ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাগুরার মহম্মদপুরে জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ


মাগুরার মহম্মদপুরে জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ

মাগুরার মহম্মদপুরে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের মাগুরা জেলা শাখার উদ্যোগে মহম্মদপুর উপজেলা শাখা এই কর্মসূচি আয়োজন করে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা। সংগঠনটির মাগুরা জেলা শাখার সদস্যসচিব আরশাফুল ইসলাম মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি মহম্মদপুর উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁরা সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থানও তুলে ধরেন।

আরও পড়ুন: ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি করেছে, তা ধরে রাখতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্য গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভকারীরা আরও জানান, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যেকোনো অন্যায়, সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তাঁরা দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


গৌরনদীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

বরিশালের গৌরনদীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে গৌরনদীতে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভে বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মোঃ কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান জনি, সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান জুয়েল এবং হিজলা উপজেলা যুবদলের সদস্য এইচ এম ইমরান উপস্থিত ছিলেন। এছাড়া গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু ও সদস্য সচিব মোঃ গোলাম মাহতাব, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল গোমস্তা, সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজীব খান, বাবু বেপারী, রনি তালুকদার ও কামরুল ইসলাম জয়, গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও সাদ্দাম হোসেন হিরা, গৌরনদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খান, সাংগঠনিক সম্পাদক সাহারাজ ইসলাম, সাবেক আহ্বায়ক ইত্তোসাম পারভেজ এবং ছাত্রদল নেতা মোঃ আলী ও মোঃ আরিফ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর সুনামগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।
 
 
প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের-এর দ্বিবার্ষিক নির্বাচন যতই ঘনিয়ে আসছে ব্যবসায়ীদের মধ্যে দিন দিন 
উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। আসন্ন এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক এন্ড বার্দাসের স্বত্বাধিকারী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো.মোস্তাক আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
 
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী মহল এবং তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
 
প্রার্থিতা বৈধ হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে মো. মোস্তাক আহমদ বলেন, আলহামদুলিল্লাহ,নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমি শুরু থেকেই নির্বাচনী নিয়মকানুন ও শিষ্টাচার মেনে চলার চেষ্টা করেছি। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে থেকে সবসময় সাহস জুগিয়েছেন।
 
তিনি আরও বলেন,আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি,অধিকার রক্ষা এবং ব্যবসা খাতের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। ব্যবসায়ীদের যেকোনো সংকট মোকাবিলায় আমি সবসময় তাঁদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
 
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মো.মোস্তাক আহমদ একজন সৎ,পরোপকারী ও পরীক্ষিত সমাজসেবক। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে তাঁর অবদান রয়েছে। সাধারণ সম্পাদক পদে তাঁর মতো একজন উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁরা মনে করছেন,তাঁর মতো প্রার্থীরা নির্বাচিত হলে সংগঠনে স্বচ্ছতা,গতিশীলতা ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
 
দীর্ঘ প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ,পারস্পরিক ঐক্য ও সংগঠনের উন্নয়নে একটি কার্যকর নেতৃত্ব নির্বাচিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কৃতি জাতির আত্মপরিচয়: কাদের গনি চৌধুরীর মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


সংস্কৃতি জাতির আত্মপরিচয়: কাদের গনি চৌধুরীর মন্তব্য

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মন্তব্য করেছেন যে, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে এবং এটি জাতির প্রকৃত বৈশিষ্ট্য তুলে ধরে।

বাংলা একাডেমিতে বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত ‘হেমন্ত উৎসব ২০২৬’-এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘একসময় নবান্ন ও হেমন্তের মতো ফসলকেন্দ্রিক উৎসব আমাদের সমাজে ধর্মীয় সম্প্রদায়গত বিভেদ ছাড়িয়ে সর্বজনীনভাবে উদযাপিত হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলার গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী লোকজ উৎসবগুলো ধীরে ধীরে তাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে।’

পরিবর্তিত জীবনযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাসসের প্রধান সম্পাদক বলেন, শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক— সব বয়সের মানুষ ক্রমেই মুঠোফোনের ছোট পর্দায় বেশি সময় কাটাচ্ছে। এর ফলে শহর ও গ্রাম— উভয় জনপদ থেকেই ঐতিহ্যবাহী লোকজ উৎসবগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

তিনি বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সাংস্কৃতিক বহুত্ববাদের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে সমৃদ্ধ ও স্বতন্ত্র সংস্কৃতি। এসব জনগোষ্ঠীর অনেকের অস্তিত্ব ও তাদের ঐতিহ্য আজ বিলুপ্তির মুখে। আমাদের অবশ্যই এগুলো রক্ষা করতে হবে।’

তিনি উল্লেখ করেন, ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া, সম্মান জানানো এবং সংরক্ষণের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচিতে অগ্রাধিকার পেয়েছে। এই কর্মসূচিতে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মালিকানার ধারণা তুলে ধরা হয়েছে।

হেমন্তকে ‘ঋতুর কন্যা’ বা ‘সোনালি ঋতু’ হিসেবে বর্ণনা করে তিনি এ ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যের স্মৃতিচারণ করেন। শিশিরভেজা সকালের ঘাস, দুপুরের মিষ্টি সোনালি রোদ, গোধূলিতে পাখির কলকাকলি এবং জ্যোৎস্নামাখা শরতের রাত— এসব প্রকৃতির রূপ মানুষের জীবনে আনন্দ ও উৎসবের আবহ নিয়ে আসে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা মানবস্বাস্থ্য, মন ও কৃষিতে ঋতু পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি আক্ষেপ করে বলেন, আধুনিক মানুষ প্রায়ই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে বা তার প্রতি মনোযোগ দিতে ব্যর্থ হয়। বাতাসে দোল খাওয়া সোনালি ধানের খেত কিংবা ফুটন্ত ফুলের সৌন্দর্যও অনেকের চোখ এড়িয়ে যায়।

অনুষ্ঠানে আরেক বক্তা প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ হেমন্তকে শান্ত ও স্নিগ্ধ ঋতু হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুফিয়া কামাল ও জীবনানন্দ দাশের মতো কিংবদন্তি বাঙালি কবিদের সৃষ্টিতে এ ঋতুর প্রভাব রয়েছে।

সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক কাজী আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব নূর হোসেন রানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম, মুক্তচিন্তা বাংলাদেশ-এর আহ্বায়ক আবুল কাশেম হায়দার, জাসাসের আহ্বায়ক হেলাল খান, কলাম লেখক রেজাবুদ্দৌলা চৌধুরী ও নাট্যব্যক্তিত্ব আবদুল আজিজ।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা এবং শ্রীলঙ্কা থেকে আগত একটি যুবদলের বিশেষ পরিবেশনাও ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বয়স্ক নারীদের যৌন সক্রিয়তা নিয়ে গবেষণায় নতুন তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বয়স্ক নারীদের যৌন সক্রিয়তা নিয়ে গবেষণায় নতুন তথ্য প্রকাশ

বয়স্ক নারীদের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ এবং বয়সের সঙ্গে তাদের যৌন সক্রিয়তার মধ্যে একটি স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। ইরানের বয়স্ক নারীদের মধ্যে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, যেসব নারীরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করেন, তাদের যৌন সক্রিয় থাকার সম্ভাবনা বেশি। অন্যদিকে, বয়স বাড়ার সঙ্গে যৌন সক্রিয়তার সম্ভাবনা কমে যায়।

গবেষণাটি ইরানের আমিরকোলা হেলথ অ্যান্ড এজিং প্রজেক্টের (এএইচএপি) তৃতীয় পর্যায়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে। এতে ৬০ বছর বা তার বেশি বয়সি ৩১৩ জন বিবাহিত নারীকে অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৭১ দশমিক ৩৩ বছর, এবং তাদের মধ্যে ৫৮ দশমিক ৫ শতাংশ নারী যৌন সক্রিয় থাকার কথা জানিয়েছেন।

বয়স্ক নারীদের যৌন স্বাস্থ্যের সঙ্গে জৈবিক, চিকিৎসা ও মনোসামাজিক বিভিন্ন বিষয়ের সম্পর্ক বোঝার উদ্দেশ্যে গবেষণাটি করা হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বয়স্ক নারীদের যৌন সুস্থতা নিয়ে গবেষণার তথ্য সীমিত ও অসংগতিপূর্ণ হওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের বিভিন্ন মানসিক ও সামাজিক অবস্থা মূল্যায়নে একাধিক মানসম্মত প্রশ্ন ব্যবহার করা হয়। এর মধ্যে ছিল বয়স্কদের বিষণ্নতা পরিমাপের স্কেল, উদ্বেগ পরিমাপের স্কেল এবং ডিউক সোশ্যাল সাপোর্ট ইনডেক্স। পাশাপাশি, তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক অবস্থা, হরমোনের মাত্রা, প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা এবং পুষ্টি উপাদানের সাপ্লিমেন্ট গ্রহণের তথ্য সংগ্রহ করা হয়।

প্রাথমিক বিশ্লেষণের পর গবেষকরা একাধিক বিষয় একসঙ্গে বিবেচনায় নিয়ে পরিসংখ্যানগত বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, অন্যান্য বিষয় সমন্বয়ের পরও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের সঙ্গে যৌন সক্রিয়তার ইতিবাচক সম্পর্ক বিদ্যমান।

যেসব নারী ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতেন, তাদের যৌন সক্রিয় থাকার সম্ভাবনা অন্যদের তুলনায় ১ দশমিক ৮৩ গুণ বেশি ছিল।

অন্যদিকে, বয়স বৃদ্ধির সঙ্গে যৌন সক্রিয়তার সম্ভাবনা কমতে দেখা গেছে। গবেষণায় দেখা যায়, বয়স প্রতি এক বছর বাড়লে যৌন সক্রিয় থাকার সম্ভাবনা প্রায় ৯ শতাংশ কমে যায়। এ ক্ষেত্রে সমন্বিত অডস রেশিও ছিল শূন্য দশমিক ৯১।

গবেষণায় আরও দেখা গেছে, সামাজিক সহায়তা, বিষণ্নতা ও উদ্বেগের সঙ্গে যৌন সক্রিয়তার স্বতন্ত্র কোনো পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ সম্পর্ক পাওয়া যায়নি। একইভাবে, প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ এবং শিক্ষাগত যোগ্যতার সঙ্গেও যৌন সক্রিয়তার স্বতন্ত্র সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।

তবে গবেষকরা ভিটামিন ডি গ্রহণের সঙ্গে যৌন সক্রিয়তার ইতিবাচক সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ, গবেষণাটি একই সময়ে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের রক্তে ভিটামিন ডির প্রকৃত মাত্রা সরাসরি পরিমাপ করা হয়নি। ফলে অন্য কোনো অজানা বিষয় কিংবা সাপ্লিমেন্ট গ্রহণকারীদের সামগ্রিক স্বাস্থ্যসচেতনতা এ ফলাফলে প্রভাব ফেলতে পারে।

গবেষকদের মতে, বয়স্কদের সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানো এবং জীবনমান বজায় রাখার ক্ষেত্রে যৌন সক্রিয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে জৈবিক, মানসিক ও সামাজিক নানা বিষয় জড়িত। এসব বিষয়ের স্বতন্ত্র ভূমিকা বোঝা গেলে বয়স্কদের যৌন সুস্থতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে।

গবেষকরা এ বিষয়ে দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। ভবিষ্যৎ গবেষণায় অংশগ্রহণকারীদের রক্তে ভিটামিন ডির মাত্রা সরাসরি পরিমাপের পাশাপাশি যৌন স্বাস্থ্য ও মনোসামাজিক বিষয়গুলোও বিস্তারিতভাবে মূল্যায়নের পরামর্শ দিয়েছেন। এতে সময়ের সঙ্গে এসব সম্পর্ক বজায় থাকে কি না এবং বার্ধক্যের বিভিন্ন পর্যায়ে জৈবিক, চিকিৎসা ও মনোসামাজিক বিষয়গুলো কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, তা বোঝা সম্ভব হবে। সূত্র: বায়োইঞ্জিনিয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%