ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আওয়ামী লীগকে দায়ী করছে স্থানীয় নেতাকর্মীরা


রাজশাহীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আওয়ামী লীগকে দায়ী করছে স্থানীয় নেতাকর্মীরা

রাজশাহীর তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা কার্যালয় থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের দায়ী করেছেন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: জিয়ানগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান অগ্নিকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন, রাতের আঁধারে দলীয় কার্যালয়ে আগুন দিয়ে তাদের ভয় দেখানো যাবে না। তিনি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অগ্নিসংযোগের খবর পেয়ে তানোর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘পুলিশ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের গ্রামীণ ব্যাংকে ককটেল বিস্ফোরণ, পুলিশ তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


চট্টগ্রামের গ্রামীণ ব্যাংকে ককটেল বিস্ফোরণ, পুলিশ তদন্ত শুরু

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে এই বিস্ফোরণটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১২টার সময় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নিচতলায় জানালার কাচ ভেঙে ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। তবে, ছড়িয়ে পড়ার আগেই নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের ফলে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ব্যাংকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, নিচতলায় কর্মীরা স্বাভাবিকভাবে কাজ করছেন। তবে, বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি কার্যালয়ে উপস্থিত কর্মীরা। গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘ব্যাংকের নিচতলায় আগুন দেখে কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।’

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, রাত ১২টার দিকে কে বা কারা ককটেল নিক্ষেপ করে চলে যায়। দায়িত্বরত নিরাপত্তাকর্মী এ সময় আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠলে চাকরিই তাদের পেছনে ছুটবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠলে চাকরিই তাদের পেছনে ছুটবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

আবাবিল যুব ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর আনসার ক্যাম্পে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের এমনভাবে পড়াশোনা করতে হবে এবং নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে চাকরির পেছনে ছুটতে না হয়, বরং চাকরিই তাদের পেছনে ছুটে। তিনি উল্লেখ করেন যে, চাকরির সন্ধান না করে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যারা হাজার হাজার তরুণের কর্মসংস্থান নিশ্চিত করবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যারা পড়াশোনা করছেন না, চাকরি নেই কিংবা বিদেশে যেতে পারছেন না, তাদের নিজেদের ব্যর্থ বা লজ্জিত ভাবার কোনো প্রয়োজন নেই। আধুনিক যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের এখন থেকেই কম্পিউটার শেখা ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। এর মাধ্যমে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে ঘরে বসেই আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যেকোনো সুযোগে কাজের মাধ্যমে নিজেদের কর্মমুখী করে তুলতে হবে।

বেকারত্বের নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বলেন, বেকারত্ব তরুণদের হতাশার দিকে ঠেলে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে মাদকাসক্তি ও অপরাধপ্রবণতার ঝুঁকি বাড়াচ্ছে। তরুণরা এ দেশের সম্পদ ও সম্ভাবনা। সমাজের নেতৃত্ব দিতে চাইলে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। অর্থনৈতিক সীমাবদ্ধতাকে স্বপ্নপূরণের পথে বাধা হতে দেওয়া যাবে না।

তরুণদের নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, অসৎ সঙ্গ পরিহার করে সততা, নৈতিকতা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মা-বাবার চোখের মণি এবং সমাজের আশার আলো হিসেবে গড়ে তুলতে চায়। তিনি উল্লেখ করেন যে, কোনো তরুণকে বিপথে যেতে দেওয়া হবে না।

দেশের কর্মসংস্থান ও শিল্পায়ন প্রসঙ্গে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনসহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য তৈরির শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে তরুণদের নেতৃত্ব ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

ঢাকা শহরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একসময় ঢাকা শহরকে রূপসী নগরী বলা হতো। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ ও ব্যর্থতার কারণে শহরটি আজ নানা সমস্যায় জর্জরিত। ঢাকা শহরকে বিশ্বের উন্নত শহরগুলোর মতো পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরো বলেন, ঢাকার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে দিতে হবে, যাদের মধ্যে সততা, নিষ্ঠা ও আমানতদারিতা রয়েছে। দুর্নীতি, চুরি, ঘুষ ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনকল্যাণমূলক নগরব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত। সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মু. সাইফুল ইসলাম। এ সময় আবাবিল যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় তরুণরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮ কোটি টাকার সেতু নির্মাণ হলেও নৌকাতেই ভরসা স্থানীয়দের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


২৮ কোটি টাকার সেতু নির্মাণ হলেও নৌকাতেই ভরসা স্থানীয়দের

দীর্ঘ ৯ বছরের পরিশ্রমের পর সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে দুই পাশে সংযোগ সড়ক না থাকার কারণে সেতুটি ব্যবহার করতে পারছেন না দুই পাড়ের বাসিন্দারা। এর ফলে দিনাজপুর সদর ও বিরল উপজেলার কিছু গ্রামের মানুষের জন্য নদী পারাপারের একমাত্র ভরসা এখনো নৌকা হয়ে রয়েছে।

দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা এবং বিরল উপজেলার বসন্তপুর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে পূর্ণভবা নদী। এই নদীর ওপর নির্মিত ২৫০ মিটার দীর্ঘ ঘুঘুডাঙ্গা সেতুর কাজ ২০২৬ সালের আগস্টে শেষ হয়েছে। কিন্তু দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনও চালু করা সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০১৯ সালের জানুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির জন্য মোট ব্যয় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ২৬৭ টাকা।

সেতুটি তৈরি করা হয়েছে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা মান্ত্রীপাড়া থেকে বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বুজুরুক বসন্তপুর এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে।

স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক না থাকার কারণে সেতুটি কার্যকর হচ্ছে না। নদী পার হতে গিয়ে ইতোমধ্যে দুইজনের মৃত্যু ঘটেছে। বর্ষাকালে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হয়। এই অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, রোগী ও কৃষকরা। তারা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শেখ ছগীর আহমেদ কমল জানান, সেতু চালু না হওয়ায় প্রতিষ্ঠানের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে আসতে হচ্ছে।

এ বিষয়ে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন জানিয়েছেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলেই কাজ শুরু হবে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ২.৫ কি.মি. খাল পুনঃসংস্কার কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


নেত্রকোণায় ২.৫ কি.মি. খাল পুনঃসংস্কার কাজের উদ্বোধন

নেত্রকোণা, ১০ নভেম্বর, ২০২৬ : কলমাকান্দা উপজেলার দু’টি ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন সম্পন্ন হয়েছে।

এ কর্মসূচিটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১৫ লাখ ৭৫ হাজার টাকার বরাদ্দে বাস্তবায়িত হচ্ছে। এর ফলে স্থানীয় ৭৫ জন নারী-পুরুষ শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এবং বিকেলে লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

পাঁচগাঁও এলাকায় উদ্বোধন করেন প্রধান অতিথি কমলকান্দা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, পিসিসির প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব দাস, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস ও চয়ন রিছিল।

অন্যদিকে, কাঁঠালবাড়ী এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে টিডব্লিউএ কলমাকান্দার চেয়ারম্যান মুকুট স্নাল, শিক্ষক মো. মাকসুদুর রহমান বিপ্লব, ইউপি সদস্য মো. মহসীন কবীর, তপন দিও, সুহাস চিরান, সুজিত মানখিন ও অঞ্জন সাংমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে ‘ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন (আইএইচআরইপি)’ প্রকল্পের আওতায় এই কাজ পরিচালিত হচ্ছে।

রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় ১.৫ কিলোমিটার এবং লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় ১ কিলোমিটার—মোট আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার করা হবে। খাল দুটির প্রতিটির প্রস্থ ১৫ ফুট এবং গভীরতা ৩ ফুট নির্ধারণ করা হয়েছে।

পাঁচগাঁও এলাকায় ৪৫ জন শ্রমিক ২৫ কর্মদিবসে পুনঃসংস্কারের কাজ সম্পন্ন করবেন এবং এ অংশের জন্য বরাদ্দ রয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫শ’ টাকা।

অন্যদিকে, কাঁঠালবাড়ী এলাকায় ৩০ জন শ্রমিক কাজ করবেন। উভয় এলাকার শ্রমিকদের দৈনিক মজুরি ৭শ’ টাকা নির্ধারণ করা হয়েছে এবং আগামীকাল বুধবার থেকে পুরোদমে কাজ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

শ্রমিকদের মজুরি সাপ্তাহিক ভিত্তিতে প্রদান করা হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, খাল দুটি পুনঃসংস্কার সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, জলাবদ্ধতা নিরসন হবে, পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%