ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণহত্যার বিচার নিয়ে এমপি রোকেয়ার ক্ষোভ, যা বললেন আইনমন্ত্রী


জুলাই গণহত্যার বিচার নিয়ে এমপি রোকেয়ার ক্ষোভ, যা বললেন আইনমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ তুলে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহীদের মাতা ও সংসদ সদস্য রোকেয়া বেগম। তিনি জানান, শহীদ পরিবার ও আহতদের সহায়তায় নিয়োজিত ‘শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কর্মীদের বেতন বকেয়া রয়েছে এবং আহতদের ভুল ক্যাটাগরিতে ফেলার মতো গুরুতর অভিযোগও সংসদে তুলে ধরেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে আইনমন্ত্রী ফ্লোর নিয়ে জানান, আইনি কাঠামোর ভেতরে থেকেই বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের সব ধরনের রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করছে এবং প্রয়োজনে এই কাঠামোর ভেতরে আরও সুরক্ষা দেওয়ার জন্য সরকার প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রোকেয়া বেগম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

রোকেয়া বেগম বলেন, গত ৫ আগস্ট তার ছোট ছেলে জাবির ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে শাহাদাত বরণ করে।

যখন তিনি ছেলেকে দেখছিলেন, তখন পুরো শরীর সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শরীরে এক ফোঁটা রক্তও অবশিষ্ট ছিল না। তার ছেলের মতো অসংখ্য শহীদের রক্ত ও বীর সন্তানের অঙ্গহানির আর্তনাদে এই জাতীয় সংসদ ভাসছে। দীর্ঘ ১৭ বছর নানা জুলুম-নির্যাতনের পর এই রক্তস্নাত জাতীয় সংসদে আবারও অধিবেশন চলছে, যা জুলাই বিপ্লব না এলে কোনোভাবেই সম্ভব হতো না।

তিনি বলেন, জুলাই শহীদ পরিবারগুলোর জন্য মাসিক ভাতা, আহত যোদ্ধাদের জন্য শ্রেণিভিত্তিক ভাতা এবং আবাসন সহায়তার জন্য প্রস্তাবিত বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখায় তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তবে তিনি স্পষ্ট করে বলেন, একজন বাবা বা মা সব সুযোগ-সুবিধার ঊর্ধ্বে তার সন্তান হত্যার বিচার চান এবং দৃশ্যমান বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

সংসদে বিগত দিনের তথ্যের বরাত দিয়ে এই সংসদ সদস্য বলেন, আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার ঘটনায় ৮০টি মামলা করা হয়েছে। এর মধ্যে গত প্রায় দুই বছরে মাত্র সাতটি মামলার রায় ঘোষণা হয়েছে, ২২টি সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এবং ৫১টি এখনো তদন্তাধীন রয়েছে। এই ধীরগতির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মামলাগুলোর ৪৬৩ জন আসামির মধ্যে মাত্র ১৭৪ জন গ্রেপ্তার হয়েছে এবং এখনো ২৮৮ জন পলাতক রয়েছে। এই পলাতকদের গ্রেপ্তারের অগ্রগতি কী তা জানতে চেয়ে তিনি প্রতি সেশনে শহীদ সন্তানদের বিচার কাজের আপডেট জানিয়ে বাবা-মা’দের আশ্বস্ত করার দাবি জানান।

শহীদ ও আহতদের তালিকা এবং তাদের সুযোগ-সুবিধার নানা বৈষম্যের কথা উল্লেখ করে রোকেয়া বেগম বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা হাজারেরও বেশি হলেও এ পর্যন্ত গেজেটভুক্ত করা হয়েছে মাত্র ৮৩৪ জনকে, বাকিদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। পাশাপাশি আহত যোদ্ধাদের ক্যাটাগরি নির্ধারণে চরম জটলা ও ভোগান্তি চলছে। যার হাত চলে গিয়েছে সে কীভাবে ‘গ’ ক্যাটাগরিতে থাকে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি তদন্তের দাবি করেন।

এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১২০ কোটি টাকা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বিতরণ করলেও গত তিন মাস ধরে এর কর্মীরা বেতন ও ঈদ বোনাস পাচ্ছেন না। তিনি এই ফাউন্ডেশনকে সরকারি আর্থিক কোডের মাধ্যমে বরাদ্দ দেওয়া, প্রতিশ্রুত অবশিষ্ট ২৬৩ কোটি টাকা ছাড় করা এবং একে আনুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

একই সঙ্গে জুলাইয়ের ইতিহাস সংরক্ষণে জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্মৃতিসৌধ, জাদুঘর এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দের অনুরোধ করেন। আন্দোলনে নারীদের অবদানের কথা স্মরণ করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির দাবিও জানান তিনি।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

আইনমন্ত্রী বলেন, যিনি শহীদ মাতা হিসেবে এখানে বক্তৃতা দিয়েছেন, তিনি আমাদের বিপ্লব ও সংগ্রামের প্রেরণার মূল চেতনা। তিনি যে কথাগুলো বলেছেন, তা সংসদের প্রত্যেকেই ধারণ করে এবং তার প্রতিটা দাবি ও আবেগকে সরকার নিজের বলে মনে করে। তবে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। শহীদ মাতার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটা আইনই আসলে একটি রাজনৈতিক দলিল এবং সরকারের পাবলিক পলিসি।

আইনমন্ত্রী আরো বলেন, সরকারের পক্ষ থেকে যে সুরক্ষা দেওয়া সম্ভব, তা একমাত্র আইনি কাঠামোর মধ্যে এনেই বাস্তবায়ন করতে হয়। বর্তমান সরকার বিএনপির সরকার, জুলাই যোদ্ধাদের সরকার এবং জুলাই চেতনার সরকার। ফলে আইনি কাঠামোর মধ্যে এনেই জুলাই যোদ্ধাদের যে সুরক্ষা দেওয়া হয়েছে, সেটিই মূলত তাদের সবচেয়ে বড় রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে। এর বাইরেও যদি কোনো বিশেষ রাজনৈতিক সুরক্ষার প্রয়োজন হয় এবং সংসদ সদস্য যদি তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন, তবে সরকার সেটিও আইনি কাঠামোর মধ্যে এনে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:২৯ এম


পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা

রোহিত শর্মার হাতে পদ্মশ্রী সম্মাননার সনদ তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

ভারতের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোহিতের হাতে এই সম্মাননা তুলে দেন।

ভারত সরকার গত জানুয়ারিতে এ বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রোহিত শর্মার নাম ছিল। আজ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে রোহিত আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী গ্রহণ করেন।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটার রোহিত শর্মা।

২০২৪ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এছাড়া ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ডও তার নামে রয়েছে।

দীর্ঘদিনের অবদান, ধারাবাহিক পারফরম্যান্স এবং দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ রোহিতকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে ক্রীড়া, সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র এবং সমাজসেবাসহ নানা অঙ্গনের ব্যক্তিরাও ছিলেন।

এর আগে রোহিত শর্মা ২০১৫ সালে অর্জুন পুরস্কার এবং ২০২০ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলারত্ন পুরস্কার লাভ করেন। এবার পদ্মশ্রী পাওয়ার মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন একটি পালক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:৩২ এম


মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মাহিন উদ্দিন বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সকাল ৭টার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের পরিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:৫০ এম


হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় এই দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে একই দিন বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডপ্রাপ্ত আসামীদের এ শাস্তি দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— হালুয়াঘাট উপজেলার ঠেঙ্গাবর গ্রামের মৃত আ. গফুরের ছেলে মো. আবুল হাসেম (৬৫), একই গ্রামের জুয়েল ফকিরের ছেলে মো. মাজাহারুল ইসলাম আশিক ফকির (২৪), স্বদেশি গ্রামের মৃত জুমুর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫৬) এবং একই গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে রফিকুল (৩৫)।

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।’

প্রসঙ্গত, এর আগের দিন সোমবার একই অভিযানে উপজেলায় আরো ১১ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পদ্ম সম্মাননা

রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পেলেন মাম্মুট্টি, অলকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:৫১ এম


রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পেলেন মাম্মুট্টি, অলকা

ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার ২০২৬-এর দ্বিতীয় বিনিয়োগ (ইনভেস্টিচার) অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন ভারতীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তিন বিশিষ্ট তারকা—মালয়ালম সুপারস্টার মাম্মুট্টি, কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এবং অভিনেতা আর মাধবন।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ সরকারের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পদ্মভূষণে সম্মানিত মাম্মুট্টি

এ সময় ৭৪ বছর বয়সী মাম্মুট্টিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। এ সময় দর্শকসারিতে উপস্থিত ছিলেন তাঁর ছেলে ও জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। বাবাকে সম্মাননা নিতে দেখে করতালিতে শুভেচ্ছা জানান তিনি।

চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা মাম্মুট্টি ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি।

তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। ১৯৮৯ সালে ‘ওরু ভাডাক্কান বীরগাথা’ ও ‘মাথিলুকাল’-এর জন্য প্রথমবার জাতীয় পুরস্কার জেতেন। পরে ‘বিদেয়ান’, ‘পোন্থান মাডা’ এবং ‘ড. বাবাসাহেব আম্বেদকর’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য আরও দুটি জাতীয় পুরস্কার অর্জন করেন।

অলকা ইয়াগনিকের ঝুলিতে পদ্মভূষণ

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিকও এদিন পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।

দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। ‘খলনায়ক’ ছবির ‘চোলি কে পিছে’, ‘ধড়কন’-এর ‘দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে’, ‘হাম তুম’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’-এর ‘ঘুঙট কি আড় সে’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শিরোনাম গানসহ তাঁর অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে সমান জনপ্রিয়।

পদ্মশ্রী পেলেন আর মাধবন

অভিনেতা ও নির্মাতা আর মাধবনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সারিতা এবং ছেলে বেদান্ত। মাধবন মঞ্চে সম্মাননা নিতে উঠতেই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান পরিবারের সদস্যরা।

সম্মাননা গ্রহণের পর মাধবন বলেন, ‘আমি এটিকে শুধু একটি পুরস্কার হিসেবে দেখি না, এটি আমার জন্য একটি দায়িত্ব। এই সম্মানকে মর্যাদা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে বহন করার প্রতিশ্রুতি দিচ্ছি। এই স্বীকৃতির জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও সততা, বিনয় ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’

তামিল, তেলুগু ও হিন্দিসহ একাধিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন মাধবন। সম্প্রতি তিনি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করেন। এছাড়া ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তাঁর। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মে অনুষ্ঠিত পদ্ম পুরস্কারের প্রথম বিনিয়োগ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়েছিল। দ্বিতীয় পর্বে চলচ্চিত্র, সংগীত, সাহিত্য, সমাজসেবা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখা আরও বিশিষ্টজনদের হাতে আনুষ্ঠানিকভাবে পদ্ম সম্মান তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%