০৪:৩২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লাল বেনারসি, কপালে লাল টিপ, চোখে কাজল এবং পরিপাটি করে বাঁধা চুল। সাজে অতিরিক্ত চাকচিক্য নেই, ভারী মেকআপের বাহুল্যও নেই। বরং, আশির দশকের বাঙালি বধূর স্নিগ্ধতা ও আভিজাত্য যেন ফিরে এসেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাজে। একেবারে পুরোনো দিনের ছবির ফ্রেম থেকে উঠে আসা পুতুল বউ মনে হচ্ছে!
সম্প্রতি, মেহজাবীন এমন একটি ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাজের ছবি ও ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পুতুল বউ’। মেহজাবীনকে এইভাবে সাজিয়েছেন ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান লুসেরো বাই ইশরাত-এর ইশরাতুল শোভা।
আশির দশকের কনের সাজের জন্য পুরোনো কোনো জমিদার বাড়ির লোকেশনের এই ফটো ও ভিডিও শুটের ভাবনা এসেছে ইশরাতুল শোভার কাছ থেকে। লাল বেনারসি শাড়ির সঙ্গে হালকা বেজ মেকআপ, চোখে কাজল এবং ঘন মাসকারা—সব মিলিয়ে সাজটিতে স্বাভাবিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।
মেহজাবীনের ব্লাউজটিও আলাদা করে নজর কেড়েছে। ব্লাউজের নকশা করেছেন ইশরাত নিজেই। টেনে বাঁধা চুলে যুক্ত হয়েছে পিতলের গয়না। সব মিলিয়ে সাজে পুরোনো দিনের বিয়ের আমেজ তৈরি হয়েছে, অথচ উপস্থাপনায় আধুনিক রুচির ছোঁয়া রয়েছে।
এই সাজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চুলের স্টাইল। চুল সাজিয়েছেন আনোয়ারা সেতু। অন্যদিকে, লাল বেনারসি শাড়িতে মেহজাবীনের ঐতিহ্যবাহী কনে রূপকে আরও আকর্ষণীয় করে তুলেছে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান অশিন।
এ বিষয়ে লুসেরো বাই ইশরাত এর স্বত্বাধিকারী ইশরাতুল শোভা বলেন, "এখনকার ব্রাইডাল ফ্যাশনে বিভিন্ন দেশের বিভিন্ন স্টাইলের মেকাপ ট্রেন্ড ফলো করা হয়। এর মাঝে হারিয়ে যাচ্ছে ৮০/৯০ এর দশকের বাঙালি কনে সাজ। নতুন জেনারেশনকে আমাদের ঐতিহ্যবাহী বধু সাজের স্টাইল পরিচয় করিয়ে দিতেই এই ফটোশুটটি করা"।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারী, ২১ নভেম্বর ২০২৬ : আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী ইউনিটের যুব সদস্যদের জন্য ‘সেফার এক্সেস’ শীর্ষক একটি দু’দিনের ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকালে স্কাউট ভবনে এই ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী ইউনিটের সেক্রেটারী মীর সেলিম ফারুক, ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম এবং যুব প্রধান মো. ইসমাইল হোসেন।
ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, এই কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা সচেতনতা, ঝুঁকি বিশ্লেষণ এবং নিরাপদ ও কার্যকরভাবে দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধির বিষয়ক ধারণা প্রদান করা হবে।
এ প্রশিক্ষণে মোট ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রি. নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সম্মানিত পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, মহোদয়ের সভাপতিত্বে অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মান উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ দমনে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, জনাব এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী, জনাব মোঃ ফারুক আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নীলফামারী, জনাব এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : একটি গবেষণায় উঠে এসেছে যে, করের হার বৃদ্ধি না করে বরং করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং সম্পদের ওপর কার্যকর কর আরোপের মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের যৌথ গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণাটির শিরোনাম হলো ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’, যেখানে দেশের বিদ্যমান কর রাজস্ব আহরণের সম্ভাবনা, কর ফাঁকি এবং কর ব্যবস্থার বণ্টনগত প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।
শনিবার রাজধানীতে গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
গবেষণায় ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। সহ-গবেষক হিসেবে ছিলেন র্যাপিডের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. দীন ইসলাম এবং র্যাপিডের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্য সংযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান।
ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
আলোচক হিসেবে অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।
আলোচনা সঞ্চালনা করেন র্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আর ইউসুফ।
গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়, ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও এর পুরো অর্থ সরকারি কোষাগারে পৌঁছায় না। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাসময়ে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়। এই ক্ষেত্রে করের হার বৃদ্ধি না করে কার্যকর পরিপালন ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর মাধ্যমে অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।
গবেষণায় আরও বলা হয়, বাংলাদেশে সম্পদের বৈষম্য আয়বৈষম্যের তুলনায় অনেক বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১০ শতাংশ পরিবারের হাতে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে। শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। শহরাঞ্চলে শীর্ষ ১ শতাংশের সম্পদের অংশ ৫৩ শতাংশের বেশি।
গবেষণায় পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের মূল্য সরাসরি বিবেচনায় নেওয়া হয়েছে।
কর-নথিভিত্তিক তথ্যের সীমাবদ্ধতা এবং সম্পদ মূল্যায়নের পদ্ধতিগত পার্থক্যের কারণে এই হিসাবের সঙ্গে আন্তর্জাতিক কিছু হিসাবের পার্থক্য থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
গবেষণায় উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করের আওতা সম্প্রসারণ, ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায় ও পরিপালনব্যবস্থা উন্নত করা এবং সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের প্রেক্ষাপটে উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছে।
এছাড়া করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন, রাজস্ব আহরণের নামে হয়রানিমূলক ব্যবস্থা পরিহার, করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ এবং কর প্রশাসনের আধুনিকায়নের সুপারিশও করা হয়েছে।
গবেষণার মূল বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থার মধ্যেই উল্লেখযোগ্য অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে। এজন্য করের হার বৃদ্ধি প্রধান সমাধান নয়; বরং করের আওতা সম্প্রসারণ, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
গবেষণার ফলাফল উপস্থাপনকালে ড. এম এ রাজ্জাক মন্তব্য করেন, রাজস্ব আহরণের সাফল্য কেবল কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ