০৩:৫৫ পি.এম
ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা, যাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধ করা। শ্রমিক অসন্তোষের কারণে কাঠগড়া অঞ্চল ও আশপাশের এলাকায় নাঈম নিটওয়্যারসহ অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় কিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের একজন সদস্য আহত হন।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ৮ টার পর আশুলিয়ার কাঠগড়া বাজার, আমতলা, নয়াপাড়া ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কন্টিনেন্টাল গার্মেন্টস, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে।
আরও পড়ুন: গণধর্ষণের অভিযোগে কিশোরী মিথিলা আক্তারের মৃত্যু, অভিযুক্তদের নাম ভিডিওতে
শিল্প পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে মিলিনিয়াম টেক্সটাইল লিমিটেড, হেসং কোরিয়া লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন গ্রুপ, আফিয়া নিটওয়্যার লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেদারেক্স ফুটওয়্যার লিমিটেড, এভারব্রাইট সোয়েটার লিমিটেড, গ্রিন লাইফ নীটেক্স লিমিটেড ও পিকার্ড বাংলাদেশ লিমিটেডসহ অন্যান্য কারখানা। সব মিলিয়ে অন্তত ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের একজন সদস্য মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে এ পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এ সংখ্যা আরো বাড়তে পারে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: আজমির উসমানের প্রধান সহযোগী সন্ত্রাসী আক্তার নূর গ্রেপ্তার
তবে এ বিষয়ে কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন