০৭:০২ পি.এম
নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন নিউজিল্যান্ডের একজন নাগরিক। খবরটি রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় সংঘর্ষে জড়ায় দুটি হেলিকপ্টার। নেপালের সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার জানিয়েছেন, দুর্ঘটনায় আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।
দুটি হেলিকপ্টার পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার এবং ডাইনেস্টি এয়ার। ফিশটেইল এয়ার তাদের এক বিবৃতিতে জানায়, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা কয়েকজন যাত্রীকে নিয়ে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।
আরও পড়ুন: ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান খুঁজে পাচ্ছে না জাতিসংঘ
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে, ডাইনেস্টি এয়ারের একজন কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না, সেটিতে শুধুমাত্র মালামাল পরিবহন করা হচ্ছিল।
বর্তমানে নেপালে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুম চলছে। এই সময়ে এভারেস্ট অঞ্চলে পর্যটক, পর্বতারোহী এবং ট্রেকারদের যাতায়াতে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন