১০:২৭ এম
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বর্তমানে পাঁচ প্লাটুন বিজিবি সেখানে মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা বাড়ানো হতে পারে।
রোববার (১ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম এ তথ্য জানান।
তিনি বলেন, “আজ থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে। আপাতত পাঁচ প্লাটুন থাকার কথা রয়েছে। তবে আমরা শুধুমাত্র বিজিবি মোতায়েনের বিষয়টি জানাচ্ছি। পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে। তারা গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে।”
আরও পড়ুন: পুরোনো ভিডিও ছড়িয়ে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, দাবি ইউপিডিএফের
এদিকে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন এবং পরে সেখান থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করে।
এরপর হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এ সময় অনেক শ্রমিকের হাতে লাঠিসোঁটা দেখা যায়, যার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর পরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: রাঙামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপন
তারা আরও জানান, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে সড়ক ছেড়ে দিলেও রোববার সকাল থেকে আবারও মহাসড়কে অবস্থান নেন তারা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন