ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ


শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

বলিউড সুপারস্টার সালমান খান তার আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’র মুক্তির তারিখ সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, তিনি বড় ভারতীয় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াই করতে চান না। তবে, শাহরুখ খান বা সঞ্জয়লীলা বানসালির সিনেমার বিপরীতে না গিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’-এর মতো বড় হলিউড সিনেমার সঙ্গে লড়াই করতে তার কোনো আপত্তি নেই।

সম্প্রতি হায়দরাবাদে এবিপি নিউজের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সালমান ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার মুক্তির পরিকল্পনা ও তারিখ নির্ধারণের পেছনের চিন্তাভাবনা তুলে ধরেন।

সালমান খান জানান, ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘কিং’, যেখানে শাহরুখের সঙ্গে তার মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। এ প্রসঙ্গে সালমান বলেন, “শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আমি শাহরুখ এবং তার মেয়ে সুহানার সঙ্গে কোনোভাবেই লড়াইয়ে যাব না। একদমই না।”

আরও পড়ুন: এ আর রহমান ‘রামায়ণ’-এ কাজ করার জন্য ফিরিয়েছেন ১০-১২টি সিনেমার প্রস্তাব

হলিউডের বড় দুটি প্রজেক্টের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “অ্যাভেঞ্জার্স এবং ডিউন—এই দুটি সিনেমা যে আসছে, আমি যেকোনো সময় এদের সঙ্গে লড়াই করতে রাজি। কিন্তু এগুলো এক সপ্তাহ আগে আসছে। এদের সঙ্গে লড়তে আমার কোনো সমস্যা নেই। এখন আমি যদি নিজের মুক্তির তারিখ ছেড়ে দিই, তবে শাহরুখের সিনেমা এক সপ্তাহ পরেই আসবে। আমি কখনোই সেই লড়াইয়ে জড়াতে চাই না।”

সিনেমাটির মুক্তির তারিখ ২০২৭ সালের শুরুতে পিছিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন সালমান। তবে তিনি অন্যান্য বড় সিনেমার কারণে সেদিকেও যেতে চাননি।

সালমানের ভাষ্য, “এরপর ২৬ জানুয়ারি আছে, তারিখটা ভালো। সঞ্জয়লীলা বানসালি আসছেন ভিকি, রণবীর আর আলিয়াকে নিয়ে। তাই আমি তাদের সঙ্গেও লড়তে চাইনি। এরপরের সপ্তাহও ভালো, কিন্তু মার্চে আরেকটি সিনেমা আসছে। সেটার নাম ‘মনস্টার’। আর আমি নিজের সিনেমার সঙ্গেই লড়াই করতে চাই না।”

সব হিসাব-নিকাশ শেষে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ চূড়ান্ত করলেও সালমানকে একজনের সঙ্গে সংঘাতে জড়াতে হচ্ছে। কারণ একই দিনে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘ঈথা’।

আরও পড়ুন: ভাবিনি কোনো দিন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়াব : তারিক আনাম খান

এই কাকতালীয় সংঘাতের বিষয়ে সালমান জানান, নিজের তারিখ ঠিক করার সময় বিষয়টি তার জানা ছিল না। এ জন্য তিনি শ্রদ্ধা কাপুরকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এবং অনুষ্ঠানে প্রকাশ্যেই সিনেমাটির সাফল্য কামনা করে দর্শকদের তা দেখার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারতের দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারতের দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকর নেতৃত্বের মাধ্যমে ভারত এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। একই সময়ে, ২০১৮ সালের পর চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধানও সবচেয়ে কমে এসেছে।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এশিয়ার আঞ্চলিক নেতাদের কার্যকারিতার বিচারে নরেন্দ্র মোদি দ্বিতীয় স্থানে রয়েছেন। তার উপরে রয়েছেন শুধুমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

লোয়ি ইনস্টিটিউটের সূচকে ‘পাওয়ার ইয়েল্ড’ বলতে বোঝানো হয়েছে, কোনো দেশের সম্পদ ও সামর্থ্যের ভিত্তিতে প্রত্যাশিত ক্ষমতা এবং বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার মধ্যে ব্যবধান।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শুধু এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখেনি, বরং ২০১৮ সালে এশিয়া পাওয়ার ইনডেক্স চালুর পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধানও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনও ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে ক্ষমতার আটটি সূচকের মধ্যে পাঁচটিতে ভারতের অগ্রগতি হয়েছে। অন্য তিনটিতে সামান্য অবনতি দেখা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কূটনৈতিক প্রভাব কিছুটা কমলেও এটি এখনও ভারতের সবচেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল ক্ষেত্র। যেখানে অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

ভারতের প্রতিরক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক প্রভাবও এশিয়ায় দেশটির অবস্থানকে শক্তিশালী করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির ফলে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে ভারত নবম অবস্থানে উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সাংস্কৃতিক প্রভাব বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক উপস্থিতি, তথ্যপ্রবাহ এবং জনগণের মধ্যে যোগাযোগ—এই তিন ক্ষেত্রেই উন্নতির কারণে এ অগ্রগতি হয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক এবং এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটনও ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ‘ভারতের প্রভাব বাড়ছে। দেশটির স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ হয়েছে। এর মধ্য দিয়ে একটি প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। ২০১৮ সালের পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা অবনতি সত্ত্বেও মোদিকে শি জিনপিংয়ের পর এশিয়ার দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।’

তবে ভারতের জন্য কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে রুপির দরপতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কেও আগের তুলনায় ইতিবাচক মূল্যায়ন কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা তুলনামূলকভাবে কম থাকাকে এর একটি কারণ হিসেবে দেখানো হয়েছে।

তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে সম্ভাবনার ক্ষেত্র অনেক বিস্তৃত বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত সারা বিশ্বে নিন্দার শিকার হচ্ছে।

তিনি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

ভারতের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, "আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এরকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে?" তিনি আরও বলেন, "এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আপনারা নিন্দিত হবেন।"

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, "শেখ হাসিনার মতো এমন শাসক গত ৫০-৫৫ বছরেও এই মাটিতে আসেনি।" তিনি উল্লেখ করেন, "গায়ের জোরে তিনটি টার্ম ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন থাকবেন। কিন্তু কোনো নির্বাচনে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়েছেন। পালানো ব্যক্তি কি কখনো ফিরে আসে? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়।"

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কঠোর মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, "আওয়ামী লীগ সন্ত্রাসী, আগুন, হত্যা—এটা তাদের কাজ। এর জন্য এই আওয়ামী লীগের সঙ্গে, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই।" তিনি বলেন, "কোনো রকম তাদের এই অন্যায়কে এ দেশের মানুষ স্বীকার করে না। রাজনীতিতে তারা আবর্জনাতুল্য।"

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "রাজনীতিতে যদি থাকতে হয়, বেগম খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারেক রহমান দৃষ্টান্ত করেছেন।"

বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে শামসুজ্জামান দুদু বলেন, "আজকে যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব একটা মানুষ। তার একটি মহিমা আছে।" তিনি আরো বলেন, "তার মন্ত্রিপরিষদ, তার সহকর্মীরা সকলেই অত্যন্ত পরীক্ষিত মানুষ। সেই পরীক্ষা তারা প্রায় দুই দশক ধরে এই দেশে দিয়েছেন।"

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ থাকব, সন্ত্রাসীদের এবং পরজীবীদের কোনো ভবিষ্যৎ নাই।"

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপিতে ফিরছেন কিনা, জানালেন রুমিন ফারাহানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


বিএনপিতে ফিরছেন কিনা, জানালেন রুমিন ফারাহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই নেত্রীকে দলে ফেরানোর আলোচনার মধ্যে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি বিএনপিতে ফিরে আসার জন্য কোনো আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি মন্তব্য করেছেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় সুপেয় পানির সংকট নিরসনে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


বরগুনায় সুপেয় পানির সংকট নিরসনে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী

উপকূলীয় জেলা বরগুনায় জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পানির লবণাক্ততার কারণে নিরাপদ সুপেয় পানির সংকট ক্রমাগত জটিল আকার ধারণ করছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা হ্রাস পাওয়ায় জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক জনগণের এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। কোথাও নিরাপদ পানির উৎসের অভাব দেখা দিচ্ছে, আবার কোথাও টিউবওয়েল স্থাপন করা হলেও পানি না ওঠায় সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা এবং সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে বরগুনায় সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করেছে বসুন্ধরা শুভসংঘ।

সোমবার (২৩ নভেম্বর) বরগুনা জেলা শাখার উদ্যোগে বসুন্ধরা শুভসংঘ এই পোস্টার প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকটের কারণ, সাধারণ মানুষের ভোগান্তি এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরা হয়।

পোস্টার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মো. মাসুদ আলম মনির, মো. নাসির উদ্দীন খান, মো. ফরিদ উদ্দীন খোকন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সদস্য আকবর হোসেন প্রিন্স এবং সামছুর রহমানসহ অন্যান্যরা।

আয়োজনে বক্তারা মন্তব্য করেন, নিরাপদ সুপেয় পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু উপকূলীয় বরগুনার বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তন ও পানির লবণাক্ততার কারণে সেই অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে এবং মিঠাপানির উৎস সীমিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হয়। এ কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা।

বক্তারা আরও উল্লেখ করেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন করা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলো থেকে পানি পাওয়া যাচ্ছে না। ফলে অবকাঠামো নির্মাণের পাশাপাশি পানির উৎসের উপযোগিতা যাচাই, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বিকল্প পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু টিউবওয়েল স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না, সেগুলো থেকে মানুষ নিয়মিত নিরাপদ পানি পাচ্ছেন কি না, তা তদারকিও করা প্রয়োজন।

তারা বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক। এ ক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের উপযোগী ব্যবস্থা গড়ে তোলা, পুকুর ও জলাশয় পুনঃখনন, মিঠাপানির আধার সংরক্ষণ, নদী-খাল দখল ও দূষণমুক্ত রাখা এবং লবণাক্ততাসহিষ্ণু নিরাপদ পানির প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি বিদ্যমান পানির উৎসগুলো সচল রাখতে নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা প্রয়োজন।

বক্তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আশ্রয়ণ প্রকল্পসহ পানিসংকটে থাকা এলাকাগুলোতে ব্যবহার উপযোগী ও টেকসই সুপেয় পানির উৎস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পোস্টার প্রদর্শনীর মাধ্যমে নিরাপদ পানির গুরুত্ব, উপকূলীয় জনপদের বাস্তব সংকট এবং এর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির বার্তা তুলে ধরে বসুন্ধরা শুভসংঘ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%