ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হত্যাচেষ্টা মামলায় আদালত কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার দেখাল


হত্যাচেষ্টা মামলায় আদালত কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার দেখাল

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় এই মামলা দায়ের করা হয়। আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় কারাগার থেকে দুই আসামিকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়।

শুনানির এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি বিচারকের উদ্দেশে বলেন, “আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।”

আরও পড়ুন: কণ্ঠশিল্পী মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। তিনি আদালতকে জানান, মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবর এই অপরাধ সংঘটিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং আসামিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শাকিল। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় এবং চিকিৎসকরা জানান তার ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। সেই থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এবার তাকে মিরপুরের এই হত্যাচেষ্টা মামলাতেও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হলো।

আরও পড়ুন: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময়কে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার ঘোষণা

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) এবং আপিলের শুনানি হাইকোর্টে সম্পন্ন হয়েছে। শুনানির পর আদালত আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এ বিষয়ে রায় ঘোষণা করবেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আসামি সোহেলের স্ত্রী স্বপ্নার সামনে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে যে, স্বপ্নার মানসিক সম্মতিতেই এই নৃশংস ঘটনা ঘটেছে।

মামলার দুই আসামি হলেন সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (স্বপ্না আক্তার)। বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড পাওয়ার পর তাদের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে জমা দেওয়া হয় এবং আসামিরা জেলে আপিল করেন।

মামলার নথিপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু রামিসার বাবা পরিবারসহ পল্লবীর সেকশন-১১-এর বি-ব্লকের একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন এবং বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনও একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। রামিসা স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গম পাহাড়ে যোগাযোগের ভরসা বাঁশের সাকু, নির্মাণে হিল ভিডিপি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


দুর্গম পাহাড়ে যোগাযোগের ভরসা বাঁশের সাকু, নির্মাণে হিল ভিডিপি

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম পাকুইজ্জাছড়ি এলাকায় মাইনী নদী পারাপারের জন্য বাঁশের সাকু নির্মাণ করেছেন হিল ভিডিপির সদস্যরা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা কিছুটা লাঘব করতে নিজেদের শ্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করেন তাঁরা।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) লক্ষ্মীকুমার কার্বারি পাড়ায় নদীর ওপর সাকু নির্মাণের কাজ সম্পন্ন হয়। দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে বেতছড়ি ১, ২ ও ৩ নম্বর প্লাটুনের সদস্যরা এতে অংশ নেন। নির্মাণকাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।

এলাকাবাসী জানান, মাইনী নদীর ওপর পারাপারের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিন নানা প্রয়োজনে নদী পার হতে গিয়ে সমস্যায় পড়তে হতো তাঁদের। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গেলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। বাঁশের সাকু নির্মাণের ফলে এখন স্থানীয়দের চলাচলে কিছুটা স্বস্তি আসবে।

হিল ভিডিপির সদস্যরা জানান, মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমানো এবং সামাজিক দায়িত্ববোধ থেকে তাঁরা স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নিয়েছেন। এর আগেও তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার মধ্যে স্থানীয় মানুষের সহযোগিতায় নির্মিত এ সাকু পারাপারের একটি সাময়িক সমাধান হিসেবে কাজে আসবে। তবে দীর্ঘমেয়াদে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের প্রয়োজনীয়তাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, ২ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, ২ গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পাখি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজি কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।

পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ অমান্য করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে টিয়াপাখিগুলো দেশে নিয়ে আসেন গ্রেপ্তার ব্যক্তিরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮০টি টিয়াপাখি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাপাহাড় ওমেরা এলপিজি কারখানা এলাকায় অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় ১৫ জন নিহত, শিশুর সংখ্যা ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় ১৫ জন নিহত, শিশুর সংখ্যা ৪

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় ১৫ জন নিহত হয়েছেন, এর মধ্যে চারজন শিশু রয়েছে। সোমবার এএফপির কাছে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় শিশুরা ফুটবল খেলছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক আবু কালব গ্রামের ওই বাসিন্দা বলেন, ‘আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের দুজনের বাবা যুদ্ধের শুরুতেই মারা গিয়েছিলেন। নিহতদের মধ্যে আমার নিজের নয়জন আত্মীয়ও রয়েছেন।’

এ খবর খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

রোববারের ওই দ্বিতীয় দফার ড্রোন হামলায় আরও বেশ কয়েকজন আহত হন এবং অনেক বাড়িতে আগুন লেগে যায়।

স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কোরদোফান অবজারভেটরি এই তথ্য নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%