বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩৮ পি.এম
জামায়াতে ইসলামী দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বরের প্রেক্ষাপটে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘোষণা দেন।
তিনি উল্লেখ করেন, "ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা, জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর ভেতর গার্মেন্টসের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সংকট চলছে। সরকার উপলব্ধি করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে।"
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও জানান, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এসব শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, ২২টি জেলায় হানাহানি হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে আজকের এই পরিণতি।"
তিনি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি পালনের কথা জানিয়ে বলেন, "জনগণকে নিয়েই আমরা ফ্যাসিবাদকে প্রতিহত করবো। সহিংসতা নয়, নিয়মতান্ত্রিকভাবেই আমরা তাদের রুখে দিবো। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না।"
জামায়াতের ঘোষিত কর্মসূচি
২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি, ১৯ নভেম্বর, ২০২৬ : জেলার নলছিটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আবির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী যাচ্ছিল। বাসটি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে ঢাকাগামী গ্রীনভিউ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই গ্রীনভিউ বাসের হলপার ঘটনাস্থলে নিহত হয়। এই দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে সকাল ১০টায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বাঁশ বহণকারী একটি ট্রলিগাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহত ফোরকান গাজী ট্রলিগাড়িটির মালিক বলে জানিয়েছে পুলিশ।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান আরও জানান, দুটি দুর্ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে গ্রীনভিউ বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পেট্রোল নিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, তারা মহাসড়কে চলাচলকারী যানবাহনে অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. নাহিদ সরকার (৩৩) এবং মো. আপন (১৮)।
নাহিদকে এলাকাবাসী রাতুল নামে চেনে। পুলিশ জানিয়েছে, তিনি গাজীপুর মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। এ ঘটনায় তাদের সহযোগী মাহিম (১৮) পালিয়ে গেছেন।
বাসন থানা পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় আসকর আলী পেট্রোল পাম্পের কাছে সার্ভিস লেনে পুলিশের একটি দল চেকপোস্ট বসায়। এ সময় নাওজোড়ের দিক থেকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িতে থাকা একটি পানির বোতল থেকে প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিজেদের মালিকানাধীন আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে মহাসড়কে চলাচলকারী যানবাহনে আগুন দেওয়ার এবং টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের। তবে অগ্নিসংযোগের আগেই পুলিশ তাদের আটক করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান এবং যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে মানিকগঞ্জগামী ‘নীলাচল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস যখন ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে ওভারটেক করে সেটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের ফলে বাসটির সামনের কাঁচ ভেঙে যায় এবং এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এছাড়া, বাসের ভেতরে থাকা অন্তত ১৯ জন যাত্রীও আহত হন। দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে মাঠে না থেকে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয়দের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন।
তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন প্রেসক্লাব এলাকায় এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দেন। তিনি উল্লেখ করেন, জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি শেষে গাড়িতে ওঠার সময় গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী এক ব্যক্তিকে তার কাছে নিয়ে আসেন। ওই ব্যক্তির কাছে থাকা কৃষক লীগের কমিটির প্যাড দেখিয়ে নেতাকর্মীরা জানান যে, তিনি ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। পরে, রাশেদ খাঁন তার গানম্যানের মাধ্যমে প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ডেকে এনে ওই ব্যক্তিকে তাদের হাতে সোপর্দ করেন।
ঘটনাটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দাবি করে রাশেদ খাঁন লেখেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গণমাধ্যমের ভিডিও ডাউনলোড করে ভিন্ন ক্যাপশন দিয়ে প্রচার করছে যে, রাশেদ খাঁনের সাথে থাকা আওয়ামী লীগ নেতাকে ধরে জনতা পুলিশে সোপর্দ করেছে। তিনি অভিযোগ করেন, আজ রাজপথে থাকার কথা ছিল জামায়াত-শিবিরকর্মীদের, কিন্তু তারা মাঠে না থেকে উল্টো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে সরব, তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।
কর্মসূচিতে লোকসমাগম নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, সমমনা জোট ছোট ছোট রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এবং আওয়ামী লীগ সরকারের আমলেও তারা অল্প মানুষ নিয়েই কর্মসূচি পালন করেছে। এ প্রসঙ্গে তিনি শহীদ ওসমান হাদীর উদাহরণ টেনে বলেন, ওসমান হাদীও ১০-১৫ জন মানুষ নিয়েই ঢাকার রাজপথে লড়াই করেছিলেন। যারা ওসমান হাদীকে ধারণ করেন, তাদেরই আবার কোন জোটে কত লোক নামলো তা নিয়ে হিসাব করার সমালোচনা করেন তিনি।
পোস্টের শেষে রাশেদ খাঁন উল্লেখ করেন, লাখো কোটি লোক থাকা সত্ত্বেও যারা আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে মাঠে নামেননি, তাদের হাজার হাজার লোকের চেয়ে সমমনা জোটের ৫০ জন কর্মীই বেশি গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ