০৩:০৩ পি.এম
ভোলার লালমোহন এলাকার কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে একটি গার্ডার ব্রিজের ভাঙা স্লাবের ওপর সুপারি গাছ ফেলে তৈরি করা সাঁকো ব্যবহার করছেন। সামান্য অসতর্কতা হলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন কোমলমতি স্কুল শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
মোতাহারনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গণেশপুর এলাকায় অবস্থিত ১২ মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজটি ২০০৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় নির্মাণ করা হয়। তবে, নির্মাণের মাত্র এক বছর পর, ২০১০ সালের দিকে ব্রিজটির পূর্ব পাশ ও মাঝের অংশের স্লাব ধসে খালে পড়ে যায়। এরপর থেকে দীর্ঘ ১৬ বছরেও ব্রিজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজটির ভাঙা অংশ দিয়ে চলাচলের কোনো উপায় না থাকায় তাঁরা পূর্ব পাশ ও মাঝখানে সুপারি গাছ ফেলে সাঁকো এবং পশ্চিম পাশে কাঠ দিয়ে মই তৈরি করে পারাপার হচ্ছেন। বর্তমানে ব্রিজটির ওপর দিয়ে কেউ হাঁটলেই সেটি থরথর করে কাঁপতে থাকে। ইতোমধ্যে ব্রিজটি থেকে খালে পড়ে শিশুসহ বিভিন্ন বয়সের অনেকেই আহত হয়েছেন। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন: শামা ওবায়েদ
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া, পঞ্চম শ্রেণির বাবুল ও চতুর্থ শ্রেণির কালাম জানিয়েছে, ব্রিজটি দিয়ে পার হওয়ার সময় প্রচণ্ড ভয় লাগে। তাঁরা মনে করেন, যে কোনো সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যাবে। প্রতিদিন আতঙ্ক নিয়ে পারাপার হতে গিয়ে অনেকের বইখাতা ভিজে যায় বা পড়ে গিয়ে আহত হয়।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মাতাব্বর, শাহে আলম ও শামছুল হক সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে এ পথে অটোরিকশাসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। বিকল্প কোনো পথ না থাকায় তাঁরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অসুস্থ রোগী, বয়োবৃদ্ধ ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে উপজেলা সদর হাসপাতালে নিতে হলে বাঁশ দিয়ে পালকি তৈরি করে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয়। এলাকাবাসীর এই চরম দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের জন্য ভোলা-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক এ বিষয়ে বলেন, ওই ব্রিজটিসহ উপজেলায় যত জরাজীর্ণ ব্রিজ রয়েছে, সেগুলোর তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটিসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্রিজগুলোর সংস্কার বা নতুন করে নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশ গ্লোবাল সাউথের নেতৃত্ব চায়: সাইমুম পারভেজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন