ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৩ বছর পর মুম্বাইয়ের নেতৃত্ব পেয়ে আত্মবিশ্বাসী রোহিতের প্রতিশ্রুতি


৩ বছর পর মুম্বাইয়ের নেতৃত্ব পেয়ে আত্মবিশ্বাসী রোহিতের প্রতিশ্রুতি

রোহিত শর্মা তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব পুনরুদ্ধার করেছেন। অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর মুম্বাইয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে রোহিত বলেছেন, "মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা বড় অংশ। এই দলের নেতৃত্ব দিতে পারা সব সময়েই আমার কাছে গর্বের। আমরা কী অর্জন করতে পারি সেটা নিয়ে আত্মবিশ্বাস রয়েছে।"

হিটম্যান খ্যাত এই তারকা ওপেনার আরও জানিয়েছেন, "২০তম মৌসুমে জন্য আমি তৈরি। সামনে যে সমস্যাই থাকুক না কেন, সমর্থকদের আনন্দ করার অনেক মুহূর্ত তৈরি করে দেব। নিজেদের ঘরানার ক্রিকেট খেলা, সকলে মিলে খেলাটা উপভোগ করার দিকেই মনোযোগ থাকবে আমাদের।"

মুম্বাই দলের মালিক নীতা অম্বানী ২০১১ সালের কথা স্মরণ করেছেন, যে বছর রোহিত শর্মা দলে যোগ দেন। তিনি মন্তব্য করেছেন, "রোহিতের দলে যোগ দেওয়ার মুহূর্ত এখনও মনে আছে। এত বছর ধরে ক্রিকেটার হিসেবে ওর গড়ে ওঠার সাক্ষী থাকতে পেরে আমি আপ্লুত। একজন চ্যাম্পিয়ন, নেতা এবং অসাধারণ মানুষ। ২০তম মৌসুমে রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে পারা আমাদের কাছে বিশেষ মুহূর্ত। ও এত বছরে আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে।"

আরও পড়ুন: লা লিগায় শীর্ষ দুইয়ে ওঠার লক্ষ্যে সিমিওনের রেকর্ড জয়

মুম্বাইয়ের আরেক মালিক নীতি আম্বানির ছেলে আকাশ অম্বানী বলেছেন, "রোহিতের সঙ্গে মুম্বাই সমর্থকদের সম্পর্ক বরাবরই বিশেষ। আশা করি নতুন অধ্যায় ওকে আরও গর্বিত করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মিস ইউনিভার্স

মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ এম


মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে পা রেখেছিলেন দেশের পরিচিত মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। সেরা ৩০-এ জায়গা না পেলেও, প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিশ্বসুন্দরীর মুকুট ছোঁয়ার দৌড়ে ভিন্ন এক সাফল্যে নজর কেড়েছেন তিনি। মূল প্রতিযোগিতায় এগোতে না পারলেও, দর্শকদের ভোটে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সেরার স্বীকৃতি আদায় করে নিয়েছে বাংলাদেশ।

সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে লাল-সবুজের এই প্রতিনিধি। মাহি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেছেন।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই আলোচনায় উঠে আসেন তিনি। প্রচলিত ধারা ভেঙে বিকিনির বদলে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন মাহি, যার সঙ্গে যুক্ত ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়।

তার এই ব্যতিক্রমী লুক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স অনলাইনে বেশ প্রশংসা পায়। দর্শকদের ভোটেও সাফল্যের হাসি হাসেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই সুখবর ভাগ করে নেন মাহি। তার ভাষায়, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ, আর ন্যাশনাল কস্টিউম বিভাগে এসেছে প্রথম রানারআপের স্বীকৃতি।

বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও, এই অর্জন দেশের সব মানুষের বলেই মনে করেন তিনি।

আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। পুরো পথচলায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহই তাকে এগিয়ে চলার সাহস দিয়েছে বলে জানান তিনি। প্রতিটি ধাপে বাংলাদেশকে মনে ধারণ করার কথা জানিয়ে এই ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন মাহি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সতর্ক করেছে যে, আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানতে পারে। এর ফলে জরাজীর্ণ তাঁবুতে বসবাসকারী ১৩ লাখের বেশি ফিলিস্তিনি চরম বিপদের মুখে পড়তে পারেন।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সতর্কবার্তায় গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ এমন তাঁবুতে বসবাস করছেন, যেগুলো বসবাসের উপযোগী নয়। বৃষ্টির পানিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু এবং এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, যেসব ক্ষতিগ্রস্ত ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, সেগুলো ধসে পড়ার ঝুঁকিও রয়েছে বলে তিনি সতর্ক করেন। মাহমুদ বাসাল বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি।’

পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। ঝড় আঘাত হানার আগেই প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ, বাসিন্দাদের সহায়তা এবং গাজার জরুরি সেবাগুলো সচল রাখতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দলগুলো চরম সরঞ্জাম সংকটে রয়েছে বলেও জানান বাসাল। জ্বালানি, লুব্রিকেন্ট, টায়ার, ব্যাটারি, খুচরা যন্ত্রাংশ, দ্রুত উদ্ধারকাজে ব্যবহারের যানবাহন ও পানির পাম্পের তীব্র ঘাটতি রয়েছে।

আসন্ন দুর্যোগ মোকাবিলায় পৌরসভাগুলোরও প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার বলে জানান তিনি। বাসাল বলেন, বৃষ্টির পানি থেকে বাস্তুচ্যুত মানুষকে রক্ষা করতে ক্ষতিগ্রস্ত তাঁবুর পরিবর্তে উন্নত ও টেকসই তাঁবু সরবরাহ করতে হবে। পাশাপাশি বাস্তুচ্যুতদের বসবাসের এলাকাগুলোর অবকাঠামো সংস্কারে অর্থ বরাদ্দ জরুরি। অন্তত ন্যূনতম মানবিক পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকা ফিলিস্তিনিদের অধিকার, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন। শীত মৌসুমে গাজায় এটিই শেষ দুর্যোগ হবে না বলেও সতর্ক করেন তিনি।

বাসালের মতে, প্রয়োজনীয় ত্রাণ ও সরঞ্জাম সরবরাহ করা হলে আসন্ন বিপর্যয়ের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তবে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ও নিষ্ক্রিয় থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি মানুষের নিরাপত্তার দায়িত্ব গোটা বিশ্বের ওপর। দায়িত্বশীল সব পক্ষকেই মানবতাকে রক্ষা করতে হবে।’

এর আগে গত ৬ নভেম্বর গাজায় আঘাত হানে শক্তিশালী ঝড়। ওই সময় মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বাস্তুচ্যুতদের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন বলে জানায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

গাজার শীতকালীন জরুরি সাড়া বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির তথ্য অনুযায়ী, ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি।

এদিকে, গত ১৩ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তীব্র শীতজনিত কারণে মারা গেছে নয় মাস বয়সি শিশু কিনান আহমেদ আরকিক। চলতি শীত মৌসুমে শীতের কারণে এটিই ছিল প্রথম মৃত্যুর ঘটনা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শীত মৌসুমে প্রচণ্ড ঠান্ডায় গাজায় ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।

ধ্বংসস্তূপের মধ্যেই চতুর্থ শীতের মুখে গাজাবাসী। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর গাজাবাসী এখন চতুর্থ শীতের মুখোমুখি। দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি, অবকাঠামো ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

বাসস্থান হারিয়ে কয়েক লাখ ফিলিস্তিনি এখন তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন। এসব আশ্রয়স্থলে নেই পর্যাপ্ত খাবার, পানি, চিকিৎসা কিংবা শীত নিবারণের প্রয়োজনীয় ব্যবস্থা।

এর মধ্যে নতুন করে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসে চরম উদ্বেগ তৈরি হয়েছে। প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছানো না গেলে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা কারাগারে, শেষ দেখা না পেয়েই বিদায় বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


মা কারাগারে, শেষ দেখা না পেয়েই বিদায় বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যে মা কারাগারে বন্দি অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।

তূর্যের মা শারমিন সুলতানার সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা থাকলেও কাশিমপুর কারাগার দূরবর্তী হওয়ায় তা আর পূরণ হয়নি। আইনজীবী জানিয়েছেন, তূর্যের মায়ের প্যারোলে মুক্তির জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে।

বর্তমানে তূর্যের মরদেহ আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। তবে প্যারোলে মুক্তি না মিললে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্বজনদের। সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় খোলা বা বন্ধ থাকা নিয়ে পরিবার বিভ্রান্তিতে রয়েছে।

এর আগে, ৬ অক্টোবর কারাগারে থাকা মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও প্রতিবন্ধী তূর্যের অসহায়ত্ব, ওষুধপত্রের সংকট এবং বাকি থাকা আরেকটি অপারেশন নিয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে ছোট বোন তূর্নির ওপর অসুস্থ বড় ভাইয়ের দেখভালের গুরুদায়িত্ব এসে পড়ার বিষয়টিও উঠে আসে।

পারিবারিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে অবস্থান করছিল। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে ৩ অক্টোবর গভীর রাতে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে পুলিশ আটক করে। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটকের আগে, তিনি নিজ বাসায় কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন। শারমিন সুলতানা, নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধের সূত্র ধরে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক মারপ্যাঁচে রূপ নেয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা জানিয়ে শারমিন সুলতানার কান্নাজড়িত আকুতি এবং সন্তানের মৃত্যুর ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক বিবেচনার জায়গা নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছরে বাংলাদেশে ইলিশ উৎপাদন ১০ শতাংশ কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


তিন বছরে বাংলাদেশে ইলিশ উৎপাদন ১০ শতাংশ কমেছে

বাংলাদেশে ইলিশের উৎপাদন গত এক দশক ধরে বৃদ্ধি পেলেও, তিনটি অর্থবছরে তা প্রায় ১০ শতাংশ কমে গেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে, গবেষক ও বিশেষজ্ঞরা বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছেন, যাতে ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র রক্ষা করা যায়। তাদের মতে, বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য তিন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

কর্মশালায় ইলিশ গবেষক মোহাম্মদ আনিসুর রহমান জানান, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশের বেশি বাংলাদেশের জলসীমা থেকে আসে। ২০১২-১৩ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন ছিল ৩ লাখ ৫১ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে রেকর্ড ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছায়। তবে এরপর থেকে উৎপাদন কমতে শুরু করেছে।

উৎপাদন হ্রাসের কারণ হিসেবে তিনি অতিরিক্ত ও অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার, বিচরণক্ষেত্রে পলি জমা, নতুন চর জেগে ওঠা, পানিদূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ইলিশের জীবনচক্র নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশের সঙ্গে যুক্ত। তাই শুধু জাতীয় পর্যায়ে নয়, সীমান্ত অতিক্রম করে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নিষিদ্ধ জাল ও অতিরিক্ত মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। পাশাপাশি, ইলিশ সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

বঙ্গোপসাগরীয় কর্মসূচি আন্তসরকারি সংস্থার (বিওবিপি-আইজিও) পরিচালক পি কৃষ্ণ বাংলাদেশকে ইলিশ সংরক্ষণে রোল মডেল হিসেবে উল্লেখ করেন। ভারতের গবেষক অমিয় সাহু আঞ্চলিক ডেটাবেজ, বিশেষ টাস্কফোর্স ও আন্তসরকারি সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন। মিয়ানমারের গবেষক কিন মং সোয়েও অনিয়ন্ত্রিত মাছ আহরণকে উৎপাদন কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।

কর্মশালায় জেলেদের জীবিকার বিষয়টিও গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, ক্ষুদ্র জেলেদের ঋণের ফাঁদ থেকে রক্ষায় সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে হবে।

কর্মশালার আহ্বায়ক ইলিশ গবেষক আবদুল ওয়াহাব বলেন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ইলিশ উৎপাদন আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব।

বিওবিপি-আইজিও, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডফিশ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%