাজ করেন। টানাটানির সংসারে খাবারের সংস্থান করতেই কষ্ট হয় তাদের।

আঞ্জুয়ারা বলেন, ‘সব পরিবারেই মেয়েদের আলাদা কিছু খরচ থাকে। টানাটানির সংসারে বাড়ির পুরুষদের কাছে এই টাকা চাওয়া যায় না। ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ায় খুবই সুবিধা হয়েছে।’

সুফিয়া, মেহেরুন, রাজিয়া কিংবা লক্ষ্মী রানীর কাছে ফ্যামিলি কার্ডের অর্থের ব্যবহার আলাদা। কারও কাছে এটি সন্তানের পড়াশোনার খরচ। কারও কাছে স্বামীর ওষুধ কেনার ভরসা। আবার কারও কাছে বাড়তি আয়ের পুঁজি। এই সহায়তা তাদের সংসারের চাপ কমাচ্ছে। পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটানোর সুযোগও তৈরি করছে।

আরো এলাকায় বিতরণের প্রস্তুতি

যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, নিম্নবিত্ত পরিবারের নারীরা সংসারের অনেক কাজ করলেও নিজেদের খরচ করার মতো অর্থ থাকে না। নারীদের আর্থিক সক্ষমতা ও পরিবারে মর্যাদা বাড়াতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

তিনি জানান, পাইলট কর্মসূচি থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। জেলার অন্য এলাকাগুলোতেও তথ্য সংগ্রহ চলছে। তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, একটি ওয়ার্ডে কার্ড বিতরণের পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এই অভিজ্ঞতা পরবর্তী ধাপে কাজে লাগানো হবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে তা বাস্তবায়নের কাজ শুরু করে।

তিনি জানান, যশোর সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে। লেবুতলা, নওয়াপাড়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের একটি করে ওয়ার্ডে তথ্য সংগ্রহ চলছে। পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডেও শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, চাঁচড়ার সাত নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণে দল, মত, ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য এলাকাগুলোতেও একইভাবে কার্ড বিতরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগের সঙ্গে রামেক হাসপাতাল পরিচালকের গোপন বৈঠক, ঘেরাও আইনশৃঙ্খলা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


ছাত্রলীগের সঙ্গে রামেক হাসপাতাল পরিচালকের গোপন বৈঠক, ঘেরাও আইনশৃঙ্খলা বাহিনী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন মিটিংয়ের সময় তাদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান নিয়েছে। শিক্ষার্থী ও চিকিৎসকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রলীগকে সমর্থন দিচ্ছে।

অবরুদ্ধদের মধ্যে রয়েছেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার শীর্ষ দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে বৈঠক করছেন—এমন খবর প্রকাশিত হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কার্যালয় ঘেরাও করেন। বর্তমানে কার্যালয়ের ভেতরে ওই নেতারা অবরুদ্ধ রয়েছেন। সেখানে হাসপাতাল পরিচালকও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে

আর্জেন্টিনার আন্তর্জাতিক উইন্ডো বর্তমানে চলছে, যেখানে লিওনেল মেসি উপস্থিত নেই। এই দৃশ্যটি গত কয়েক বছরে অনেকবার দেখা গেছে।

তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। মেসি অবসরে গেছেন এবং তাকে ছাড়া নতুন যুগের সূচনা করতে যাচ্ছে আর্জেন্টিনা। এই নতুন যুগের প্রথম উইন্ডো গতকাল থেকে শুরু হয়েছে।

কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে নতুন এই যুগের প্রথম উইন্ডোয় দলটি দুটি ম্যাচ খেলবে। তিনবারের বিশ্বজয়ীদের এই ম্যাচগুলো দেশের মাটিতে অনুষ্ঠিত হবে।

এই উইন্ডোর প্রথম ম্যাচটি উরুগুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাব্বি হাইম সোফার: আমি মুসলিম নই, তবু খেলাফত ফিরে আসুক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


রাব্বি হাইম সোফার: আমি মুসলিম নই, তবু খেলাফত ফিরে আসুক

ইহুদি ধর্মীয় নেতা রাব্বি হাইম সোফার আলোচনায় এসেছেন "আমি মুসলিম নই। কিন্তু আমি চাই, খেলাফত আবার ফিরে আসুক।" এই বক্তব্যের মাধ্যমে। তার মতে, মুসলিম শাসনামলে ইহুদি ও মুসলমানদের মধ্যে দীর্ঘকালীন সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার নজির ছিল। বিশেষ করে বাগদাদে তার পরিবারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেছেন, মুসলিম প্রতিবেশীরা ইহুদিদের ধর্মীয় উৎসবেও সহযোগিতা করতেন।

হাইম সোফার একজন অর্থোডক্স ইহুদি রাব্বি। তিনি ইহুদিবাদী জাতীয়তাবাদ বা জায়নবাদের কঠোর সমালোচক এবং ফিলিস্তিনপন্থি হিসেবে পরিচিত। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ইসলাম২১সি তার বক্তব্য ও অভিজ্ঞতা নিয়ে "রাব্বি গিভস অ্যান ইসলামিক হিস্ট্রি লেসন" শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। এর আগে ন্যারেটিভ হাউসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত তার একটি ভিডিও নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছে লিডার্স মেনা।

নিজের পারিবারিক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সোফার বলেন, তাদের পরিবার ছিল বাগদাদের ইহুদি পরিবার। মুসলিম প্রতিবেশীদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল আন্তরিক। ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব পাসওভার বা পেসাখ উপলক্ষে প্রতিবেশী মুসলমানেরা তাদের জন্য একটি ভেড়া নিয়ে আসতেন।

পাসওভার ইহুদিদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি মিসর থেকে ইসরাইলিদের মুক্তি পাওয়ার স্মরণে পালন করা হয়। উৎসবটি ঘিরে বিশেষ খাবার ও পারিবারিক আয়োজন থাকে। সোফারের ভাষ্য অনুযায়ী, উৎসবের ব্যয় অনেক বেশি হলেও মুসলিম প্রতিবেশীরা নিজেদের উদ্যোগে তাদের পরিবারের জন্য উপহার নিয়ে আসতেন। শুধু ভেড়াই নয়, বিভিন্ন শাকসবজি ও খাদ্যসামগ্রীও তারা দিতেন।

লিডার্স মেনার প্রতিবেদনে সোফারের এই স্মৃতির উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়, তার মুসলিম প্রতিবেশীরা পাসওভার উপলক্ষে ভেড়ার পাশাপাশি আলু, খেজুর, শসা ও টমেটোও উপহার দিতেন।

দরিদ্রদের জিজিয়া মওকুফ

সোফারের বক্তব্যে খেলাফত আমলে জিজিয়া কর আদায়ের বিষয়টিও উঠে এসেছে। তার বর্ণনা অনুযায়ী, দরিদ্র ইহুদিদের কাছ থেকে কর আদায় করা হতো না; বরং যাদের সামর্থ্য ছিল না, তাদের ক্ষেত্রে কর মওকুফের পাশাপাশি কখনো কখনো আর্থিক সহায়তাও দেওয়া হতো।

ইসলামি শাসনব্যবস্থায় জিজিয়া ছিল অমুসলিম প্রজাদের ওপর আরোপিত একধরনের কর। এর বিনিময়ে রাষ্ট্রের অধীনে তাদের জীবন ও সম্পদের সুরক্ষার বিধান ছিল। তবে জিজিয়া আদায়ের নিয়ম, পরিমাণ ও প্রয়োগ সব সময় এক রকম ছিল না।

খিলাফত আমলে ইহুদিদের জীবন কেমন ছিল?

সোফার মুসলিম শাসনামলে ইহুদিদের ধর্মীয় ও সামাজিক জীবন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার বক্তব্যের মূল কথা, মুসলিম শাসনের বিভিন্ন সময়ে ইহুদিরা ধর্মীয় পরিচয় বজায় রেখে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পেরেছিলেন।

বিশেষ করে আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদ ইহুদি ধর্মীয় শিক্ষা ও জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে সুরা ও পুম্বেদিতার শিক্ষাকেন্দ্রগুলোর সঙ্গে বাগদাদের সম্পর্ক ছিল গুরুত্বপূর্ণ। ইহুদি সম্প্রদায়ের নেতৃত্বও খলিফাদের দরবারের সঙ্গে যোগাযোগ রাখত। আব্বাসীয় আমলে বাগদাদের ইহুদি সম্প্রদায় বড় হয়ে ওঠে এবং শহরটি ইহুদি ধর্মীয় শিক্ষা ও পাণ্ডিত্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।

খিলাফতের পক্ষে অবস্থান কেন?

সোফার শুধু অতীতের স্মৃতিচারণ করেননি, মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্য নিয়েও নিজের মত প্রকাশ করেছেন। লিডার্স মেনার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মরক্কো থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত একটি ঐক্যবদ্ধ ইসলামি কর্তৃপক্ষ বা খিলাফত প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন। তার মতে, এমন একটি ব্যবস্থা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময়কার সাইকস-পিকো চুক্তিরও সমালোচনা করেছেন। তার মতে, ঔপনিবেশিক শক্তিগুলোর নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে অটোমান খিলাফতের অবসান এবং মধ্যপ্রাচ্যের বিভাজন মুসলিম বিশ্বের ঐক্যকে দুর্বল করেছে।

সোফার মুসলিম নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী গঠনের পক্ষেও মত দিয়েছেন, যাতে গাজায় ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা যায়। তার বক্তব্যে মুসলিম-ইহুদি সম্পর্কের ঐতিহাসিক বন্ধন পুনর্গঠনের আহ্বানও রয়েছে।

জায়নবাদের সমালোচক, নেটুরেই কার্তার সদস্য

হাইম সোফার যুক্তরাজ্যে বসবাসকারী একজন অর্থোডক্স রাব্বি এবং ইহুদিদের জায়নবাদ বিরোধী আন্দোলন নেটুরেই কার্তার সদস্য। ১৯৩৮ সালে জেরুজালেমে প্রতিষ্ঠিত এই আন্দোলন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জায়নবাদী ধারণার বিরোধিতা করে।

সোফারের বাবা-মা ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। জায়নবাদী সহিংসতার কারণে ১৯৫০-এর দশকের শুরুতে তাদের ফিলিস্তিনে চলে যেতে হয়েছিল। সোফারের জন্ম ফিলিস্তিনে। তবে লিডার্স মেনার প্রতিবেদনে তাকে ইরাকি বংশোদ্ভূত রাব্বি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আলজাজিরার ‘দেজা ভু’ অনুষ্ঠানের একটি পর্বেও হাইম সোফার অংশ নেন। ‘জিউস অ্যান্ড মুসলিমস লিভড টুগেদার ফর সেঞ্চুরিজ. ডিড জায়নিজম টিয়ার দেম অ্যাপার্ট?’ শিরোনামের ওই পর্বে তিনি ইহুদি পরিচয়, নির্বাসন, মুসলিম সমাজে ইহুদিদের ঐতিহাসিক জীবন এবং জায়নবাদবিরোধী নেটুরেই কার্তার অবস্থান নিয়ে আলোচনা করেন।

ইতিহাসের ইতিবাচক ও নেতিবাচক দিক

মুসলিম শাসনামলে ইহুদিদের জীবন নিয়ে সোফারের বক্তব্যে সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দিকগুলো গুরুত্ব পেয়েছে। জিজিয়া আদায়ের ক্ষেত্রে অঞ্চলভেদে পার্থক্য ছিল। তাই সোফারের বক্তব্যকে মুসলিম-ইহুদি সহাবস্থানের একটি ব্যক্তিগত ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা যায়। তার স্মৃতিতে উঠে এসেছে প্রতিবেশীদের আন্তরিকতা, ধর্মীয় উৎসবে সহযোগিতা এবং সামাজিক নিরাপত্তার অভিজ্ঞতা। একই সঙ্গে ঐতিহাসিক সূত্রগুলো মনে করিয়ে দেয়, বিভিন্ন যুগে শাসক ও নীতির পরিবর্তনের সঙ্গে সংখ্যালঘুদের অবস্থানও বদলেছে।

সূত্র: ইসলাম২১সি, লিডার্স মেনা, আলজাজিরা, এনসাইক্লোপিডিয়া ইরানিকা, ড. এলি আলশেখ এর গবেষণা ও জিউইশ ভার্চুয়াল লাইব্রেরি ইরাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%