১০:৪৯ এম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর পূর্বে পাকিস্তান দল একটি বড় ধাক্কা খেয়েছে। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় এই সিরিজ ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন টপ-অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ ফাজাল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেশনে ফাজাল চোট পান। সেখানেই শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে। ফাজালের বদলি খেলোয়াড়ের প্রয়োজন হলে যথাসময়ে তার নাম ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছে পিসিবি।
২৩ বছর বয়সী এই ক্রিকেটারের টেস্ট অভিষেক ঘটে গত মে মাসে, বাংলাদেশের বিপক্ষে। অভিষেকে ফাজাল দুই ইনিংসেই ফিফটি (৬০ এবং ৬৬) করে ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তবে, দ্বিতীয় টেস্টে তিনি কোনো ইনিংসেই দুই অঙ্কে যেতে পারেননি।
আরও পড়ুন: খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতা চালুর পরিকল্পনা: হুইপ দুলু
তবে, চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে ফাজাল দুই ইনিংসেই অপরাজিত ৫০ ও ৪৮ রান করেন। তাই, প্রথম টেস্টে তার একাদশে থাকা একরকম নিশ্চিত ছিল।
ফাজালের অনুপস্থিতির কারণে মিডল-অর্ডার ব্যাটসম্যান মুহাম্মাদ আওয়াইস জাফারের অভিষেকের সুযোগ তৈরি হলো। ফিটনেস সমস্যা কারণে দলে না থাকা সাউদ শাকিলের জায়গায় নেওয়া হয় জাফরকে।
আজান আওয়াইস এবং ফাজাল ওপেনিংয়ে অবস্থান করায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ টেস্ট খেলতে না পারা ইমাম-উল-হাক এখন, ওপেনার হিসেবে তার জায়গা ফিরে পাবেন বলে মনে করা হচ্ছে।
পিসিবির বিবৃতিতে বিশেষভাবে বলা হয়নি, অনুশীলনের সময় ফাজাল কিভাবে চোট পেয়েছেন। তবে বলা হয়েছে, “এমআরআই স্ক্যান এবং মূল্যায়নের পর দলের মেডিকেল প্যানেল নিশ্চিত করেছে যে, আবদুল্লাহর পুনর্বাসনের প্রয়োজন।”
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুর
পাকিস্তান অধিনায়ক বাবর আজম আশা প্রকাশ করেছেন, ফাজাল শিগগিরই সেরে উঠবেন। তিনি বলেন, “আমি আবদুল্লাহর জন্য শুভকামনা জানাই এবং আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার প্রতিভা আমার কাছে খুবই মুগ্ধকর। প্রথম সিরিজের পর সে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল এবং তার মনোবলও তুঙ্গে ছিল।”
চোটটি ফাজালের ক্যারিয়ারের এই সময়ে তার জন্য একটি বড় ধাক্কা। বিশেষ করে বড় দলের বিপক্ষে দেশের বাইরের দুটি সিরিজে জাতীয় দলের মধ্যে নিজের অবস্থান আরও মজবুত করার এটাই তার সুযোগ ছিল। ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্টের পর, অগাস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন