০৮:৫৯ পি.এম
মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ১০ থেকে ১২ জনের একটি দল মোটরসাইকেলে করে কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আসে। তাদের অধিকাংশের মাথায় হেলমেট ছিল। একপর্যায়ে তারা সড়কের পাশের একটি গাছ কেটে মহাসড়কের ওপর ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে মহাসড়কে অবরোধের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় ওই ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ সময় একটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে।
এদিকে, এর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার তথ্য পাওয়া গেছে। ওই মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল সিকদার।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ১০ থেকে ১২ জন হেলমেট পরা ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে একটি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ ৭ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন