০৫:২২ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের ফেডারেশন (আইএফআরসি) কে তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দফতরে বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ তার পরিচয়পত্র পেশ করতে আসলে তিনি এই আহ্বান জানান।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে তিন দিনব্যাপী জলবায়ু প্রশিক্ষণ কর্মশালা শুরু
হুমায়ুন কবির তহবিল হ্রাসের এই সময়ে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের ক্রমবর্ধমান মানবিক চাহিদার কথা উল্লেখ করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সরকারের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদান তুলে ধরেন তিনি।
২০২৬ সালের জুলাই মাসের বন্যা ও ভূমিধসের ঘটনায় আইএফআরসির দ্রুত সাড়াদানের প্রশংসা করেন তিনি এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পূর্বাভাস-ভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের ঘোষণা শিল্পমন্ত্রীর
সেভাল গুজেলকিলিঞ্চ সরকারকে ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরে তিনি মানবিক সেবা বৃদ্ধি, কমিউনিটির সহনশীলতা জোরদার করা, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
আরও পড়ুন: দুদকের মামলা: অসীম কুমার উকিল ও স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন