মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১৬ পি.এম
পাকিস্তান পারল না, ভারত আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফাইনালে ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা নিজেদের করে নিল ভারত।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিশ্চিত করেছে। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। তবে বিরতির ঠিক আগে পাকিস্তান এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে তারা লিড নেয়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য ভারত আক্রমণের ধার বাড়ায়। কিন্তু ম্যাচের ৫৯ মিনিটে পাকিস্তান বড় ধাক্কা খায়। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাদের ফুটবলার জুনায়েদকে। একজন কম নিয়ে খেলতে হওয়ায় পাকিস্তানের জন্য বাকি সময়ে চাপ সামলানো কঠিন হয়ে পড়ে।
এই সুযোগ কাজে লাগিয়ে ভারত ম্যাচে ফেরে। সন্দীপ মান্ডির গোলে সমতায় ফেরে দলটি। এরপর তারা জয়ের জন্য আক্রমণ অব্যাহত রাখে। শেষ পর্যন্ত সুহাইল ভাটের গোলে এগিয়ে যায় ভারত। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এই জয়ের মাধ্যমে ভারত সাফের শিরোপা ধরে রাখার পাশাপাশি টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান পরিচালনা করে আলোচিত শীর্ষ সন্ত্রাসী খালেদ হাসান বিকাশ মোড়লকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি দেশীয় তৈরি পাইপগান, চার রাউন্ড শটগানের কার্তুজ, দুটি স্টিলের পাইপ এবং অস্ত্র বহনের জন্য একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খালেদ হাসান বিকাশ মোড়ল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে শ্রীনগর ও পার্শ্ববর্তী দোহার থানায় মোট ১৪টি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল এবং শ্রীনগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া বিকাশ মোড়ল মধ্য বাঘড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম কাশেম মোড়ল এবং মায়ের নাম খালেদা বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরায় একটি ফলের আড়তের ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ৫৫ লাখ টাকার মালামাল ক্ষতির সম্মুখীন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইসগেট এলাকায় বিসমিল্লাহ নামের ফলের আড়তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে সোয়া ১টার দিকে সফল হয়।
হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন লেগে যায় এবং নিমিষেই বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ধোঁয়া উত্তরা এলাকায় ছড়িয়ে পড়ে।
ফলের আড়তের ব্যবসায়ীরা জানিয়েছেন, দুপুরের খাবারের সময়ে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই অনেক দোকানপাট পুড়ে যায়। এতে দোকানের মালামাল এবং নগদ টাকা পয়সাও ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন মন্তব্য করেন, ‘আমরা দুপুর ১টার দিকে ফলের আড়তের অগ্নিকাণ্ডের খবর পাই। পরে তিনটি ইউনিট গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর সোনাগাজীতে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের পর দুই দিন পেরিয়ে গেলেও এখনও মামলা রেকর্ড হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরিবারটি হামলার পুনরাবৃত্তির আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে অভিযুক্তদের বাড়ির সামনে মহড়া দিতে দেখার দাবি করেছেন তারা।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মনির আহমেদ সওদাগরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগমসহ চারজন আহত হন। এ ঘটনায় ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজীকে প্রধান আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসিনা বেগম।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা, বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়।
পর্তুগালপ্রবাসী এমলি খানের ছোট ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপি নেতা শাহজাহান সিরাজীর ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ১০-১২ জন হামলা চালায়। পালানোর সময় নবাবপুর বাজারের ব্যবসায়ীরা শুভসহ তিনজনকে আটক করেন। পুলিশকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে আসেনি। পরে শাহজাহান সিরাজী অস্ত্রধারীদের নিয়ে বাজারে এসে ফাঁকা গুলি ছুড়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেন। এ সময় নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর ও স্থানীয় বাসিন্দা তানভীর আহমেদ আহত হন।
মিজানুর রহমান আরও অভিযোগ করেন, থানায় অভিযোগ দেওয়ার পর তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে শাহজাহান সিরাজী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির সামনে মহড়া দেন। এ ঘটনায় পরিবারটি আরও আতঙ্কিত হয়ে পড়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, "বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনায় যে অপরাধী, প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।"
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, "ঘটনাটি শুনে সান্ত্বনা দিতে ওই বাড়িতে গিয়েছিলাম। এর বাইরে অন্য কোনো বিষয় ছিল না।"
অভিযোগ অস্বীকার করে শাহজাহান সিরাজী বলেন, "তার ছেলে টাকা পাবে। ভিসার জন্য দেওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে আটক করা হয়েছিল। খবর পেয়ে তিনি গিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন। হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মিথ্যা।"
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর, ১৭ নভেম্বর ২০২৬ : ‘রুটস অব ফ্রেন্ডশিপ’ কর্মসূচি অনুষ্ঠিত হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি), যেখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এ উপলক্ষে শ্রীলঙ্কা থেকে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন।
নবম বাংলাদেশ-শ্রীলঙ্কা ইয়ুথ এক্সচেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশবাদী সংগঠন ‘এক টাকায় বৃক্ষরোপণ’-এর আমন্ত্রণে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রীলঙ্কার ন্যাশনাল ইয়ুথ সার্ভিসেস কাউন্সিল (এনওয়াইএসসি) এবং হোপ ৮৭-এর যৌথ উদ্যোগে আয়োজিত যুব বিনিময় কর্মসূচিতে অংশ নিতে শ্রীলঙ্কার ২০ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন। ‘এক টাকায় বৃক্ষরোপণ’ সংগঠনের চাবিপ্রবি সমন্বয়ক এস এম মঞ্জুরুল ইসলাম সাজিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক খাদিজা খাতুন টুম্পা, আইসিটি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, ছাত্র হলের প্রভোস্ট আবু রুম্মান রিফাত এবং হোপ ৮৭ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেজাউল করিম বাবু।
কর্মসূচির অংশ হিসেবে শ্রীলঙ্কান প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের বার্তা তুলে ধরা হয়।
বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধুত্বের শিকড় ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ