১০:০৯ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার একটি ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড নতুন মজুরি কার্যকর করার সিদ্ধান্ত জানিয়ে ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে। তবে, শিল্পাঞ্চলে বিক্ষোভ, কারখানা ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা থামছে না।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক ইন্ধনের প্রশ্ন উঠেছে। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, শিল্প পুলিশের পর্যবেক্ষণ এবং অস্থিরতায় অর্থায়নের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পদক্ষেপ— সব মিলিয়ে রাজনৈতিক যোগসূত্রের বিষয়টি সামনে এসেছে।
শিল্প উদ্যোক্তারা মনে করেন, সরকার যখন শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি বিবেচনায় নিয়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে এবং নতুন মজুরি কার্যকরের সময়সীমা নির্ধারণ করেছে, তখন আন্দোলনের নামে কারখানা ভাঙচুর, উৎপাদন বন্ধ ও সড়ক অবরোধের কোনো যৌক্তিকতা নেই।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম বাসস-কে জানান, মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন অব্যাহত থাকা অস্বাভাবিক। তিনি বলেন, "এটি স্বাভাবিক শ্রমিক আন্দোলন হিসেবে দেখা যায় না। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে।"
শোভন ইসলাম আরও বলেন, মজুরি বোর্ড গঠনের পর এ ধরনের আন্দোলন আগে কখনো দেখেননি। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রকৃত পোশাকশ্রমিকের সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি জানান, "বহিরাগতদের একটি বড় অংশ রয়েছে।" তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যারা দেশের পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত করছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করার পেছনে পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে বলে শোভন ইসলাম মনে করেন। তিনি বলেন, "শিল্পের বর্তমান সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় না নিয়ে এক ধাপে ১৫৬ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক নয়।" তিনি সতর্ক করেন যে, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি সামনে রেখে আন্দোলনের একটি প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে, যা দেশের পোশাকশিল্পের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
শিল্প পুলিশের পর্যবেক্ষণে রাজনৈতিক যোগসূত্রের বিষয়টি উঠে এসেছে। তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার পেছনে রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি ও স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি পক্ষের ভূমিকা থাকতে পারে বলেও সন্দেহ করছে শিল্প পুলিশ।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
শ্রমিক নেতাদের একটি অংশের সঙ্গে কয়েকটি বড় কারখানার মালিকের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার সূত্র ধরে এ ধরনের যোগসূত্রের বিষয়টি সামনে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করছে, শ্রমিকের ছদ্মবেশে রাজনৈতিকভাবে সক্রিয় কিছু ব্যক্তি শিল্পাঞ্চলের কারখানায় কাজ নিয়ে অস্থিরতা উসকে দিচ্ছেন।
শিল্প পুলিশের সাবেক মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গাজী জসিম নভেম্বরের প্রথম সপ্তাহে বাসস-কে বলেন, "শ্রমিক নেতাদের একটি অংশের সঙ্গে অতীতে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কয়েকজন কারখানা মালিকের যোগসূত্র তাদের নজরে এসেছে।" তিনি জানান, শ্রমিক নেতাদের একটি বড় অংশের বিগত সরকারের আমলে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। গাজী জসিম বলেন, "বড় কারখানার মালিকদের মধ্যেও কারও কারও রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে।" পুলিশ ধারণা করছে, এসব পক্ষের মধ্যে একটি নেক্সাস রয়েছে।
গাজী জসিম আরও বলেন, "শ্রমিক নেতাদের কেউ কেউ প্রকাশ্যে সরকারের সঙ্গে এক ধরনের অবস্থান তুলে ধরলেও আড়ালে শ্রমিকদের কাজে না ফেরার জন্য ইন্ধন দিচ্ছেন।" শিল্প পুলিশ মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কাজে ফিরবেন বলে প্রত্যাশা করেছিল।
শিল্প পুলিশের ধারণা, বিভিন্ন মফস্বল এলাকা থেকে আসা রাজনৈতিকভাবে সক্রিয় কিছু ব্যক্তি শ্রমিক পরিচয়ে শিল্পাঞ্চলের কারখানায় চাকরি নিয়েছেন। তাদের কেউ কেউ এখন শিল্পাঞ্চলে অবস্থান করে অস্থিরতা সৃষ্টিতে ভূমিকা রাখছেন। পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করেও পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করার ইঙ্গিত পেয়েছে।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
অস্থিরতার পেছনে অর্থায়নের অভিযোগও খতিয়ে দেখছে এনবিআর। পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের অর্থায়নের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৫ নভেম্বর সংস্থাটি ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তালিকায় বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীদের নাম রয়েছে। সংস্থাটি অনুসন্ধান করছে, শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টিতে অর্থের জোগান দেওয়া হয়েছে কি না এবং এর পেছনে কারা অর্থায়ন করেছে।
অন্যদিকে, শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, "নতুন মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক, তা আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।" বোর্ডের পরবর্তী সভা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। নতুন মজুরি কার্যকর হওয়ার পর ডিসেম্বর মাসের বর্ধিত বেতন শ্রমিকরা জানুয়ারিতে পাবেন।
নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের সক্ষমতা— দুই দিকই বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
আজ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, "মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতাসহ সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বিবেচনায় নেওয়া প্রয়োজন।"
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, "কারখানায় অস্থিরতা— উৎপাদন, শ্রমিক কিংবা রপ্তানি কোনোটির জন্যই ভালো নয়।" তিনি সতর্ক করেন যে, এর নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে। শ্রমিকদের প্রাপ্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখাও জরুরি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পোশাকশিল্পের চলমান পরিস্থিতি কেবল নতুন মজুরির দাবিকে কেন্দ্র করে হচ্ছে বলে তিনি মনে করেন না।"
শিল্পসংশ্লিষ্টদের মতে, তৈরি পোশাক খাত দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র। এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা উৎপাদন ও রপ্তানি আদেশ ব্যাহত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শ্রমিকদের দাবিকে ব্যবহার করে কেউ পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন