সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৫ এম
ইয়েমেনে চলমান যুদ্ধে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য মরিয়া হয়ে উঠেছে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট বাহিনী। উভয় পক্ষই যুদ্ধের গতিপথ নিজেদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই সংঘাতের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন ইয়েমেনের সাধারণ মানুষ।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান নিউ আমেরিকার ফেলো অ্যাডাম ব্যারন আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয় তুলে ধরেছেন।
অ্যাডাম ব্যারন বলেন, "যেকোনো সংঘাতেই যুদ্ধের গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখা গুরুত্বপূর্ণ। ইয়েমেনের ক্ষেত্রে বিষয়টি আরো বেশি সত্য। বর্তমানে দুই পক্ষই নিজেদের সামরিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি যুদ্ধের গতিপথ নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, "কোনো পক্ষই চায় না সংঘাতটি দীর্ঘস্থায়ী অচলাবস্থায় পরিণত হোক। বরং উভয় পক্ষই প্রমাণ করতে চাইছে, তারা যুদ্ধের নিয়ন্ত্রণ ও গতি নিজেদের হাতে নিতে সক্ষম।"
তবে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ইয়েমেনের বেসামরিক নাগরিকেরা প্রতিনিয়ত সংঘাতের শিকার হচ্ছেন। অ্যাডাম ব্যারন মন্তব্য করেন, "যুদ্ধের দুই পক্ষের মাঝখানে পড়ে তাদেরই সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে।"
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে লকডাউনের নামে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ৮ দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহদপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রীড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার, সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল, খাইরুল আলম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার এবং সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া।
বক্তারা সংক্ষিপ্ত সমাবেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং তাদের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান করেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পূবালী ব্যাংক পিএলসি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টারের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় স্টুডেন্ট ফাইল খোলা, টিউশন ফি ও শিক্ষা ব্যয় পাঠানো এবং শিক্ষা ঋণসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালুর পরিকল্পনা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা লাভ করবেন।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের টাঙ্গাইল প্রধান শাখার উদ্যোগে আয়োজিত ‘ব্যাংকিং প্রোডাক্টস সেলস ক্যাম্পেইন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এছাড়া পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন. এম. ফিরোজ কামাল এবং টাঙ্গাইল অঞ্চলের প্রধান ও ডিজিএম মো. বেল্লাল হোসেনও উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ব্যাংকিং সুবিধার বিষয় তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। বিদেশে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ফাইল খোলার, প্রয়োজনীয় ব্যাংক ব্যালেন্স ও সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহের সুবিধা এবং বিদেশে টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয় পাঠানোর বিষয়গুলো উল্লেখ করা হয়। দেশের সব শাখা ও উপশাখায় লেনদেন, দ্রুত ব্যাংকিং সেবা এবং লুকায়িত খরচ ছাড়াই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়গুলোও আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ আগ্রহ প্রকাশ করে। বিশেষভাবে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ঋণসুবিধা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ থাকবে। এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত লেনদেন, ৫০০টির বেশি মার্চেন্ট প্রতিষ্ঠানে ছাড়, নির্দিষ্ট রেস্টুরেন্টে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ এবং এক হাজারের বেশি পার্টনার প্রতিষ্ঠানে শূন্য শতাংশ ইএমআই সুবিধা পাওয়া যাবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়।
এছাড়া চিকিৎসা ব্যয়ে ৭ শতাংশ হারে হেলথ ইএমআই এবং আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি সব সময় আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করি। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গেই আমরা সমঝোতা করতে আগ্রহী। ইতোমধ্যে পূবালী ব্যাংক আমাদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানিয়েছে। এতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা চিকিৎসাসেবায় উপকৃত হবে।’
পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন. এম. ফিরোজ কামাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অ্যাম্বুলেন্স দেব। পাশাপাশি শিক্ষা, গবেষণা, ল্যাব ও একাডেমিক কার্যক্রমসহ সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের সহযোগিতা করতে চাই। শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণপ্রাপ্তির প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়েও আমরা কাজ করতে আগ্রহী। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের সহজে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশজুড়ে গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৫১৮ জনে পৌঁছেছে। পাশাপাশি, গত একদিনে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, সংখ্যা ৭৫৫ জন। এছাড়া, খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, ২৬১ জন মারা গেছেন। এছাড়া, খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তিনদিন বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজের চলাচল আবার শুরু হয়েছে।
সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে রোববার (২২ নভেম্বর) সকাল থেকে এই রুটে জাহাজ চলাচল পুনরায় চালু করা হয়।
রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনীয়ার ছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাঁচটি পর্যটকবাহী জাহাজ যাত্রা করে। এসব জাহাজের মাধ্যমে দ্বীপটিতে ১ হাজার ৮৭০ জন পর্যটক পৌঁছান।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানিয়েছেন, সেন্টমার্টিনে আটকে থাকা ৯ শতাধিক পর্যটক নিয়ে জাহাজগুলো বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েন। পরে শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ৬০০ পর্যটক কক্সবাজারে ফিরে আসেন।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।’
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, রোববার সকাল থেকে ৩ নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ