ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের জন্য নতুন নির্দেশনা


ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের জন্য নতুন নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি বৃদ্ধি, চুরি এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করার জন্য নিরাপত্তা জোরদারের পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই উদ্দেশ্যে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় দায়িত্বরত নিরাপত্তা প্রহরীদের আরও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গত ১১ নভেম্বর, বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা কর্তৃক স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বহিরাগতদের চলাচল বৃদ্ধি পেয়েছে। এর ফলে ক্যাম্পাসের অভ্যন্তরে চুরি এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালনে শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: জাবিতে ভর্তির জিপিএ শর্ত শিথিল, আবেদন ২২ নভেম্বর থেকে

এই পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, ব্যাংক, নিরাপত্তা একাডেমি, একাডেমিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের তাদের নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সকল নিরাপত্তা প্রহরীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। নিজের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেওয়া যাবে না। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী নির্ধারিত সময়ে উপস্থিত না হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

এছাড়া, ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের ওপর সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে আসে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট প্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: জাবিতে গবেষণায় প্রজাপতি সংরক্ষণে ৫৪ প্রজাতির বন্য মধুবাহী উদ্ভিদ শনাক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার সম্ভাবনা আটকে আছে সেতুর অভাবে, সড়ক নির্মাণের দাবি জোরালো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


ভোলার সম্ভাবনা আটকে আছে সেতুর অভাবে, সড়ক নির্মাণের দাবি জোরালো

ভোলার সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার দাবি দীর্ঘকাল ধরে রয়েছে। ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই ২০২৪ সালে সম্পন্ন হয়েছে। রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা মহাসড়ক নির্মাণের ঘোষণা এসেছে। তবে প্রকল্পগুলোর বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি এখনো দেখা যায়নি। ভোলার স্থানীয়রা মনে করেন, সেতু ও সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণ হলে জেলার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ বৃদ্ধি পাবে।

ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সেতু বিভাগ ২০২৪ সালে শেষ করে। বরিশালের লাহারহাট থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে প্রস্তাবিত সেতু নিয়ে ভোলায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে সেতু কর্তৃপক্ষ। কিন্তু এরপর প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা’ রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণা দেন। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এই প্রকল্পে নতুন করে সাড়ে ২১ কিলোমিটার সড়ক নির্মাণ এবং পুরনো সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভোলার ইলিশা চ্যানেলে ১ হাজার ৪০০ মিটার, হিজলা ও মেহেন্দীগঞ্জের মাঝকাটা এলাকায় ১ হাজার ৩০০ মিটার এবং ৩০০ মিটার দীর্ঘ তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত সড়ক যোগাযোগব্যবস্থা বাস্তবায়িত হলে ভোলা থেকে শরীয়তপুর ও ঘোষেরহাট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াতের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের মাধ্যমে শিগগির কাজ শুরু হবে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে। তবে ভোলার বাসিন্দারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গণস্বাক্ষর অভিযানও শুরু করেছেন তারা। ‘আমরা ভোলাবাসী’র সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের সমাবেশে ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সংসদে সেতুমন্ত্রীও শিগগির কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। কিন্তু নির্মাণকাজের দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকল্পটির বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানি না। এই কারণে সেতু নির্মাণের দাবিতে আবারও ভোলাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৫ যুবক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৫ যুবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা চলাকালীন পাঁচ যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারচক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, ‘কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহাম্মদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে মো. রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহাম্মেদের ছেলে মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. রিদুয়ান মিয়া (১৯)।

বিজিবি জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে।

এই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখা যায়, যা টহল দলের নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। পাশাপাশি সমুদ্রতীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রা-সার্কাসে অশ্লীলতা, জুয়া-মাদক পেলেই নিষিদ্ধ: উপদেষ্টা ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


যাত্রা-সার্কাসে অশ্লীলতা, জুয়া-মাদক পেলেই নিষিদ্ধ: উপদেষ্টা ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যাত্রা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে অশ্লীলতা, জুয়া এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ করা হবে। তিনি উল্লেখ করেছেন, সরকার সুস্থ ও শালীন ধারার যাত্রা-সার্কাস চালু রাখতে উদ্যোগ গ্রহণ করবে। তবে সংস্কৃতির নামে কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সাংবাদিকরা যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির মতো আয়োজনের অভিযোগ তুলে এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। তৌহিদী জনতার সঙ্গে সরকারের সমন্বয়ের প্রশ্নেরও তিনি উত্তর দেন।

জাহেদ উর রহমান বলেন, যাত্রা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে সরকারকে দুটি বিষয় বিবেচনা করতে হচ্ছে। প্রথমত, এসব আয়োজনের সঙ্গে অশ্লীলতা যুক্ত হওয়ার প্রবণতা রয়েছে। দ্বিতীয়ত, যাত্রা-সার্কাসের আড়ালে জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড পরিচালনার ঝুঁকি বিদ্যমান। সরকার এসব অনৈতিক কার্যক্রম বন্ধ করেই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনগুলো চালু রাখতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে জুয়া নিষিদ্ধ। অনলাইনসহ যেকোনো মাধ্যমে জুয়া খেলা আইনত অপরাধ। যাত্রা ও সার্কাসের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড যুক্ত হলে বিশেষ করে তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপদেষ্টা জানান, যাত্রা ও সার্কাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অশ্লীলতা ও অবৈধ কর্মকাণ্ড বাদ দিয়ে শালীন পরিবেশে আয়োজন পরিচালনা করতে হবে। এছাড়া, এসব অনৈতিক কর্মকাণ্ড ছাড়াও যাত্রা-সার্কাস আয়োজন করে লাভ করা সম্ভব কি না, সে বিষয়েও তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অশ্লীলতা ও জুয়া ছাড়াও এসব আয়োজন পরিচালনা করে লাভ করা সম্ভব।

তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো যাত্রা বা সার্কাসের আয়োজনে নির্দেশনা অমান্য করে অশ্লীলতা, মাদক কিংবা জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে তাদের নিষিদ্ধ করা হবে।

সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার ক্ষেত্রে তৌহিদী জনতার পরিচয় ব্যবহারের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, প্রকৃত তৌহিদী জনতা এ ধরনের হাঙ্গামা বা বাধা সৃষ্টির সঙ্গে জড়িত হতে পারে না। কারও কোনো আয়োজন নিয়ে আপত্তি বা ভিন্নমত থাকতে পারে। তবে কোনো অন্যায় না হলে এবং সরকার যে আয়োজনকে অন্যায় মনে করছে না, তা বন্ধ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, যাত্রা ও সার্কাস বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই এসব আয়োজন চালু রাখতে সরকার অবশ্যই উদ্যোগ নেবে। বিভিন্ন নাম ব্যবহার করে যারা এসব আয়োজনে বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করা হবে।

উপদেষ্টা আরও জানান, তৌহিদী জনতার পরিচয় ব্যবহার করে যারা সাংস্কৃতিক আয়োজনে বাধা দিচ্ছেন, তাদের সঙ্গেও যোগাযোগ ও আলোচনা করার চেষ্টা করবে সরকার। তবে সুস্থ, শালীন ও ঐতিহ্যবাহী ধারার যাত্রা-সার্কাসের আয়োজন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর আগে ভাইরাল হয়েছিল ‘কোলাভেরি ডি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


১৫ বছর আগে ভাইরাল হয়েছিল ‘কোলাভেরি ডি’

‘হোয়াই দিস কোলাভেরি ডি’—একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই শোনা যেত এই গান। তামিল ভাষা না বুঝলেও গানের সুর এবং ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ কথাটি গুনগুন করতেন অনেকেই। ভাষার সীমানা পেরিয়ে গানটি ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তে। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৫ বছর। ২০১১ সালের ১৬ নভেম্বর মুক্তি পাওয়া গানটি কিভাবে রাতারাতি ভাইরাল হয়েছিল, সেই গল্পও বেশ মজার।

তামিল সিনেমা ‘থ্রি’-এর জন্য গানটি তৈরি করেছিলেন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ছবিটি পরিচালনা করেছিলেন ঐশ্বরিয়া আর ধানুশ। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ধানুশ। তখন অনিরুদ্ধের বয়স ছিল মাত্র ২১ বছর। চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে এটিই ছিল তার অভিষেক।

গানটির জন্ম হয়েছিল একেবারে সাধারণ এক স্টুডিও সেশনে। অনিরুদ্ধের দাবি, সুরটি তৈরি করতে তার সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিট। সুর শোনার পর ধানুশ নিজের মতো করে গাইতে শুরু করেন। সেখান থেকেই আসে ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ কথাটি। এরপর ধীরে ধীরে তৈরি হয় পুরো গান।

গানের কথা লিখতেও বেশি সময় নেননি ধানুশ। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মাত্র ছয় মিনিটে গানটির কথা লিখেছিলেন। তার উদ্দেশ্য ছিল সহজ ও পরিচিত শব্দ ব্যবহার করা, যাতে নানা ভাষার শ্রোতারাও গানটির সঙ্গে সহজে যুক্ত হতে পারেন।

গানটিতে ইংরেজি শব্দের আধিক্য থাকলেও ধানুশ একে ‘ট্যাংলিশ’ বলতে চাননি। তার ভাষ্য, ইংরেজি শব্দ ব্যবহার করলেও গাওয়ার ধরনে তিনি তামিলের স্বাদ রেখেছিলেন। তামিল শ্রোতাদের কাছে গানটি পৌঁছে দেওয়াই ছিল তার লক্ষ্য।

ব্যর্থ প্রেমের হতাশা নিয়ে তৈরি গানটির কথায় ছিল অদ্ভুত এক সরলতা। ‘হোয়াইট স্কিন গার্ল’ কিংবা ‘ব্ল্যাক হার্ট’-এর মতো শব্দবন্ধ আর সহজ সুর গানটিকে অন্য রকম করে তুলেছিল। পরে এমন ব্যর্থ প্রেমের গানকে ‘সুপ সং’ নামে পরিচিতি দেওয়া হয়।

তবে গানটি শুরুতে এককভাবে প্রকাশের পরিকল্পনা ছিল না। ধানুশের পরিচিত একজন গানটির অসম্পূর্ণ সংস্করণ ইন্টারনেটে আপলোড করে দেন। এরপর সেটি দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি বুঝে গানটি দ্রুত সম্পূর্ণ করার জন্য অনিরুদ্ধকে রাজি করান ধানুশ। শেষ পর্যন্ত ২০১১ সালের ১৬ নভেম্বর সনি মিউজিকের ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় গানটি।

মুক্তির পরপরই গানটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের টাইমলাইন থেকে ইউটিউব—সবখানেই তখন ‘কোলাভেরি’ নিয়ে আলোচনা। তামিল সিনেমার বাইরের শ্রোতারাও গানটি শুনতে শুরু করেন। তৈরি হতে থাকে নানা কাভার, প্যারোডি ও নিজস্ব সংস্করণ।

গানটির মিউজিক ভিডিওও ছিল বেশ সাদামাটা। ছিল না বড় কোনো সেট বা জাঁকজমকপূর্ণ আয়োজন। স্টুডিওতে বন্ধুদের আড্ডা আর গান গাওয়ার দৃশ্যই দেখা যায় ভিডিওতে। ধানুশ মাইক্রোফোনে গাইছেন, অনিরুদ্ধ কি-বোর্ড বাজাচ্ছেন। সেখানে ছিলেন ঐশ্বরিয়া ও শ্রুতি হাসানও। পর্দায় গানের কথা ভেসে ওঠায় শ্রোতারাও সহজে গানের সঙ্গে গলা মেলাতে পারতেন।

গানটি বলিউডেও প্রশংসা পেয়েছিল। অমিতাভ বচ্চন এক টুইটে গানটির মৌলিকত্ব ও সুরের প্রশংসা করে ধানুশ ও ঐশ্বরিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন। তবে গানের কথা, সুর ও গায়কির সমালোচনাও করেছিলেন গীতিকার জাভেদ আখতার। তা নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। কিন্তু সমালোচনা গানটির জনপ্রিয়তায় তেমন প্রভাব ফেলতে পারেনি।

অনিরুদ্ধের সংগীতজীবনের শুরুতেই এমন সাফল্য ছিল বড় প্রাপ্তি। অন্যদিকে, ধানুশ অভিনয়ের পাশাপাশি গায়ক ও গীতিকার হিসেবেও নতুন করে পরিচিতি পান। মজার বিষয় হলো, ‘কোলাভেরি ডি’ তুমুল জনপ্রিয় হলেও ‘থ্রি’ সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও গানটি নিজের মতো করে বেঁচে আছে শ্রোতাদের মনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%