০৪:১৫ পি.এম
ঝিনাইদহ, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার সদর উপজেলার মধুহাটী ইউনিয়নে একটি মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া (৪) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মৃত জাকিয়া কামতা গ্রামের জাফিরুল ইসলামের কন্যা।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
নিহত শিশুর ফুফা সাবদার হোসেন জানান, সকালে বাড়ির পাশে রাস্তার ধারে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর ঘটনাস্থলে এসে পৌঁছালে শিশুটি হঠাৎ করে রাস্তা পার হওয়ার চেষ্টা করে এবং ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বাসসকে জানান, শিশুটি ট্রাক্টরের হর্ণ শুনে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক্টর চালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বাসসকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক মাসুদ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন